‘পেন্টা’ জয়ের রোনালদো
চুয়াত্তরের বিশ্বকাপ ট্রফি উঠেছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের হাতে, তবে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ইয়োহান ক্রুইফ। আর ২০০২-এ ’৯৮ বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলেছিলেন রোনালদো। ১৯৭৪ ও ২০০২ বিশ্বকাপের স্মৃতিচারণা করেছেন ক্রুইফ ও রোনালদোচার বছর আগে ’৯৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ব্রাজিল। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে খেলা হওয়ার পরও ফেবারিট ছিল তারাই। তাদের সবকিছুই ছিল। দলটি ছিল দারুণ। সেই সময়ের সেরা স্ট্রাইকার, ইন্টার মিলানের রোনালদো ছিলেন দারুণ ছন্দে।কিন্তু হায়, সাম্বা ছেলেরা হেরে গেল এবং সেই পরাজয় এল অতিনাটকীয়ভাবে। ম্যাচের আগের রাতে আক্ষেপ সৃষ্টি করে রহস্যময় অসুস্থতায় পড়লেন রোনালদো। চার বছর পর দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে ফিরে এলেন রোনালদো। এলেন আটানব্বইয়ের দুঃখ ঘোচাতে। ২০০২ বিশ্বকাপের আগের তিনটি বছর তাঁর কেটেছে হাঁটুর চোট থেকে সেরে উঠতে। তিন তিনটি অস্ত্রোপচার করাতে হয়েছিল রোনালদোকে। বিশ্বকাপে খেলা তো দূরের কথা, রোনালদো আর ফুটবলই খেলতে পারবেন কি না, কথা হচ্ছিল এটা নিয়েই। সব শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে খেললেন রোনালদো। দলকে ফাইনালে তোলার পথে করলেন ৬ গোল। তবে ইয়োকোহামার ফাইনালটিই মনে হয় তাঁকে মুক্তি দিল একটা চাপ আর দুঃখ থেকে। জার্মানির বিপক্ষে ফাইনালে তাঁর দুই গোলেই পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলে ব্রাজিল।রোনালদো জয় করেন সোনার জুতো, সঙ্গে বিশ্বকাপে পেলের করা ১২ গোল ছুঁয়ে ফেলার কৃতিত্ব তো ছিলই। পরের বিশ্বকাপে পেলেকেও ছাড়িয়ে যান তিনি। ১৫ গোল করে ছাড়িয়ে যান জার্ড মুলারকেও। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। রোনালদোর জবানিতেহাঁটুর চোট এবং কয়েকটি অস্ত্রোপচার করানো নিয়ে খুব কঠিন সময় গেছে আমার। আমার মনে আছে, আমি হাসপাতালে শুয়ে ছিলাম এবং হাঁটু দিয়ে রক্ত ঝরছিল। এর থেকেই আসলে শক্তি নিয়েছিলাম।আমার পরিবার, ফিজিও এবং চিকিৎসক—সবাই আমাকে উৎসাহ দিয়েছে এবং খুব যত্নে রেখেছে। এসবের কারণেই আমার ২০০২ বিশ্বকাপ খেলা। আমার ছেলে রোনালদ-এর জন্মটাও আমাকে অসীম এই যন্ত্রণা সহ্য করতে প্রেরণা জুুগিয়েছে। আমার ইচ্ছেশক্তিটা প্রচণ্ড। ফুটবলের জন্য আমার ভালোবাসা অসীম। ফুটবলের জন্য আমি সবকিছুই করতে পারি। আমি আসলে ফুটবল খেলি না, ফুটবল আমার নিঃশ্বাসে। লক্ষ্য ছিল ঠিক আগের ফর্ম নিয়ে ফিরে আসা। বিশ্বের সেরা স্ট্রাইকার হওয়া। আর চার বছর আগের বিশ্বকাপের দুঃস্মৃতি মুছে ফেলা। টুর্নামেন্টের আগে আমি প্রতিটি মাস, সপ্তাহে শুধু বিশ্বকাপ জয়ের কথাই ভেবেছি। প্রতিটি মিনিটে আমি চোখে শুধু বিশ্বকাপের শিরোপাটা দেখতাম। ভাবতাম বিশ্বকাপ ট্রফি বাতাসে তুলে ধরাটা কত দারুণ একটা ব্যাপার হবে। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে চুমো আঁকাটা সত্যিই আমার জন্য ছিল রূপকথার মতো।আমাদের দারুণ একটি দল ছিল। আমি যে দলগুলোর সঙ্গে খেলেছি এর মধ্যে সেরা। রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাফু, আমি—এমন একটা দল ছিল আমাদের যে প্রতি মিনিটে যেকোনো পথে আমরা গোল পেতে পারতাম। জিততে পারতাম প্রতিটি ম্যাচ। এ কারণেই আমরা সাতটি ম্যাচই জিতেছিলাম, হয়েছিলাম বিশ্ব চ্যাম্পিয়ন। মানুষ আমাকে ক্যারিয়ারের সেরা গোল নিয়ে প্রশ্ন করে। আমি কেবল দুটোর কথাই মনে করতে পারি। আমার পছন্দ খুব সাধারণ: ওই ফাইনালে করা দুটি গোলই আমার কাছে ক্যারিয়ারের সেরা দুটি গোল। গোল দুটি যে শুধু ভালো ছিল, এ কারণেই নয়। আসলে ওই গোল দুটির মূল্যটাই অন্য রকম। বিশ্বকাপ আপনি প্রতিদিন জিততে পারেন না।রোনালদোর বিশ্বকাপ স্মৃতিচারণা ওয়ার্ল্ড সকার থেকে ভাষান্তর করেছেন রুবেল আবিদ