‘পাশে থাকুন’
‘দেশের মানুষের কাছে আমার আবেদন, দলের পরাজয়ে বা বাজে পারফরম্যান্সে যেন বাংলাদেশের মানুষের মতো প্রতিক্রিয়া না দেখানো হয়। আমাদের দল ভালো, কিন্তু খেলাধুলায় আরেকটা দলও তো জিততেই মাঠে নামে! আমাদের ধৈর্য ধরতে শিখতে হবে, সব সময় দলের পাশে থাকতে হবে। বুঝতে হবে, শেষ পর্যন্ত এটা খেলাই। ক্রিকেটে খারাপ দিন আসবেই, একটা-দুটো দিন হবে খুব খারাপ। এই খেলোয়াড়েরাই কিন্তু আরেক দিন দেশকে এনে দেবে উৎসবের উপলক্ষ’—ওয়াসিম আকরাম।বাংলাদেশকে সত্যিকার অর্থেই হূদয়ে ধারণ করেন যাঁরা, তাঁদের বুক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আকরামের প্রথম বাক্যটাই। হায় রে, যে দেশের জনগণকে মনে করা হয় ক্রিকেট-বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু, সেই দেশের একজন দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের মতো না করতে! খেলা ছাড়ার আট বছর পরও আকরাম সেই সময়ের মতোই জনপ্রিয়, তিনি কিছু বলা মানেই খবর। গেইলের টুইটার বার্তার মতো আকরামের এই বক্তব্যও ছড়িয়ে পড়তে সময় নেয়নি। বাংলাদেশের দর্শক নিয়ে গর্বটা ধুলোয় মিশে গেছে, স্তিমিত হতে থাকা কষ্টগুলো যেন আবার মাথাচাড়া দিয়ে উঠল!আকরাম কিন্তু বাংলাদেশকে খোঁচা দেওয়ার জন্য এমনটা বলেননি। বলেছেন শঙ্কা থেকে। বলেছেন অভিজ্ঞতা থেকে। নিউজিল্যান্ডের কাছে ১১০ রানে হারের পর পাকিস্তানে যথারীতি বিক্ষোভ মিছিল হয়েছে। রস টেলরের দুটো সহজ ক্যাচ ধরতে না পারায় কামরান আকমলের বাড়িতে হামলা হওয়ার গুজবও শোনা গেল। বিপদ টের পেয়েছেন বলেই আকরাম ঠিকই দাঁড়িয়ে গেলেন দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের পাশে। বাংলাদেশের উদাহরণ দেওয়ার পর সঙ্গে যে বাড়তি কথাগুলো যোগ করলেন, সেটা হয়তো খুব ভেবেচিন্তেই বলা। ক্যারিয়ারে সমর্থকদের অসহিষ্ণু আচরণ, ভাঙচুর তো আর কম দেখেননি আকরাম!এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই ১৯৯৬ বিশ্বকাপের পর যা ঘটেছিল। কাঁধের চোটের কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারলেন না সেই সময়ের অধিনায়ক। পাকিস্তান হারার পর হামলা হলো আকরামের বাড়িতে। আতঙ্কিত পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালালেন। আকরামসহ পুরো দলকে দেশে ফিরতে হলো লুকিয়ে। ওই বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের মুখে ইডেনের গ্যালারিতে দর্শক-হাঙ্গামা তো ক্রিকেট ইতিহাসেরই কালো দাগ।সবকিছুতে যদি ছাড়িয়ে না যাওয়া যায়, তাহলে আর চিরপ্রতিদ্বন্দ্বী কিসের! ২০০৩ সালে ভারতের ‘ক্রিকেটপ্রেমী’রা ছাড়িয়ে গেল ১৯৯৬-এর পাকিস্তানকে। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল হওয়ার পরও ফাইনালে হারের কারণে হামলা হলো মোহাম্মদ কাইফের বাড়িতে। এটিতে অনেকে অবশ্য সাম্প্রদায়িকতার রং চড়িয়েছে। কিন্তু রাহুল দ্রাবিড়? যাঁকে বলে নিপাট ভদ্রলোক, বিতর্কে জড়ানোর ইতিহাস নেই বললেই চলে। ফাইনালে হারার পর হামলা হয়েছিল তাঁর বাড়িতেও! পরশু ভারত-হল্যান্ড ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় সেসব কথা মনে পড়ে গেল সেই দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর, ‘পুরো টুর্নামেন্টে দুটো ম্যাচ হেরেছিলাম আমরা, দুটোই দুর্দান্ত এক অস্ট্রেলিয়ার কাছে। লোকে এটাও মেনে নিতে পারেনি।’আর মহেন্দ্র সিং ধোনি? ২০০৭ বিশ্বকাপে ছিলেন সম্ভাব্য তারকাদের একজন। ভারতের গ্রুপ পর্ব থেকে বিদায়, ধোনি তিন ম্যাচের দুটিতে শূন্য। হামলা হলো তাঁর রাঁচির বাড়িতে। সেই ধোনি এখন অধিনায়ক। এই সেদিনও প্রসঙ্গক্রমে বলছিলেন, ‘লোকে শুধু জয় চায়, চেষ্টাটা দেখে না। অথচ সেটাই আসল, জয়-পরাজয় একেক দিন একেক দলের আসবে। এখন জিতছি, খারাপ সময়ও আসবে। তখন প্লিজ ধৈর্য ধরুন, আর পাশে থাকুন।’আজ ইংল্যান্ডের বিপক্ষে কী হবে, কে জানে। অভাবনীয় কোনো জয়ের স্বপ্ন যেমন আছে, আছে আরেকটি মহা বিপর্যয়ের শঙ্কাও। কিন্তু যেটাই আসুক, তাতে কি খুব বেশি কিছু আসে-যায়! দর্শক হিসেবে চ্যাম্পিয়ন এখন হয়তো আর সম্ভব নয়। তবে নিজেদের দলকে এই বিশ্বাসটা তো অন্তত আমরা দিতে পারি, ‘পাশেই আছি!’