‘পাহাড়ি সেলিমের’ বিরুদ্ধে অভিযোগের পাহাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর হাতে লাঞ্ছিত হয়েছেন। মার খেয়েছেন ইউনিয়ন পরিষদের সচিবসহ আরও তিনজন সরকারি কর্মকর্তা। নিজ দপ্তরে বেত রাখেন। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। নাম ফোরকান উদ্দিন সেলিম মৃধা। স্থানীয়দের কাছে তিনি ‘পাহাড়ি সেলিম’ নামে পরিচিত। সেলিম মৃধা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কও।চেয়ারম্যান সেলিমের ভাই মজনু মিয়া। তিনি উপজেলা পরিষদের একটি বাসা দখল করে থাকেন। মজনু অস্ত্রসহ র‌্যাবের হাতে ধরাও পড়েছেন।গত জুলাই মাসে ধোবাউড়ায় গেলে উপজেলা চেয়ারম্যান ও তাঁর এই ভাইয়ের বিরুদ্ধে মারধর ছাড়াও ঠিকাদারি নিয়ন্ত্রণ, অবৈধভাবে চীনামাটির পাহাড় কাটা, সাধারণ মানুষকে নির্যাতনের বেশ কিছু অভিযোগ পাওয়া যায়।সরকারি কর্মকর্তাদের মারধর: সেলিম মৃধা উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পরপরই তাঁর সঙ্গে পরিচিত হতে না আসায় তৎকালীন ইউএনও আবদুল আউয়ালকে গালমন্দ করেন (২০০৯ সালের ৮ এপ্রিল)। জানতে চাইলে আবদুল আউয়াল বলেন, এগুলো অতীত হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে টুকটাক সমস্যা হয়েছিল।গত জানুয়ারি মাসে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা চলাকালে আরেক সাবেক ইউএনও সফিউল আলমকে গালাগাল করেন এবং তেড়ে যান উপজেলা চেয়ারম্যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জমি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানের সঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরোধ ছিল। ওই জমি পরিদর্শন শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যানসহ সবাইকে নিয়ে আলোচনায় বসেন ইউএনও। সেখানেই সেলিম মৃধা ইউএনওকে গালিগালাজ করেন।সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি ধোবাউড়ায় যোগ দিয়েই জানতে পারি, সেলিম মৃধা টেবিলে বেত রাখেন। আগের ইউএনওর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সরকারি কর্মকর্তাদের তিনি ভয় দেখান। আমার সঙ্গেও একাধিকবার অসৌজন্যমূলক আচরণ করেন। মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সভায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর অডিও রেকর্ড আমার কাছে আছে।’ওই দিনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ধোবাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল মান্নান দাবি করেন, ‘উপজেলা চেয়ারম্যান প্রথম প্রথম কারণে-অকারণে বকাবকি করতেন। এখন তিনি বদলে গেছেন।’ময়মনসিংহের জেলা প্রশাসক ধোবাউড়ায় ত্রাণ-সহযোগিতা দিতে গিয়ে চেয়ারম্যানের ওই আলোচিত বেতটি নিয়ে আসেন। তথ্য সংগ্রহের সময় জানতে চাইলে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া উপজেলা চেয়ারম্যানের বেত রাখার বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘এগুলো পুরোনো ঘটনা।’ গত আগস্টে প্রথম আলোর সঙ্গে কথা হয় সেলিম মৃধার। দপ্তরে বেত রাখা প্রসঙ্গে তখন তিনি বলেছিলেন, ‘বেত ছাড়া চেয়ারম্যানি চালামো ক্যামনে। বেতের দরকার আছে।’গত বছর শেষ দিকের আরেকটি ঘটনা। ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির এক হাজার কার্ড নিজের লোকজনের নামে বরাদ্দ দেওয়ার জন্য তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুর রাজ্জাককে চাপ দেন সেলিম মৃধা। পিআইও তাঁর দাবি অনুযায়ী কার্ড না দেওয়ায় সেলিম মৃধা বাসভবনে ডেকে নিয়ে তাঁকে মারধর করেন। ওই ঘটনায় পিআইও থানায় অভিযোগ দেন। ২০০৯ সালে সদর ইউনিয়নের সচিব, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষককে মারধর করেন সেলিম মৃধা।এসব ঘটনা উল্লেখ করে বক্তব্য জানতে চাইলে সেলিম মৃধা প্রথম আলোকে বলেছিলেন, ‘সরকারি কর্মকর্তারা আমাকে বাপ-ভাইয়ের চেয়ে বেশি মনে করে। তাদের সঙ্গে খারাপ ব্যবহার ও মারামারির খবর মিথ্যা। আমি একটু কড়াকড়ি করি সব সময়।’ সাধারণ মানুষও সেলিম মৃধার নির্যাতন থেকে রেহাই পায়নি। ধান ব্যবসায়ী এনামুল হককে ধোবাউড়া বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারধর করেন সেলিম মৃধা। এনামুলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি উপজেলা পরিষদ নির্বাচনে সেলিম মৃধার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন।এনামুল হক বলেন, ভয়ে সেলিম মৃধার বিরুদ্ধে মামলা করেননি তিনি।এলাকায় গিয়ে সালিসের নামে একাধিক সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এ বিষয়ে সেলিম মৃধা বলেছিলেন, ‘সামাজিক বিচার করি। কিছু শাসন তো করতেই হয়। এটা নির্যাতন নয়।’ রাতারাতি অবস্থার পরিবর্তন: উপজেলা পরিষদ নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় সেলিম মৃধা তাঁর বার্ষিক আয় দেড় লাখ টাকা বলে উল্লেখ করেছিলেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, নগদ ৬০ হাজার টাকা ও ছয় একর কৃষিজমি তাঁর রয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল ও একটি টেলিভিশন, ঘরের আসবাবসহ স্ত্রীর পাঁচ ভরি সোনা রয়েছে। সরেজমিনে জানা গেছে, সেলিম মৃধা উপজেলা চেয়ারম্যান হওয়ার পর ময়মনসিংহ শহরের বাঘমারায় বাড়ি কিনেছেন। ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে ১০ শতাংশ, দক্ষিণে ৩৫ শতাংশ জায়গা কিনেছেন তিনি। এর একটিতে ভবন তৈরি ও অপরটিতে মাটি ভরাটের কাজ চলছে। ধোবাউড়া ডিগ্রি কলেজের সামনে ১০ শতাংশ, উপজেলা পরিষদ এলাকায় দুই শতাংশ এবং ধোবাউড়া বাজারে ১০ শতাংশ জমি কেনেন তিনি।এসব সম্পদের বিষয়ে উপজেলা চেয়ারম্যান বলেছেন, ‘আমি ও আমার ভাই ঠিকাদারি করি। স্ত্রী আমদানি-রপ্তানি ব্যবসা করেন। বাবার জমি আছে ৪২ একর। জমিজমা কিনব না, কী করব।’সেলিম মৃধা সম্পর্কে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুজ্জামান গত রাতে প্রথম আলোকে বলেন, হত্যা, চাঁদাবাজি, দুর্নীতি, মারধরসহ বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। ১১টি মামলায় তিনি জামিন নেন। গতকাল দুদকের একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। ভাই মজনু: উপজেলা চেয়ারম্যান সেলিম মৃধার ছোট ভাই যুবলীগের নেতা মজনু মিয়া সরকারি কোনো দায়িত্বে না থেকেও উপজেলা চেয়ারম্যানের বাসার পাশে সরকারি একটি ভবনে থাকেন। উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়িটিও ব্যবহার করতে দেখা গেছে মজনুকে। ২০১০ সালের ২৩ এপ্রিল রাতে র‌্যাবের একটি দল ময়মনসিংহ শহর ও ধোবাউড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মজনু ও তাঁর ছয় সহযোগীকে আটক করে। পরে মজনু মিয়া জামিনে বেরিয়ে আসেন। মজনু মিয়া তাঁদের গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বেদিকুড়া গ্রামে পাহাড় কেটে সাদামাটি বিক্রির ব্যবসা নিয়ন্ত্রণ করেন। সরেজমিনে বেদিকুড়া গ্রামে বিশাল সাদামাটির স্তূপ দেখা গেছে। সেখানে এগ্রো সিরামিকস নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ডও দেখা গেছে। এ প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি মজনুর চাচা আবদুল মালেক বলেন, ‘সাদামাটি উত্তোলনের ব্যবসাটি মজনু মিয়া দেখাশোনা করেন।’ পেশা সম্পর্কে জানতে চাইলে মজনু মিয়া প্রথম আলোকে বলেছেন, ‘আমি ঠিকাদারি করি।’ কোন বিভাগের কাজ করেন জানতে চাইলে বলেন, ‘সব বিভাগেই।’ সাদামাটির ব্যবসা সম্পর্কে তিনি বলেন, ‘এটা আপনারা জানলেন কীভাবে?’ তারপর বলেন, ‘আমি এগ্রো সিরামিকসের উপদেষ্টা।’মজনুর সরকারি বাসায় থাকার বিষয়ে জানতে চাইলে সেলিম মৃধা বলেছিলেন, ‘অনেকেই ভাড়া দিয়ে সরকারি বাসায় থাকে। আমার ভাইও ভাড়া থাকে।’ মজনুর বিরুদ্ধে অস্ত্র মামলার বিষয়ে সেলিম মৃধা বলেছেন, ‘ওই মামলা মিথ্যা। সে নির্দোষ প্রমাণিত হবে।’