‘পুরান ঢাকা বাঁচাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একপাশে ভবনের নিচে পূজামণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। অন্যপাশে কয়েকটি দোকানে চলছে কেনাকাটা। মাঝখানের সড়ক দিয়ে যাচ্ছে রিকশা, সাইকেল প্রভৃতি। সড়কের পাশ দিয়ে যাচ্ছে পথচারীরা। পাশে রয়েছে পপকর্নের দোকানও। সড়কের দুই পাশের ভবনগুলো দৃষ্টিনন্দন। পুরান ঢাকার শাঁখারী বাজারের চিত্র এটি। তবে বাস্তব নয়, এটা হচ্ছে আলোকচিত্রের মধ্যে করা একটি কোলাজ। উপস্থাপিত হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে। এখানে চলছে আরবান স্টাডি গ্রুপের ‘পুরান ঢাকা বাঁচাও’ শীর্ষক প্রদর্শনী।আগামছি লেন, লালমোহন সাহা স্ট্রিট, বনগ্রাম রোড, হূষিকেশ দাস রোড, উর্দু রোড, গোপীমোহন বসাক লেন, কালীচরণ সাহা স্ট্রিট, তাঁতীবাজারের চিত্রগুলোয় ফুটে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্য। মূলত এতে উঠে এসেছে প্রথম দিকের পুরান ঢাকার অবস্থা। সে সময় পুরান ঢাকার ভবনগুলো ছিল দেখার মতো। অনেক সড়কেই এখন রিকশা ঢুকতে পারে না, চওড়া কমে যাওয়ায়। এভাবেই আস্তে আস্তে পুরান ঢাকার পরিবেশ বদলে যেতে যেতে আজকের জায়গায় এসেছে। আবার পুরোনো ভবনগুলো ভেঙে গড়া হচ্ছে নতুন করে। যাচ্ছেতাইভাবে ব্যবহার করা হচ্ছে কোনো কোনো পুরোনো ভবন। এসব ভবন রক্ষা করা প্রয়োজন। বাইরের দেশগুলোয় কোনো শহরের পুরোনো ভবনগুলো সংরক্ষণ করা হয়। এ দেশে ঠিক উল্টো। অথচ ঢাকার ঐতিহ্য বহন করে এসব ভবন। সরকার থেকে উদ্যোগ নিয়ে এসব সংরক্ষণ করা উচিত বলে মনে করেন আরবান স্টাডি গ্রুপের স্থপতি তানভীর হাসান। তিনি জানান, পুরান ঢাকা নিয়ে এটা তাঁদের তৃতীয়বারের মতো প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রগুলোয় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো সংস্কারের উপায় তুলে ধরা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্রদর্শনী কক্ষ খোলা থাকছে। প্রদর্শনী শেষ হবে ২১ জুন।