‘আমরা তো শুনি, পুলিশরা চেহারা দেখে মানুষ মাপতে পারে। এই ছবিটা দেখে আপনি বলেন তো, কোন দিক থেকে দেখলে আমার ছেলেটাকে ডাকাত বলে মনে হয়?’ মৃত্যুর কয়েক দিন আগে তোলা ছবিটা দেখিয়ে এ প্রশ্ন করলেন শামস রহিম শাম্মামের মা শামছি আরা। তাঁর অভিযোগ, পুলিশ চাইলেই বাঁচাতে পারত ওই ছয়জনকে, কিন্তু সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টাও করেনি।শামস রহিমসহ ছয় ছাত্রকে গত ১৭ জুলাই ঢাকার উপকণ্ঠে আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ৫৫ দিন পর নিহত ছাত্রদের পরিবারগুলোর শোক এখনো কাটেনি। তারা এখন মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ও গ্রামবাসীর শাস্তিরও দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। তাঁদের সবার অভিযোগ, পুলিশের কাছে ছেলেরা প্রাণভিক্ষা চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের বাঁচানোর চেষ্টা তো করেইনি, উল্টো গণপিটুনিতে উ ৎ সাহ দিয়েছে।গত বৃহস্পতিবার এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে ছয় ছাত্র হত্যায় পুলিশের গাফিলতি ছিল, আর নিহত সব ছাত্রকে নির্দোষ বলা হয়েছে।চলছে মামলার প্রস্তুতি: গতকাল শ্যামলীর বাসায় তদন্ত প্রতিবেদন নিয়ে শামছি আরা বলেন, ‘এটাই শেষ নয়, আমরা খুনিদের বিচার দেখতে চাই। জানতে চাই, কারা কেন ছেলেগুলোকে এভাবে মারল। মানুষ তো কুকুর-বিড়ালকে মারতে একটু হলেও চিন্তা করে।’ তিনি আরও বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ায় যাব। এ বিষয়ে নিহত ছেলেদের পরিবারগুলো সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে। ছুটি শেষে আদালত খুললেই মামলা করা হবে।’পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে শামছি আরা বলেন, পুলিশ আল আমিনকে বাঁচিয়েছে। তারা চাইলে বাকি ছাত্রদেরও বাঁচাতে পারত। অন্তত পুলিশ যদি চেষ্টা করত, তাহলে মারধরে ছেলেগুলোর হাত-পা ভাঙলেও এভাবে বেঘোরে ডাকাত-কলঙ্ক নিয়ে প্রাণ হারাতে হতো না। পুলিশ তো একটা ফাঁকা গুলিও ছুড়তে পারত। সেখানে শটগানসহ একাধিক পুলিশ সদস্য ছিলেন বলে জানা গেছে। ওই পুলিশরা কেন কোনো চেষ্টাই করল না, তা-ও বের করতে হবে।একই অভিযোগ এনে নিহত ইব্রাহিম খলিলের বাবা আবু তাহের বলেন, ইব্রাহিমও পুলিশের কাছে প্রাণভিক্ষা চেয়েছিল, কিন্তু পুলিশ উল্টো উসকানি দিয়েছে।নিহত টিপু সুলতানের বড় ভাই শেখ ফরিদ উদ্দিন বলেন, এ দায় এখন পুলিশকে নিতে হবে। পুলিশের উসকানিতেই তাদের খুনের পর ডাকাত নাটক সাজানো হয়েছে।নিহত কামরুজ্জামানের বাবা বাবা আবদুল কাদের বলেন, ‘আদালত তদন্ত করে ছেলেদের নির্দোষ পেয়েছেন। আমরা সেই আদালতের কাছে আবার যাব। মামলার প্রস্তুতি চলছে।’তদন্ত প্রতিবেদন নিয়ে নিহত তৌহিদুর রহমানের মা শাহনূর বেগম বলেন, পুলিশের সামনেই ওদের মারল। পুলিশ চাইলে সবাইকেই বাঁচাতে পারত। তৌাহিদুরের বড় ভাই সিরাজুল ইসলাম ও বোন মাহবুবা পারভীন বলেন, যে লোকটা (আবদুল মালেক) তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা করছে, সে নিশ্চয়ই সব জানে। আর সেখানে যে পুলিশ সদস্যরা কর্তব্য পালন করেছেন, তাঁরা তো সব দেখেছেনই। তাঁদের সবাইকেই ধরতে হবে।’শেখানো বক্তব্য দিতে আল আমিনকে চাপ: আমিনবাজারের নৃশংসতার ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া তরুণ আল আমিনের অভিযোগ, শেখানো বক্তব্য দিতে পুলিশের কর্মকর্তারা তাকে বিভিন্নভাবে চাপ ও ভয় দেখিয়েছেন। আল আমিন বলে, ‘স্যাররা আমারে বারবারই কইছে, তোমরা গাঁজা খাইতে ওইহানে গেছ, এটা স্বীকার করতে হবে। তয় আমি সত্য কতা কইছি, স্বীকার করি নাই।’তবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি কোনো চাপ দেয়নি বলে জানিয়েছে আল আমিন। আল আমিন গতকাল প্রথম আলোকে এসব কথা বলেছে। ঘটনার আদ্যোপান্ত বর্ণনা দিয়ে আল আমিন বলে, ১৭ জুলাই শবে বরাতের নামাজের পর তারা সাতজন মিলে আমিনবাজারের ক্যাবলারচরে ঘুরতে যায়। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ জন্য তাদের চারজন চরের একটি খড়ের চালায় আশ্রয় নেয়। আল আমিন, পলাশ (তৌহিদুর) ও কান্ত (কামরুজ্জামান) একটু দূরে নদীর ধারে পানির কাছে যায়। এ সময় হঠা ৎ খড়ের চালার নিচে চারজন মাগো, বাবাগো বলে চি ৎ কার শুরু করে। তারা মনে করেছিল, বোধ হয় ছিনতাইকারী হামলা করছে। তারা সেখানে যাওয়ার আগেই কয়েকজন তাদের ওপর হামলা করে।আল আমিন বলে, ‘পলাশ মাত্র বলছিল, মারেন কেন? তখনই পলাশের ঘাড়ে দা দিয়ে কোপ দেয় একজন। কান্তকেও একজন কোপাতে যায়। তখন আমি ডান হাত দিয়ে দা ধরে ফেলি। এরপর আমি ও কান্ত দুজনই দৌড়াতে শুরু করি। কিন্তু তখন একজন কান্তর মাথায় বাড়ি দিলে সে পড়ে যায়।’আল আমিন বলে, ‘তারপর একদল লোক কান্তকে টাইনা একদিকে নেয়। আমারেও ধইরা মারা শুরু করে। এ সময় পাশে খাড়ায়া ছিল শটগান হাতে একজন। আমার মনে হইল, সে পুলিশের লোক। আমি গিয়া তার ঠ্যাং ধইরা ফালাইলাম। ওই পুলিশের ঠ্যাং ধইরা আমি বলি, “আংকেল, আমারে বাঁচান।” উনি বলেন, “তোরে তো বাঁচানো যাবে না, তুই তো ডাকাইত।” আমি বললাম, “আমি ডাকাত না।” এরপর সে বলে, “যদি আমাদের সব কথা স্বীকার করিস, তাইলে তোরে বাঁচাব।” আমি বলি, “আপনি যা-ই বলবেন, সব স্বীকার করব, খালি বাঁচান।” হেরপর ওই পুলিশ কয়, “সবাইরে মাইরা ফালাইলে তো সমস্যা হইব, একজনরে বাঁচায়া রাহেন।” এরপর আমারে সবাই মারা বন্ধ করে। আমারে পুলিশের গাড়িতে তোলে। তখন আমার মাথা দিয়া রক্ত বাইরাইতাছিল।’আল আমিন জানায়, তাকে পরদিন তিনটার মধ্যে যেকোনো একটা অপরাধ স্বীকার করার জন্য চাপ দেয় পুলিশ। তারা ওই এলাকায় ডাকাতি করতে অথবা ফেনসিডিল বেচতে অথবা গাঁজা সেবন করতে এসেছিল, এমন যেকোনো একটা অপরাধ স্বীকার করতে চাপ দেয়। আল আমিনের ভাষ্যমতে, ‘শেষ পর্যন্ত আমি সবার কাছে বলি যে আমরা গাঁজা খাইতে গেছিলাম। কয়েকটা দা আর অস্ত্র দেখায়া পুলিশ সেগুলো আমাদের বলে স্বীকার করার জন্য চাপ দেয়।’