প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হতে প্রায় ছয় মাস বাকি। অথচ এখনই সরগরম ঢাকার ক্লাবপাড়া! খেলোয়াড়দের উচ্চমূল্যে ক্লাব কর্মকর্তাদের টেনশন বাড়ছে। লিগের নিয়মকানুন পরিবর্তন নিয়েও আলোচনা হচ্ছে। বিসিবির সিসিডিএম চেয়ারম্যান জি এস হাসান (তামিম) কথা বলেছেন সেসব নিয়েই প্রিমিয়ার লিগে দলপ্রতি পুলের খেলোয়াড় কমবে শোনা যাচ্ছে। আসলেই কি সে রকম কোনো সিদ্ধান্তে যাচ্ছেন আপনারা?জি এস হাসান: গতবার দলগুলো সর্বোচ্চ তিনজন করে পুলের ক্রিকেটার নিতে পেরেছে। এবার সর্বোচ্চ দুজন হতে পারে। এ ছাড়া বিদেশি খেলোয়াড়ও প্রতি দলে একজনের জায়গায় তিনজন খেলানোর প্রস্তাব দেব আমি। ৩০ জুন (আজ) সিসিডিএমের সাংগঠনিক কমিটির সভা আছে। সেখানে সিদ্ধান্ত হলে পরে বিষয়টা অনুমোদনের জন্য বোর্ডে তোলা হবে। এ ধরনের চিন্তাভাবনার কারণ কী?জি এস হাসান: ক্লাবগুলোর দাবিই মূল কারণ। পুলের খেলোয়াড়দের সব সময় পাওয়া যায় না। জাতীয় দল, ‘এ’ দলে ব্যস্ত থাকে তারা। বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর চিন্তাও এ কারণেই। তা ছাড়া স্থানীয় ক্রিকেটাররা এবার যে রকম উচ্চমূল্য হাঁকাচ্ছে, তাতে অনেক দলই মনে করছে এই টাকা দিয়ে বরং বিদেশিদের আনা ভালো। এবার তো ক্রিকেটাররা অনেক বেশি টাকা দাবি করছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিডিএমের কি কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে?জি এস হাসান: দেখুন, এটা একদমই ক্লাব এবং খেলোয়াড়দের ব্যাপার। ক্লাব টাকা দিলে তো আমরা আগ বাড়িয়ে বাধা দিতে পারি না। তবে সব ক্লাব যদি সিসিডিএমের কাছে সমাধান চায়, তাহলে হয়তো আমরা কিছু করার চেষ্টা করব। কী মানের বিদেশি খেলোয়াড় আসছে, সেটাও তো একটা ব্যাপার...জি এস হাসান: হ্যাঁ, এবার হয়তো কিছু বাধ্যবাধকতা আনা হবে। বিদেশিরা যেন অন্তত প্রথম শ্রেণীর ক্রিকেটার হয়। এ ছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ’ দল থেকে দুজন, একাডেমি থেকে দুজন করে প্রতি ক্লাবে নেওয়াটা বাধ্যতামূলক করা যায় কি না, সেটাও ভেবে দেখা হচ্ছে। পেস বোলারদের কি এবার পুলের বাইরে রাখা হবে?জি এস হাসান: এটাও চিন্তাভাবনায় আছে। গতবার তো বলেছিলেন এবার প্রিমিয়ার লিগে দীর্ঘ পরিসরের ম্যাচ অন্তর্ভুক্ত হবে। তা কি হচ্ছে?জি এস হাসান: আমাদের চিন্তাভাবনায় তিনদিনের ম্যাচের প্রস্তাবনা আছে। সেটি সুপার লিগের ৬ দলকে নিয়ে, নাকি ১২ দলকে নিয়েই হবে, তা আলোচনা করে ঠিক করতে হবে। ৩০ তারিখের (আজ) মিটিংয়ে এ ব্যাপারে খসড়া প্রস্তাব দেব। কিন্তু ক্লাবগুলো তো বলছে তারা এটা মানবে না। তারা ওয়ানডের জন্য দল করছে...জি এস হাসান: গতবার মাঠসংকটের জন্য পারিনি। নইলে আমরা তো এটা আগেই বলেছি! ক্লাবগুলোর সেটা মাথায় থাকা উচিত। তবে আমিও বুঝি, এতে খরচ বাড়বে। লিগের খেলা ঢাকার বাইরে হলে তো আরও বাড়বে। এবারও কি সে সম্ভাবনা আছে?জি এস হাসান: এবার তিনটা মাঠে লিগ হবে। বিকেএসপি, ফতুল্লা এবং সম্ভবত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। তবে মিরপুর স্টেডিয়াম পাব কি না, নিশ্চিত নই। না পেলে হয়তো বগুড়ায় হবে।