‘পেসারদের স্কিল বাড়ানো জরুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দিন সাত বোলার বল করছেন, কোনো দিন নয়জন। বিস্ময়কর হলেও সত্যি, এত এত বোলার ব্যবহার করলেও ওল্ড ডিওএইচএসের বোলিং লাইনআপে কোনো পেসারকে দেখা যাচ্ছে না! প্রিমিয়ার লিগে স্পিন দিয়েই একের পর এক সাফল্য পাচ্ছে দলটা। কাল এর কারণ ব্যাখ্যা করলেন কোচ খালেদ মাহমুদ পেসার বাদ দিয়ে শুধু স্পিনারদের দিয়ে বল করানোর চিন্তাটা কীভাবে এল?খালেদ মাহমুদ: প্রথম দিকের ম্যাচগুলোয় আমরা দুজন পেসার খেলিয়েছি। মোহাম্মদ শরীফ আর পাকিস্তানের রিজওয়ান ছিল। কিন্তু দেখলাম, পেসাররা বল করলে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে চলে যাচ্ছে। স্পিনার এলে সেটা আবার ফিরে পাচ্ছি। তখনই চিন্তা করলাম, শুধু স্পিনার দিয়ে বল করালে কেমন হয়? প্রথম ম্যাচে শুধু স্পিনার দিয়ে বল করানোর সিদ্ধান্ত নিতে গিয়ে কি দ্বিধাদ্বন্দ্বে ভোগেননি?মাহমুদ: একদমই না। সম্ভবত তৃতীয় বা চতুর্থ ম্যাচে এটা প্রথম করি। মাঝে অবশ্য এক ম্যাচে শরীফ ছিল। নেটে শুভাগতর অফ স্পিন দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এই ছেলে এত দিন অফ স্পিন করেনি কেন? নেটে দেখেই ওকে বলেছি, নতুন বলে বল করতে হবে। বিশেষ করে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচে তামিমের জন্য ওকে ভাবি আমি। পাকিস্তান সিরিজে দেখেছি তামিমের অফ স্পিনের বিপক্ষে সমস্যা হয়। পরে মনে হলো শুভাগত পারলে নাবিল সামাদ কেন পারবে না? সেও তো নতুন বলের স্পিনার! পেসাররা কেন বোলিংয়ের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না?মাহমুদ: উইকেট একটা বড় ব্যাপার। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমি যে কাজটা করছি সেটা হয়তো ঠিক না। পেসাররা খেলতে পারছে না, বসে থাকছে। আবার ক্লাবের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ঠিকই আছে। স্পিনার ব্যবহার করে তো আমি সাফল্য পাচ্ছি! অন্য দলগুলোরও দেখবেন এখন স্পিননির্ভর বোলিং আক্রমণ। অনেকেই নতুন বলে স্পিন আনছে। আসলে সমস্যা হলো আমাদের পেসাররা খুব জোরে বল করতে পারে না। এই উইকেটে জোরে বল না করলে লাভ নেই। মোহাম্মদ সামি যেমন শুধু পেসের কারণে উইকেট পাচ্ছে। শুধু স্পিনারদের দিয়েই হয়ে যাচ্ছে। পেস বোলারদের জন্য কি এটা অশনিসংকেত?মাহমুদ: আমি মনে করি তাই। এই পর্যায়ে এসে জোরে বল করতে না পারলে হবে না। পেসারদের স্কিল বাড়ানোটা জরুরি হয়ে পড়েছে। আমাদের পেসাররা যে পেসে বল করে তাতে কোনো ফুটওয়ার্ক ছাড়াই ব্যাটসম্যানরা শট খেলতে পারে। স্পিনারদের বিপক্ষে সেটা সহজ নয়। ফুটওয়ার্ক ছাড়া আপনি স্পিন খেলতে পারবেন না। ব্যাটসম্যানদের এই দুর্বলতাও আমি কাজে লাগাচ্ছি। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন। স্পিনারদের দিয়ে বল করাতে কি কোনো সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে?মাহমুদ: না, আশরাফুল খুবই সন্তুষ্ট। স্বস্তি বোধ করছে। ও নিজেও স্পিন করে। নিয়মিত উইকেট পাচ্ছে বলে আত্মবিশ্বাস বাড়ছে। বল না করে করে তো পেসার জিয়া এবার পুরোপুরি ব্যাটসম্যান...মাহমুদ: জিয়া সব সময়ই ভালো ব্যাটিং করে। কিন্তু ও যে ধরনের ব্যাটসম্যান, সাত-আটে নামলে তাকে পুরোপুরি ব্যবহার করা যায় না। এর চেয়ে নতুন বলের বিপক্ষে ও শট খেলতে পারবে। এই চিন্তা থেকেই জিয়াকে ওপেনিংয়ে এনেছি। ওকে বলেছি, রান না করলেও সমস্যা নেই। সে যেন তার স্বাভাবিক ব্যাটিংটা করে। খেলার সুযোগ না পেয়ে অন্য পেসাররা তো হতাশ। তাঁদের কী বলেছেন?মাহমুদ: আমি ওদের স্যরি বলেছি। নেটে সবাই ভালো বল করলেও টিম কম্বিনেশনের কারণে তাদের বাইরে রাখতে হচ্ছে। তবে এটাও বলেছি, সুযোগ হঠাৎ করেই আসবে। তখন যেন তারা সুযোগটা কাজে লাগায়।