‘পুলটার কথা মনে অয় তাঁরা ভুলি গেছইন!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ছোট সেতুর একপাশ উল্টে আছে। এরই সঙ্গে যুক্ত একটি বাঁশের সাঁকো দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। দীর্ঘ প্রায় ১২ বছর তাদের এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৃশ্যটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মোকামটিলা গ্রামে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বড়লেখা কার্যালয়ের উদ্যোগে ১৯৯৭ সালে সাত লাখ ৬৩ হাজার টাকাব্যয়ে উত্তর ভবানীপুর-মোকামটিলা-বৈষ্ণবপাড়া সড়কের মোকামটিলা গ্রামে জুড়ী নদীর সঙ্গে যুক্ত খালের ওপর ১৫ ফুট দৈর্ঘ্যের একটি পাকা সেতু নির্মাণ করা হয়। পরের বছরের (১৯৯৮) বর্ষায় জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সেতুটি ধসে পড়ে। পরে চলাচলের সুবিধার্থে আশপাশের লোকজন সেতুটির সঙ্গে একটি বাঁশের সাঁকো স্থাপন করে।সরেজমিন জানা যায়, ওই সড়ক দিয়ে মোকামটিলা, উত্তর ভবানীপুর, বৈষ্ণবপাড়া, গাঙেরপাড় ও বড় ধামাই গ্রামের লোকজন চলাচল করে। মোকামটিলার রীনা বেগম (৪০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘পুলটা বানানির এক বছর পার অইল না। ধসিয়া পড়ি গেল। এরপরে বড় বড় অফিসার হখলে আইয়া দেখিয়া গেলা। তাঁরা কইলা ইখানো নতুন পুল বানাইয়া দিবা। ১২ বছর তো গেল গিয়া। পুলটার কথা মনে অয় তাঁরা ভুলি গেছইন!’একই গ্রামের ফারুক আহমদ (৪৫) বলেন, ‘পুলটা দিয়া আমরা জুড়ী বাজারে আসা-যাওয়া করি। ধসার পরপরই আমরা বাঁশোর হাখম বানাইছি।’রিয়াজ আহমদ (২৫) বলেন, ‘নির্মাণকাজে নিশ্চয়ই ত্রুটি ছিল। না হলে এক বছরেই সেতুটি ধসে যাওয়ার কথা নয়।’স্থানীয় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বিশ্বজিৎ দত্ত বলেন, ‘মোকামটিলায় নতুন একটি সেতু স্থাপনে ইউপি কার্যালয় থেকে একাধিকবার সংশ্লিষ্ট কার্যালয়ে প্রস্তাব পাঠাই। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।’ এলজিইডির বড়লেখা কার্যালয়ের প্রকৌশলী নাজির আহমদ চৌধুরী বলেন, ‘সেতুটি বেশ কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছিল। কাগজপত্র খুঁজে পাওয়াও মুশকিল। ওই এলাকাটি এখন জুড়ী কার্যালয়ের অধীন।’এলজিইডির জুড়ী কার্যালয়ের প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেতুটির বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। খোঁজ নিয়ে দেখব। তবে উত্তর ভবানীপুর-মোকামটিলা-বৈষ্ণবপাড়া সড়কে একটি সেতু এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে সেটি পুনর্নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।’