‘পূজা’ নিয়ে সেরা কণ্ঠের পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত হয়েছে সেরাকণ্ঠখ্যাত গায়িকা বাঁধন সরকার পূজার দ্বিতীয় একক অ্যালবাম। তাঁর নামের সঙ্গে মিল রেখে অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘পূজা’। এ অ্যালবামে তিনটি দ্বৈত গানসহ মোট গান রয়েছে ১১টি।এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমার এবারের অ্যালবামটির বেশির ভাগ গানই ভালোবাসার। তিনটি দ্বৈত গানের একটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, দুটিতে ইমরান। বেশ কয়েক মাস ধরেই অ্যালবামটির জন্য শ্রম দিয়েছি। ‘পূজা’ নিয়ে আমার অনেক স্বপ্ন।’পূজা আরও বলেন, ‘বৃষ্টির গান’ এবং ‘তুমি আমার’ শিরোনামের দুটি গানের মিউজিক ভিডিও তৈরি করেছি। খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলো প্রচার করা হবে।পূজা অ্যালবামের সুর ও সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির, আরফিন রুমি, প্রতীক হাসান, বেলাল খান, ইমরান, মাহমুদ সানী ও প্রত্যয় খান।অ্যালবামটির নাম প্রসঙ্গে পূজা বলেন, ‘নিজের নামে অ্যালবামের নাম রাখব, সেটা ভাবিনি। প্রথমদিকে কয়েকটা নাম ভাবার পরও পছন্দ না হওয়ায় শেষে নিজের নামেই অ্যালবামের নাম রাখলাম।’গত শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘পূজা’ অ্যালবামের মোড়ক খোলা হয়। সেদিন নতুন এই কণ্ঠশিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সুবীর নন্দী , শাম্মী আক্তার, ফেরদৌস আরা, শফিক তুহিন, আরফিন রুমিসহ অনেকে।উল্লেখ্য, পূজার প্রথম একক শফিক তুহিন ফিচারিং ‘প্রজাপতি মন’ প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে।