‘পারিবারিক’ সেতু এখন গ্রামবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজনগর উপজেলার হাটখালী ইউনিয়নের শুলাকুড়া গ্রামে লোহার ফটক লাগানো ‘পারিবারিক সেতু’টি খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে গতকাল শনিবার বিকেলে সেতুর ফটকটি ভেঙে ফেলা হয়।এলজিইডি সুজানগর কার্যালয় সূত্রে জানা যায়, ‘সরকারি সেতু হয়ে গেল পারিবারিক’ শিরোনামে গতকাল প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের সুজানগর উপজেলা কার্যালয়কে সেতুর ফটকটি ভেঙে ফেলার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে ওই গ্রামে যায়। পরে দলটির নির্দেশে ওই পরিবারের সদস্যরা ফটকটি ভেঙে সেতু দিয়ে এলাকাবাসীর চলাচল নিশ্চিত করে।শুলাকুড়া গ্রামের এনামুল হক বলেন, ‘কোনো অনিয়মই স্থায়ী হয় না। সেতুটি নিয়ে গ্রামবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছিল। শেষ পর্যন্ত আর কিছু না হোক, এটি ফটকমুক্ত হওয়াতে আমরা খুশি।’ এ প্রসঙ্গে এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘খবরটি প্রকাশের পরই আমরা বিষয়টির ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নিয়েছি। গতকাল বিকেলে সেতুর ফটকটি ভেঙে ফেলা হয়েছে। আজ সকালে ওই গ্রামে গিয়ে এলাকাবাসীকে স্বাচ্ছন্দ্যে সেতু দিয়ে চলাচল করতে দেখা যায়।’সুজানগর উপজেলার শুলাকুড়া গ্রামের মানুষদের জন্য এলজিইডি একটি সেতু তৈরি করে। কিন্তু সেতুটি দিয়ে চলাচল করে একটি মাত্র পরিবারের লোকজন। এলজিইডি প্রধান কার্যালয়ের উচ্চমান সহকারী (ইউডি) মো. নজরুল ইসলামের বাড়ির সামনের সেতুটিতে লোহার ফটক নির্মাণ করা হয়। তবে ফটক রাখা হতো তালাবদ্ধ করে। নজরুল ইসলামের পরিবারের সদস্যরা নিজেদের প্রয়োজনে সেই তালা খুলে সেতুটি ব্যবহার করতেন।