গত এপ্রিলে অলিম্পিকের প্রস্তুতি নিতে লন্ডনে গিয়েছিলেন চার শ্যুটার। দুজনকে বাংলাদেশে পাঠিয়ে দিলেও ওয়াইল্ড কার্ড পাওয়া শ্যুটার শারমিন আক্তার রত্নার সঙ্গে রেখে দেওয়া হয়েছিল তৃপ্তি দত্তকে। বাংলাদেশ দল অলিম্পিক ভিলেজে উঠে যাওয়ায় পরশু দেশে ফিরে এসেছেন তৃপ্তি। তিন মাস লন্ডনে থাকার অভিজ্ঞতাটা মন্দ ছিল না ময়মনসিংহের এই মেয়ের অলিম্পিকের উত্তাপটা কেমন দেখে এলেন?তৃপ্তি দত্ত: অলিম্পিক আসলেই ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় গেমস। এর আগে আমি এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের আগে যেমন সাজানো-গোছানো শহরটা দেখেছি, লন্ডনে তেমন কিছু চোখে পড়েনি। বিসলে শ্যুটিং কমপ্লেক্স থেকে বিমানবন্দরে আসার রাস্তায় কিছু বিলবোর্ড দেখেছি, যেখানে লেখা ছিল ‘লন্ডন গেমস-২০১২’। আশপাশের লোকজন, পথচারীদের মধ্যে কেমন সাড়া দেখলেন?তৃপ্তি: সাধারণ লোকজনের মধ্যে আলাদা আনন্দ দেখেছি। সেটা ড্রাইভার থেকে সাধারণ মানুষ সবার মধ্যেই ছিল। ওরা খুবই উল্লসিত যে এই শহরে অলিম্পিক হবে। এ ছাড়া টিভি সংবাদে বারবার দেখানো হচ্ছে অলিম্পিকের খবর। অলিম্পিক দুয়ারে। অথচ আপনাকে চলে আসতে হলো লন্ডন থেকে, একটুও কি মন খারাপ হয়নি?তৃপ্তি: আমার তো ফিরে আসারই কথা ছিল। তবে থাকলে ভালো লাগত। আমি যদি আমার সেরা পারফরম্যান্স করতে পারতাম, তাহলে তো কোটা প্লেসই পেয়ে যেতাম। তখন থাকতেও পারতাম। আমি পারিনি, এটা আমার ব্যর্থতা। তবে একসঙ্গে অনেক দিন রত্না আপুর সঙ্গে ছিলাম বলে ছেড়ে আসার সময় মন খারাপ ছিল আমাদের দুজনেরই। আসার আগে বলে এসেছি, অসুস্থ হওয়া চলবে না, টেনশন করা যাবে না। ভালো রেজাল্ট করতে হবে। এত দিন কেমন অনুশীলন হয়েছে আপনার?তৃপ্তি: অনুশীলনের কোনো বিকল্প নেই। আমাদের পারফরম্যান্স ধরে রাখার জন্য অনুশীলন করেছি। আমি সব সময় চাই আমার আরও ভালো পারফরম্যান্স হোক এবং দিনকে দিন পারফরম্যান্সের উন্নতিই হয়েছে। সবেচেয়ে বেশি কাজ হয়েছে মনঃসংযোগে। আমার ও রত্না আপুর মনঃসংযোগে অনেক উন্নতি হয়েছে। কারণ, আমরা ফ্যামিলি থেকে একেবারে বিচ্ছিন্ন ছিলাম। শুধু রুম আর প্র্যাকটিস ছাড়া কিছু করারও ছিল না। তা ছাড়া আমাদের রুমে টিভিও ছিল না। তাই প্র্যাকটিস নিয়েই চিন্তাভাবনা করতাম বেশি। কীভাবে নিজের পারফরম্যান্সে উন্নতি করা যায় সেটাই ভাবতাম। বিদেশে গিয়ে অনুশীলনের প্রয়োজনীয়তা নিশ্চয়ই অনুভব করছেন?তৃপ্তি: উচ্চতর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই সেটা আমি আগেই বলেছি। তবে আমাদের একজন বিদেশি কোচের অধীনে অনুশীলন করলে ভালো হয়। লন্ডনে তো বিদেশি কোচ ছিল না।তৃপ্তি: আসলে বিদেশি কোচের কাছে প্র্যাকটিস করার জন্যই আমাদের পাঠানো হয়েছিল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এ ব্যাপারে অনেক চেষ্টাও করেছে। কিন্তু পাওয়া যায়নি। তাই শোয়েব ভাইয়ের কাছেই আমরা প্র্যাকটিস করেছি। ওনার কাছে তো সব সময় প্র্যাকটিস করি। উনি আমাদের টেকনিকগুলো অনেক বেশি ভালো বোঝেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু রাইফেল শ্যুটার, তাই আমাদের রাইফেলে বিভিন্ন রকম সমস্যা হতেই পারে। এই সমস্যাগুলো যদি একজন কোচ না বোঝে, তাহলে তো হবে না। তিনি সেটা ভালোই বুঝতেন। আপনার স্কোর কেমন হতো?তৃপ্তি: ৪০০-এর মধ্যে আজ ৩৯৭ মারলে কাল ৯২, পরশু ৯৩। এ রকমই হতো। তবে পারফরম্যান্স নিচে নামত না। গড়ে ভালোই করতাম। এমনও হয়েছে যে ৯৫-৯৬ স্কোর করে রাইফেলটা ধরে রাখতে পারছি। লন্ডন থেকে এলেন। নিশ্চয়ই অলিম্পিকে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন?তৃপ্তি: আমি ব্রাজিলের আগামী অলিম্পিকে খেলতে চাই।