‘থাকার ঘরে চাবিটা রেখে বাইরে বের হলাম। সঙ্গে সৈনিক শাহ আলম। হঠাৎ বিশাল শব্দ কানে এল। ওপরের দিকে তাকিয়ে দেখি, প্রায় ১০০ ফুট উঁচু থেকে একটি বড় গাছসহ পাহাড়ের বিশাল খণ্ড হেলে পড়ছে। টেরও পেলাম না ভাই, সেকেন্ডের মধ্যে পাহাড় ধসে বিশাল খণ্ডটি এসে পড়ল মাথার ওপর।’গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসাধীন ট্রাকচালক মহিউদ্দিন (২৩) এভাবেই পাহাড়ধসের বর্ণনা দেন। মাটিচাপা পড়ে তাঁর বাঁ পা ভেঙে গেছে। ফুলে উঠেছে বুক। শরীরজুড়ে ব্যথা। ভালো করে কথাও বলতে পারছেন না।মহিউদ্দিন জানান, মঙ্গলবার সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এ সময় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর থেকে হিমছড়ি ঝরনা পর্যন্ত তিন কিলোমিটার সড়কের পূর্ব পাশে উঁচু পাহাড়ের ১০-১২টি অংশ ধসে পড়ে। হিমছড়ির পাহাড় ধসে সেনাবাহিনীর ব্যারাকের (১৭ ইসিবি) নালা-নর্দমা ভরাট হয়ে যায়। সকাল আটটা থেকে কয়েকজন সেনাসদস্যের সঙ্গে তিনিও এসব পরিষ্কার করছিলেন। পৌনে নয়টার দিকে গ্যারেজ থেকে কয়েকটি গাড়ি নিরাপদ স্থানে সরানো হয়। এরপর মহিউদ্দিন থাকার ঘরে গাড়ির চাবি রাখতে যান। মিনিট তিনেক পর সেনাসদস্য শাহ আলমকে নিয়ে তিনি বাইরের মাঠে দাঁড়ান। এ সময় পাহাড় থেকে গাছসহ মাটির খণ্ড তাঁদের ওপর এসে পড়ে।মাটিচাপায় আহত সেনাসদস্যদের মধ্যে শাহ আলম ও মহিউদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল শাহ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।চিকিৎসক ওসমান রশিদ জানান, মাটিচাপায় মহিউদ্দিনের বুক ও পা ফুলে গেছে। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে কি না পরীক্ষা করা হচ্ছে।গত মঙ্গলবার সকালে পাহাড়ধসের ঘটনায় হিমছড়ি সেনাক্যাম্পের (১৭ ইসিবি) ছয় সেনার মৃত্যু হয়। গতকাল নিখোঁজ সেনাসদস্য মো. আসলামের লাশ উদ্ধার করা হয়। জানাজার পর লাশ তাঁর বাড়ি নাটোরের উদ্দেশে পাঠানো হয়েছে। উখিয়ায় উদ্ধার করা হয়েছে আরও তিনটি লাশ। এ নিয়ে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৪তে পৌঁছাল।হাসপাতালের আবাসিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গতকাল সকালে নিহত ছয় সেনার লাশের ময়নাতদন্ত কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।নিহত সেনাসদস্য আবদুল মালেকের লাশ গতকাল তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটিতে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সেখানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হয়।শহরের মোহাজেরপাড়ায় পাহাড়ধসের ঘটনায় গুরুতর আহত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্থানীয় বাসিন্দা সৈয়দ আহমদ (৫০) ও ছেলে আবু তাহের (১২)। মাটিচাপায় তাঁদের হাত-পা ভেঙে যায়। গতকাল সকালে চিকিৎসা শেষে তাঁদের বাড়ি পাঠানো হয়।হাসপাতাল ত্যাগের আগে সৈয়দ আহমদ প্রথম আলোকে জানান, চার বছর আগে তিনি কুতুবদিয়া থেকে এসে পাহাড়ের নিচে বসতবাড়ি তৈরি করে বাস করছিলেন। মঙ্গলবার সকাল সাতটায় পাহাড় ধসে বাড়িঘর চাপা পড়লে তাঁরা আহত হন। তিনি পাহাড়ে আর থাকবেন না বলে জানান।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, পাহাড়ধসের ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। হতাহতদের সাহায্যার্থে নগদ ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত বসতবাড়ির তালিকা তৈরি করা হচ্ছে।গতকাল সরকারি এক তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, পাহাড়ধসে কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ত্রাণ-সহায়তা হিসেবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আরও ২০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কক্সবাজারে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাথা গোঁজার জন্য ৭০০টি প্লাস্টিক তাঁবু দিয়েছে। একটি তাঁবুতে ছয়-সাতজন করে থাকা যাবে।উখিয়ায় আরও তিন লাশ উদ্ধার: মঙ্গলবার সন্ধ্যায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাঠুয়ারটেক গ্রাম থেকে আবদুল জলিল (৪৮), হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়ার স্কুলছাত্র মো. আরমান (১৬) ও মোস্তফা কামালের (১২) লাশ উদ্ধার করা হয়। পৃথক পাহাড়ধসের ঘটনায় তাঁদের মৃত্যু হয়। গতকাল তাঁদের লাশ দাফন করা হয়।নিহত সেনাসদস্য মো. ইসমাইল হোসেনের (২১) লাশ গতকাল তাঁর গ্রামের বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।[প্রতিবেদনটি তৈরিতে সহয়তা করেন কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক এবং টেকনাফ, উখিয়া ও চুয়াডাঙ্গা প্রতিনিধি]