‘পালকি’ ও ‘অরুণ আলো’ ঘিরে বিমানে ব্যাপক তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়িং কোম্পানি থেকে কেনা ১০টি নতুন প্রজন্মের উড়োজাহাজের মধ্যে দুটি শিগগির বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে। এ নিয়ে বিমানে চলছে নানা তোড়জোড়।আর নতুন উড়োজাহাজ আসার এক মাস আগে ফ্লাইট পরিচালনা বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে। আকস্মিক এই রদবদল সম্পর্কে পরিষ্কার করে কিছু বলছে না কর্তৃপক্ষ।এদিকে নতুন প্রজন্মের বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান নতুন যুগে প্রবেশ করছে বলে দাবি করছে বিমান কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, পুরোনো উড়োজাহাজ নিয়ে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে দীর্ঘদিন ধরে হিমশিম খাচ্ছিল বিমান। এখন নতুন এসব উড়োজাহাজ দিয়ে ইউরোপের বিভিন্ন গন্তব্যে বিরতিহীন ফ্লাইট চালুর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া গন্তব্যগুলো আবার চালু করা হবে।সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নতুন প্রজন্মের উড়োজাহাজ দিয়ে বিমান উচ্চাভিলাষী পরিকল্পনার কথা প্রচার করছে। কিন্তু এ নিয়ে যে ধরনের বিপণন কার্যক্রম, বাজার গবেষণা, বহর পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি দরকার, তা বিমানের নেই। এমনকি এ ধরনের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ব্যাপারেও জুতসই উদ্যোগের অভাব রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর (অব.) জাকীউল ইসলাম দাবি করেন, এ জন্য পাইলট ও প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।বিমান সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের এপ্রিলে বোয়িং কোম্পানি থেকে প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকায় নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করে বিমান। বাংলাদেশ বিমানের ইতিহাসে এত বড় কেনাকাটা এর আগে হয়নি।নতুন কেনা এসব উড়োজাহাজের প্রথমটি সরবরাহ হবে আগামী মাসে, আরেকটি নভেম্বরে। বাকি উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে আগামী কয়েক বছরে বহরে যুক্ত হবে।শিগগির বহরে যুক্ত হওয়া উড়োজাহাজ দুটির একটির নাম দেওয়া হয়েছে ‘পালকি’। অন্যটির নাম ‘অরুণ আলো’। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, পালকি ঢাকায় এসে পৌঁছাবে ২২ অক্টোবর। আর অরুণ আলো পৌঁছাবে নভেম্বরে। এ নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে।জাকীউল ইসলাম বলেন, এর মধ্য দিয়ে বিমান নতুন যুগে প্রবেশ করছে। এগুলো দিয়ে লন্ডন, ম্যানচেস্টার, রোম, মিলান, ব্রাসেলসসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে বিরতিহীন ফ্লাইট পরিচালনা করা হবে।রদবদল: গতকাল আকস্মিকভাবে বিমানের ফ্লাইট পরিচালন শাখায় ব্যাপক রদবদল করা হয়েছে। এই শাখার পরিচালক ছিলেন শেখ মো. নাসের। তাঁর পরিবর্তে নতুন পরিচালক করা হয়েছে ক্যাপ্টেন শফিকুর রহমানকে। শেখ নাসের বর্তমানে বোয়িংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন সিঙ্গাপুরে।এ ছাড়া ‘চিফ অব টেকনিক্যাল’ পদে ক্যাপ্টেন অরবিন্দ সাহা, চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান, চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং পদে ক্যাপ্টেন ফরহাত হাসান জামিল এবং ডেপুটি চিফ অব সেফটি ফার্স্ট অফিসার তারিক আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।সূত্র জানায়, বিমানের চেয়ারম্যানের একক ইচ্ছায় এসব রদবদল হয়েছে। রোববার তিনি এই রদবদলের নির্দেশ দিয়ে বিদেশে চলে যান। গতকাল তা কার্যকর হয়।অবশ্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলাম দাবি করেন, নিয়মিত কাজের অংশ হিসেবে এটা করা হয়েছে। যাতে পর্যায়ক্রমে সবাই ব্যবস্থাপনা পদে আসার সুযোগ পায়, সেটাও একটা লক্ষ্য।এদিকে বিমানের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত জ্যেষ্ঠ পাইলট আক্তারুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে। বিমান সূত্র জানায়, তাঁকে বোয়িংয়ের প্রশিক্ষণে পাঠানো হয়েছিল। কিন্তু এতে তিনি অকৃতকার্য হন। তাই চাকরিচ্যুত করা হয়।অবসরে যাওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পাইলটদের বোয়িংয়ের নতুন প্রজন্মের উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণে পাঠানো নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পাইলট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের দাবি, চুক্তিভিত্তিক এসব পাইলটকে প্রশিক্ষণ দিলে বিমানের ক্ষতি। কারণ, প্রশিক্ষণ শেষে তাঁদের চাকরির মেয়াদ থাকবে মাত্র কয়েক বছর। অল্প কিছুদিনের জন্য এত ব্যয়বহুল প্রশিক্ষণ দেওয়াটা বিমানের জন্য লাভজনক হবে না। এ নিয়ে গত বছর পাইলটরা ধর্মঘটও করেন। হাইকোর্টে রিট আবেদন হলে আদালত চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দেন। পরে বিমানের পক্ষ থেকে উচ্চ আদালতে গিয়ে এই নিষেধাজ্ঞা স্থগিত করা হয় এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণে পাঠানো অব্যাহত রাখে।