‘পুঁজিবাজারে অনিয়ম হয়েছে আইনি কাঠামোয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, ১৯৯৬ সালে পুঁজিবাজারে যে ঘটনা ঘটেছিল, তা বেআইনিভাবে করা হয়েছিল। তবে বর্তমান সরকারের আমলে যেসব অনিয়ম ঘটেছে, তা আইনি কাঠামোর মধ্যে হয়েছে। আর এ কারণে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।আজ বুধবার বিএসইসির কাছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি আওয়ামী লীগের শাসনামলে পুঁজিবাজার ধসের কারণ জানতে চায়। তখন বিএসইসি এভাবেই এর ব্যাখ্যা দেয়। এ-সংক্রান্ত বৈঠকটি আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, বৈঠকে সাম্প্রতিক সময়ের পুঁজিবাজারে ধস এবং ১৯৯৬ সালের পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয়েছে। কমিটি বিএসইসির কাছে জানতে চেয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই কেন পুঁজিবাজারে ধস নামে?এর পরিপ্রেক্ষিতে বিএসইসি জানিয়েছে, ১৯৯৬ সালে পুঁজিবাজারে সংঘটিত ধসটি বেআইনিভাবে করা হয়েছিল। আর এবারের অনিয়ম আইনি কাঠামোর মধ্যে হওয়ায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বৈঠক সূত্র জানায়, কমিটির সদস্যরা পুঁজিবাজার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা পুঁজিবাজারের ওপর বিএসইসির নজরদারি বাড়ানোর পরামর্শ দেন এবং যেসব নতুন কোম্পানি পুঁজিবাজারে আসতে চায়, তাদের আসার সুযোগ দেওয়ার সুপারিশ করেন। একই সঙ্গে কমিটি বিএসইসিকে ১৯৯৬ সালের পুঁজিবাজার কেলেঙ্কারি-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলে।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, খান টিপু সুলতান, এস কে আবু বাকের, আমিনা আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমসহ বিএসইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।