একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে। কোম্পানীগঞ্জ ও কবিরহাট নিয়ে গঠিত এই আসনের সাংসদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। কিন্তু কবিরহাট উপজেলার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে এখন যাঁরা আছেন, তাঁরা একরামুল করিম চৌধুরীর পরিবারের সদস্য।সাংসদ একরামুল করিমের স্ত্রী কামরুন্নাহার শিউলী কবিরহাট উপজেলা চেয়ারম্যান। সাংসদের বড় ভাই মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বিএনপির যুগ্ম সম্পাদক।কবিরহাট পৌরসভা চেয়ারম্যান জহিরুল হক রায়হান সাংসদের ভাগিনা। পৌরসভা নির্বাচনের আগে তিনি যুবদল থেকে আওয়ামী লীগে যোগ দেন। আর নিজ ইউনিয়ন সুন্দলপুরের চেয়ারম্যান সাংসদ একরামুল চৌধুরীর চাচা ছায়েদুল হক। সাংসদের আরেক চাচাতো ভাই মজিবুর রহমান ওয়ার্ড সদস্য (মেম্বার)।স্থানীয় সরকারের এই তিনটি স্তরের প্রধান পদগুলোতে সাংসদের পরিবারের সদস্যরা থাকলে সমস্যা কী? এই প্রশ্ন রাখা হয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কাছে। জবাব এসেছে, পরিবারের লোকজনকে এসব পদে স্থান দিতে গিয়ে দলকে নেতৃত্বশূন্য করে ফেলেছেন তিনি। তাঁর অগাধ অর্থ আর প্রভাবের কাছে এখন দল, দলের ত্যাগী নেতা-কর্মী সবাই অসহায়।জ্যেষ্ঠ নেতাদের অভিযোগ, বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিম চৌধুরীর কর্তৃত্বে ও নেতৃত্বে অপেক্ষাকৃত কম বয়সী কিছু নেতা দল চালাচ্ছেন। একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য দুই নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন। আরেকজনকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছেন। আরও কয়েকজন নেতা আছেন বহিষ্কার আতঙ্কে।কেন এই নেতা খেদানো? তারও জবাব দিয়েছেন জেলার কয়েকজন নেতা। এই নেতারা থাকলে পরিবারের লোকদের স্থানীয় সরকারের বিভিন্ন পদে মনোনয়ন দিয়ে জিতিয়ে আনা যায় না। আর পরিবারের লোকজন না থাকলে ‘সাধের একক কর্তৃত্ব’ টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা থেকে যায়।উদাহরণও দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। সাংসদ একরাম চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিউলী দলের কোনো পদে ছিলেন না। এলাকায় দলের কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। ছিলেন না কোনো সামাজিক কর্মকাণ্ডেও। গৃহিণী থেকে তিনি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে গেছেন। উপজেলা আওয়ামী লীগের কোনো নেতা এই পদে মনোনয়ন পাননি।উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাংসদের ভাই বিএনপির নেতা ইলিয়াস চৌধুরীকে জেতানোর জন্য তিনি এই পদে আওয়ামী লীগের কম জনপ্রিয় নেতা আবদুল মমিনকে মনোনয়ন দেন। এ পদের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজউল্লাহ আগ্রহী থাকলেও তিনি মনোনয়ন পাননি। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকের মতে, মফিজউল্লাহ প্রার্থী হলে একরামুল করিমের ভাইয়ের হেরে যাওয়ার আশঙ্কা ছিল।এ বিষয়ে জানতে চাইলে মফিজউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কিছু বিষয় আছে, যা বলা যায় না, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর বলে লাভ কী?’পৌর নির্বাচনে কবিরহাট পৌরসভার আগের বারের মেয়র এবং জেলা আওয়ামী লীগের সদস্য আলাবক্স তাহেরকে মনোনয়ন দেওয়া হয়নি। স্থানীয় লোকজন জানান, একরামুল করিম তাহেরকে পছন্দ করেন না। তাই যুবদল থেকে আওয়ামী লীগে এনে ভাগিনা জহিরুল হককে মনোনয়ন দিয়েছেন।আলাবক্স তাহের প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে দলের সভানেত্রী শেখ হাসিনা সংসদীয় দলের সভায় বলেছিলেন, সাংসদদের পরিবারের সদস্যদের যেন মনোনয়ন দেওয়া না হয়। আর আগের মেয়াদে আওয়ামী লীগের নেতাদের মধ্যে যাঁরা পৌর মেয়র ছিলেন, তাঁদের যেন মনোনয়নবঞ্চিত না করা হয়। কিন্তু কবিরহাটে নেত্রীর নির্দেশ মানা হয়নি।স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, সুন্দলপুর ইউপি নির্বাচনে চাচা ছায়েদুল হককে জেতানোর জন্য চৌধুরী পরিবারের সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে প্রভাব খাটিয়েছে।এ বিষয়ে একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার পারিবারিক সদস্যদের নির্বাচনে জয়ী হওয়ার পেছনে প্রভাব খাটানোর প্রশ্নই আসে না। মূলত চৌধুরী পরিবারের ঐতিহ্যের কারণেই মানুষ তাঁদের ভোট দিয়েছেন।’উপজেলার চেয়ারম্যান কামরুন্নাহার থাকেন ঢাকা ও চট্টগ্রামে। মাসে সাত-আট দিনের বেশি এলাকায় থাকেন না। আড়াই বছরে ভাইস চেয়ারম্যানদের নিয়ে তিনি একটি সভাও করেননি। নারী ভাইস চেয়ারম্যান জয়নব সুলতানা জানান, চেয়ারম্যান এলাকায় সময় দেন না। ভাইস চেয়ারম্যানদেরও পাত্তা দেন না। তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলে পরিষদ চালাচ্ছেন। আড়াই বছর পার হয়ে গেলেও এখনো পরিষদের ১৪টি স্থায়ী কমিটি পুরোপুরি গঠন করা হয়নি। চেয়ারম্যানের অনুপস্থিতিতে মাসিক উন্নয়ন সমন্বয় সভাগুলোতে ভাইস চেয়ারম্যানের সভাপতিত্ব করার বিধান থাকলেও সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।তবে অপর ভাইস চেয়ারম্যান ও একরামুল করিমের বড় ভাই ইলিয়াস চৌধুরী জানান, চেয়ারম্যান কামরুন্নাহার নিয়মিত অফিস করেন। এটা ঠিক, তিনি নির্বাহী কর্মকর্তাকে নিয়ে পরিষদ চালান।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান কামরুন্নাহার বলেন, চট্টগ্রামে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতে হয় বলে পরিষদে নিয়মিত সময় দেওয়া হয় না।রুগ্ণ হচ্ছে জেলা আওয়ামী লীগ: স্থানীয় নেতারা জানান, বর্তমানে আওয়ামী লীগের জেলা কমিটিতে যাঁরা আছেন, তাঁদের অধিকাংশই রাজনীতিতে এসেছেন নব্বইয়ের দশকের পর। জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্ব থেকে দূরে রাখার কৌশল নিয়েছেন সাংসদ। গত বছরের ২ মে মোহাম্মদ হানিফকে জেলা কমিটির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। হানিফ সাবেক কেন্দ্রীয় নেতা।চলতি বছরের ১ ফেব্রুয়ারি জেলার সহসভাপতি মোহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। যদিও এই সুপারিশ কেন্দ্র এখনো অনুমোদন করেনি।একরামুল করিমের দাবি, ‘মোহাম্মদ হানিফের বিরুদ্ধে চাঁদাবাজি এবং মোহাম্মদ আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি আমার একক কোনো সিদ্ধান্ত ছিল না।’এ বিষয়ে মোহাম্মদ হানিফ বলেন, ‘আমি কেন, যার-তার বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ একরামুলের আছে। কারণ তাঁর কাছে টাকা আছে। আগে নেতারা নিজেদের টাকা খরচ করে কাউন্সিলে যোগ দিতেন। এখন কাউন্সিলরদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাস পাঠাতে হয়। আর টাকা দিয়ে এসব নেতার ভোট যে ব্যক্তি কিনতে পারেন, তিনিই বড় নেতা হয়ে যান।’ স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, হাতিয়া পৌর নির্বাচনের প্রার্থী মনোনয়ন নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। ওই নির্বাচনে একরামুল করিমের মনোনীত প্রার্থী ছাইফউদ্দিন আহমেদ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম ইউসুফ আলীর কাছে পরাজিত হন। ইউসুফ আলীকে সমর্থন দিয়েছিলেন মোহাম্মদ আলী। নোয়াখালী পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মহিউদ্দিনের (আবদুল মালেক উকিলের ছেলে) পরাজয়ের জন্যও একরামুল করিম দায়ী বলে স্থানীয় নেতারা মনে করেন। তাঁরা জানান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিনকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য একরামুল করিম পরোক্ষভাবে বিএনপির প্রার্থী হারুনুর রশীদকে সমর্থন দিয়েছেন।একরামুল করিম প্রথম আলোর কাছে এই অভিযোগ অস্বীকার করেছেন।দলের অবস্থা সম্পর্কে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, একরামুল করিমের কাছে দলের জ্যেষ্ঠ নেতাদের মতামতের কোনো মূল্য নেই। তিনি যাকে খুশি তাকে বহিষ্কার করছেন, যাকে খুশি তাকে নেতা বানাচ্ছেন। তাঁর কর্মকাণ্ডের কারণে জ্যেষ্ঠ নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। শূন্যতা দেখা দিয়েছে দলের জেলার নেতৃত্বে।মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ উল্লাহর অভিযোগ সম্পর্কে একরামুল করিম বলেন, ‘আমি যা কিছু করেছি, তা দলের স্বার্থেই করেছি। সক্রিয়ভাবে কাজ করি বলেই নিষ্ক্রিয় নেতারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। সে জন্য সিদ্ধান্ত নিয়েছি, আগামী জেলা সম্মেলনের পর দায়িত্ব থেকে অব্যাহতি নেব।’আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, নেতাদের মধ্যে বিরোধ থাকায় একাধিকবার চেষ্টা করেও ২০০৪-এর পর আওয়ামী লীগের জেলা সম্মেলন করা সম্ভব হয়নি। জেলায় যুবলীগের কোনো কমিটি নেই ১১ বছর ধরে।নোয়াখালী জেলা নেতাদের কর্মকাণ্ড নিয়ে কেন্দ্রের আওয়ামী লীগও অসন্তুষ্ট। নেতাদের দ্বন্দ্ব এবং নেতৃত্বের শূন্যতা দূর করার জন্য কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, ফরিদুন্নাহার লাইলী ও শিরিন শারমীন চৌধুরীকে দায়িত্ব দিয়েছে দল। এই তিন নেতার দেশের বাড়িও নোয়াখালী জেলায়। কিন্তু তাঁরা এখন পর্যন্ত জেলার সভাপতির দায়িত্ব দেওয়ার মতো কোনো ব্যক্তিকে খুঁজে পাননি।তবে এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের ও ফরিদুন্নাহার কোনো মন্তব্য করেননি।