‘পুত্রবধূরা কাজের বুয়া নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট আজ বুধবার এক রায়ে বলেছেন, পুত্রবধূকে অবশ্যই পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে এবং তাঁকে কাজের বুয়া হিসেবে বিবেচনা করা চলবে না। এনডিটিভি জানায়, ভারতজুড়ে প্রায়ই পুত্রবধূর ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আদালত আরও বলেছেন, ‘কখনোই তাঁকে বাসা থেকে বের করে দেওয়া চলবে না।’ভারতের সর্বোচ্চ আদালত নির্দেশ জারি করেছেন, শ্বশুরবাড়িতে একজন নারীর তেমনই সম্মান পাওয়া উচিত, যেমন আচরণ মানুষ একটি সভ্য সমাজে পায়।বিচারপতি কে এস রাধাকৃষ্ণন ও দীপক মিশ্রর সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেন, ‘একজন পুত্রবধূকে অযাচিত বা অনাকাঙ্ক্ষিত বিবেচনা না করে তাঁকে পরিবারের একজন সদস্যের মতোই সহযোগিতা ও ভালোবাসা দিতে হবে। তাঁকে একজন বুয়া হিসেবে বিবেচনা করা উচিত নয়। তাঁর সম্পর্কে এমন কোনো কথা বা কাজ করা উচিত নয়, যাতে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে।’বিচারকেরা আরও বলেন, ‘শ্বশুরবাড়িতে কনের সম্মানপ্রাপ্তি বিয়ের ভাবগাম্ভীর্য ও পবিত্রতার উত্কর্ষ ঘটায়। এতে একটি সভ্য সমাজের সংবেদী আচরণের প্রতিফলন ঘটে এবং বিয়ে নিয়ে কনের যে আকাঙ্ক্ষা থাকে, তা বাস্তবরূপ লাভ করে।...কিন্তু অনেক সময় স্বামী, শ্বশুরবাড়ির লোকজন ও আত্মীয়রা এমন আচরণ করে যে ওই কনে সামাজিকভাবে নিঃসাড় হয়ে যায়।’স্ত্রী নির্যাতনের দায়ে এক ব্যক্তিকে আদালতের এই বেঞ্চ পাঁচ বছরের কারাদণ্ড দেন। মামলার রায় দেওয়ার সময় বিচারকেরা উল্লিখিত মন্তব্য করেন।