‘পোলারা ভালাডা খাইব, এইডাই নিয়ম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচুক্ষেত বস্তির বাসিন্দা শরিফ হোসেন একজন চা বিক্রেতা। তাঁর তিন মেয়ে ও দুই ছেলে। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। এক ছেলে গাড়ির গ্যারেজে কাজ করে। শরিফ হোসেন বলেন, ‘বড় মাইয়াটারে দুই বাইচ্চাসহ তাড়ায় দিছে হের স্বামী। এহন নয়জন মাইনষের তিনবেলা খাওন জোগাড় করতে আমার রাইতে ঘুম হয় না। পুষ্টির কথা কী কন, বুঝি না।’‘পুষ্টি নিয়া যত চিন্তা সব ধনীগো। আমরা যারা দুইবেলা ভাত খাইতে পাই না, তাদের কি পুষ্টি নিয়ে চিন্তা করার সময় আছে?’ কথাগুলো বলেন মিরপুর বেড়িবাঁধ বস্তির বাসিন্দা মরিয়ম আক্তার। দুই মেয়ে নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করেন মরিয়ম। তিনি জানান, স্বামী কোনো কাজ না করায় তাঁকে চরম কষ্টে দিন পার করতে হয়। চোখের কোণে জল নিয়ে বলেন, ‘আপা, কোনো কোনো দিন তো খালি লবণ দিয়া পান্তা খাইতে দেই মাইয়্যা দুইডারে। পুষ্টি ক্যামনে পাইব!’নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের অন্যতম সমস্যা হচ্ছে শিশুর অপুষ্টি। সেভ দ্য চিলড্রেনের গত বছর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে চরম অপুষ্টির শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। প্রতিবছর দেশটিতে পাঁচ লাখ করে শিশু চরম অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে এবং এ বছর অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ৯০ লাখে গিয়ে দাঁড়াবে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫০ হাজার শিশুর মৃত্যুর পরোক্ষ কারণ অপুষ্টি। শিশু হয়তো মারা যাচ্ছে ডায়রিয়া বা নিউমোনিয়ায়, কিন্তু এদের সিংহভাগেরই তীব্র অপুষ্টিতে ভোগার ইতিহাস থাকে।সাধারণত দরিদ্র পরিবারের শিশুরা অপুষ্টিতে ভোগে বেশি, আর বস্তির শিশুদের তো কথাই নেই। অধিকাংশ শিশুই অপুষ্টির শিকার। এ ক্ষেত্রে ছেলেশিশুদের চেয়ে মেয়েশিশুরা অপুষ্টিতে ভোগে বেশি। বিভিন্ন বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুষ্টিকর খাবার তারা মেয়েশিশুদের চেয়ে ছেলেশিশুদের বেশি দিয়ে থাকে।খিলগাঁও বস্তির নার্গিস আক্তার বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। তিনি জানান, বেশির ভাগ সময় যেসব বাড়িতে কাজ করেন, সেসব বাড়ির উচ্ছিষ্ট খাবার নিয়ে এসে ছেলেমেয়েদের খেতে দেন। বাসায় ভালো রান্না হয় ছয় মাসে বা নয় মাসে একবার। যদি কখনো ডিম, দুধ বা কলা আনা হয়, তবে তা দেওয়া হয় ছেলেকে। নার্গিস বলেন, ‘পোলারা ভালাডা খাইব, এইডাই তো নিয়ম।’একই কথা বলেন মালিবাগ বস্তির সুরাইয়া বেগম। তাঁর পাঁচ সন্তানের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে। ভালোমন্দ রান্না হলে ছেলেকে এর সিংহভাগ দেন। সুরাইয়া বলেন, ‘পোলারা ভালাডা খায়—এইডাই তো ছুডুবেলা থেইকা দেইখ্যা আইছি।’বস্তিবাসীর অনেকেরই পুষ্টিকর খাবার কোনটি বা সুষম খাবার কী—এ সম্পর্কে কোনো ধারণা নেই। মোহাম্মদপুরের বাঁশবাড়ী বস্তির বিউটির মেয়ের বয়স সাড়ে চার বছর। কিন্তু দেখায় আরও ছোট। হাত-পা সরু সরু। বুকের খাঁচা বের হয়ে আছে। বিউটি বলেন, ‘আমরা গরিব মানুষ, লেহাপড়া জানি না। পুষ্টিকর খাওয়া কী, হেইডাই তো জানি না। ভালোমন্দ কিছু খাওয়াইতে গেলেই অনেক টাকা খরচ হইয়া যায়। খাওয়ামু কেমনে!’নর্দমার ওপরে বিউটির বাঁশ ও কাঠের ছোট ঘরটির একপাশেই রান্নার আয়োজন। ঘরের একটু দূরেই একটি শৌচাগার। শৌচাগারের সব নোংরা সেই নর্দমার মধ্যেই পড়ছে। এ রকম অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে বিউটির মেয়ে।মগবাজার রেললাইনের পাশে থাকায় ট্রেন আসার সময় সন্তানদের নিরাপত্তা নিয়ে সব সময় চিন্তায় থাকেন ফরিদা বানু। সারাক্ষণই সন্তানদের অসুখ-বিসুখ লেগেই আছে বলেও জানান তিনি। ফরিদা দেড় বছরের মেয়ে কোলে নিয়ে বলেন, ‘বুকের দুধ ছাড়া আর কিছু খাওয়াই না।’ কিন্তু এ বয়সে তো আরও খাবারের প্রয়োজন। এর উত্তরে ফরিদা বলেন, ‘আমি তো জানি যে খালি বুকের দুধ খাওয়ালেই হয়। আর খাওয়া কিনতে গেলেই তো ম্যালা টাকা লাগে। বড় পোলাডার বয়স ছয় বছর। কোনো দিন ডিম, কলা বা মাংস কিনলে পোলারেই খাওয়াই।’আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি ও খাদ্য নিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহমেদ প্রথম আলোকে বলেন, শিশুপুষ্টির বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। জীবনচক্রের প্রতি পর্যায়কে আলাদাভাবে গুরুত্ব দিয়ে সে অনুযায়ী কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন। পাশাপাশি দীর্ঘ মেয়াদে নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন তিনি। কারণ, নারীরা শিক্ষিত হলেই বাল্যবিবাহ বন্ধ হবে, অপুষ্ট শিশুর জন্মলাভের ঘটনা কমে আসবে এবং শিশুরা পুষ্টিমানসম্পন্ন খাবার পাবে। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সভাপতি পুষ্টিবিদ এস কে রায় বলেন, ২০ সপ্তাহের পর থেকে গর্ভের শিশুর বৃদ্ধি দ্রুত ঘটতে থাকে। এ সময় মায়ের জন্য সঠিক ক্যালরিযুক্ত সুষম খাবার, ভিটামিন, আয়রন ক্যাপসুল খাওয়ানো এবং মা দিনে ঠিকমতো বিশ্রাম নিচ্ছেন কি না, সে বিষয় নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সরকারি-বেসরকারি অনেক সংস্থা আছে; তবে তাদের কাজ সন্তোষজনক নয়। আমাদের দেশে বস্তির শিশুদের বিকাশে সরকারি পদক্ষেপ নেই বললেই চলে।’