‘পোলায় গ্যাছে, ঈদভি গ্যাছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমতলীর নবাব কাটরা পঞ্চায়েত কমিটির কার্যালয়ের নিচতলায় মোহাম্মদ মামুনের ফলের দোকান। সামনে পাকা পেঁপে, জাম্বুরা, বাঙ্গির স্তূপ। পেছনের র‌্যাকে সাজানো কলার ফানা। পাশে লেমিনেটিং করে বাঁধানো একটি রঙিন ছবি। সাত বছর বয়সী এক বালক দাঁড়িয়ে আছে হাসিমুখে। তার নাম বৈশাখ। মামুন বললেন, ‘পয়লা বৈছাখে জন্মায় ছিল। হেরলাইগা আমার মায়ে অর নাম রাখছিল বৈছাক। মায়ে বহুত মায়া করত। পোলায় গ্যাছে, ঈদভি গ্যাছে।’ গতকাল সোমবার পুত্র হারানোর কথা বলতে বলতে গলা ধরে এল মামুনের। ৩ জুন বিভীষিকাময় রাতে পিতা-পুত্র একই সঙ্গে দোকানে ছিলেন। মামুন জানালেন, কিছু বুঝে ওঠার আগেই আগুনের এক প্রকাণ্ড গোলা এসে ঝাপটা দিয়েছিল তাঁর ফলের দোকানে। তিনি কেমন করে দোকান থেকে বের হয়ে পাশের গলির ভেতরে গিয়েছিলেন, তা বলতে পারবেন না। জ্ঞান ফিরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। ছেলে দোকান থেকে বের হতে পারেনি। ভেতরেই পড়ে ছিল তার দগ্ধ মৃতদেহ।মামুনের শরীরের ডান পাশ ঝলসে গেছে। প্রায় দুই মাস হাসপাতালে থেকে ফিরে এসে নতুন করে দোকানপাট খুলেছেন। ডান হাতের ক্ষত এখনো পুরোপুরি শুকোয়নি। কিন্তু সে জন্য শুয়ে-বসে থাকলে তো আর চলবে না। পেটের জ্বালা তো মেটাতে হবে। মনের ব্যথা মনে চেপে নতুন করে দোকানদারি শুরু করেছেন তিনি।ক্যাঠায় রান্নাবান্না করব: সৈয়দ মকবুল আলীর প্রায় ২৫ বছরের বেশি সংসার। তিনি ব্যবসা নিয়ে ব্যস্ত। স্ত্রী ফওজিয়া বেগমই সংসারের হাল ধরেছিলেন। বড় মেয়ের বিয়েরও উদ্যোগ নিয়েছিলেন। সব ঠিকঠাক থাকলে এই ঈদের পরেই বিয়ের কথা ছিল। আগুন শুধু ফওজিয়া বেগমকেই কেড়ে নেয়নি, মকবুল আলীর সাজানো সংসারও বিনষ্ট করে দিয়ে গেছে। দুটি ছেলেমেয়ে। হোসেনি দালানে নানির বাড়ি পাঠিয়ে দিয়েছেন তাঁদের। বললেন, ‘আমগো কি আর ঈদ আছে ? ক্যাঠায় রান্নাবান্না করব? সেই সিনডা ভুলতে পারতাছি না। আহের, পুইড়া কেমুন অইয়া গেছিল। কইলজা ফাইডা আসে।’নিমতলীর নবাব কাটরায় ৩ জুন অগ্নিকাণ্ডের পর চার মাস পেরিয়ে গেছে। আগুনে পোড়া দোকানগুলো নতুন করে মেরামত করা হয়েছে। নতুন রং লাগানো হয়েছে দেয়ালে। গতকাল সোমবার নবাব কাটরায় গিয়ে দেখা গেল, ৪৩ নম্বর যে বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেই বাড়িতেও বাহিরে পলেস্তারা লাগানো হচ্ছে। নতুন রং করা হয়েছে জানালার গ্রিলে। পুড়ে যাওয়া মুদিখানা, সেলুন, চায়ের দোকানগুলো চালু হয়েছে ফের। সবকিছু স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত বলেই মনে হয় বাহ্যিকভাবে। কিন্তু লোকগুলোর সঙ্গে কথা বললেই সেই বিভীষিকাময় দিনের স্মৃতি স্পষ্ট হয়ে ওঠে। চেপে রাখা ব্যথায় বাষ্পরুদ্ধ হয় তাঁদের কণ্ঠ, দমিত কান্না উদ্গত হয়ে ভিজিয়ে দেয় চোখ।যেমনটি হলো মোহাম্মদ সাদেকের ক্ষেত্রে। সত্তর পেরিয়ে গেছেন। তিন মেয়ে দুই ছেলে। ৪৪/১ নবাব কাটরায় তাঁর চার তলা বাড়ি। ডেকোরেটরের ব্যবসা। বড় ছেলে তাজ ব্যবসা দেখভাল করত। তিনি বলছিলেন, ‘পোলায় কইল, “বাবা বুড়া হইছেন। ব্যবসা-বাণিজ্য বন করই আল্লাবিল্লা করেন।” সেই পোলা মইরা গেল। বড় মাইয়া মইরা গেল। বিমার না, ইজার না, তরতাজা পোলা-মাইয়া এমুন করই মইরা গেল। কেমতে মনেরে বুঝ মানাই। নামাজে বসি, খাইতে বসি সব সময় ওগো মুখ মনের মইদ্যে ভাইসা ওঠে।’ ঝরঝর করে শিশুর মতো কেঁদে ফেললেন বৃদ্ধ মানুষটি।চুলকানি আর খাউজানি লইয়া আছি: ওষুধ নিয়ে আসছিলেন কোহিনূর বেগম। দুই পা তাঁর ঝলসে গিয়েছিল আগুনে। হাসপাতালে দুই মাস চিকিৎসার পর ছেড়ে দিয়েছে। স্বামী পরিত্যক্তা কোহিনূর এক ছেলেকে নিয়ে থাকতেন ৪৪/১ নবাব কাটরায় একটি ঘর ভাড়া নিয়ে। সব পুড়ে গেছে। নাজিমউদ্দিন রোডের ছক্কুমিয়ার গলিতে বোনের বাড়িতে এখন আছেন। পায়ের ক্ষতে টান ধরেছে। সব সময় চুলকায়। বললেন, মেডিকেল কলেজে গেলে ডাক্তার সাহেবেরা শুধু প্যারাসিটামল দেন। আর অন্য ওষুধ বাহির থেকে কিনতে বলে দেন। ধারকর্জ করে কিছু কিছু ওষুধপত্র কিনছেন। বাসাবাড়িতে কাজ করে দিন কাটাতেন। অগ্নিকাণ্ডের পর কাজ বন্ধ। বললেন, ‘চুলকানি আর খাউজানি লইয়া আছি।’পিঠ পুড়েছিল রাজমিস্ত্রী কুদ্দুস মিয়ার। আনোয়ারা বেগমের ডানহাত, কাঁধের একটি অংশ ঝলসে গেছে। কারখানার শ্রমিক নাসির উদ্দিনের দুই পা পুড়েছে। তাঁরা সবাই এসে দাঁড়িয়েছিলেন মামুনের ফলের দোকানের সামনে। ক্ষত কিছুটা শুকালেও কাজকর্মে যোগ দেওয়ার মতো অবস্থা নেই শরীরের। চামড়ায় টান পড়ায় সারাক্ষণ চুলকায়। রোদে বের হলে যন্ত্রণা আরও বেশি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন তাঁদের বাদবাকি চিকিৎসা করাতে হচ্ছে নিজের খরচেই। এদিকে আয় রোজগার বন্ধ। বড় আর্থিক সংকট যাচ্ছে। এর মধ্যে এসেছে ঈদ। সংসারই চলছে না, ঈদের কেনাকাটা করবেন কোত্থেকে—সবারই এই এক কথা।রুনা-রত্না-আসমার সংসার: রুনা-রত্না দুই বোন ও আসমার বিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জুন। হোসেনি দালান রোডে উম্মে ফারিহা আক্তার রুনার শ্বশুর বাড়িতে গিয়ে দেখা গেল, তার স্বামী রাশেদ হোসেন জামিল দুবাই থেকে ফিরে এসেছেন। সেখানে রুনার ভাই ফয়সলকেও পাওয়া গেল। জামিল জানালেন, ১২ বছরের প্রবাসজীবন ছেড়ে এবার পাকাপাকিভাবেই ঢাকায় চলে এসেছেন। চাকরি বা ব্যবসা কিছু একটা করবেন। ঈদের তেমন কিছু কেনাকাটা করেননি। মনটা ভালো না। রুনা ও জামিলদের পরিবারের ১৭ জন মারা গিয়েছিলেন ওই অগ্নিকাণ্ডে। বড় বোন সাবিনা আক্তার রত্না থাকেন তাঁর শ্বশুরবাড়ি নবাব বাগিচায়। রত্না জানালেন, ‘অনেকেই মনে করেন, প্রধানমন্ত্রী আমাদের বিয়ে দেওয়ায় আমরা বহু টাকাপয়সা পেয়েছি। এখনো বহু কিছু পাচ্ছি। কিন্তু আমরা যে আমাদের পরিবারের সবাইকে হারালাম, ঘরবাড়ি সবকিছু পুড়ে গেল, সেটা অনেকেই ভাবেন না। এ জন্য দুঃখ হয়।’ আসমা আছেন স্বামী আলমগীরের সঙ্গে কায়েতটুলীতে। সংসার তাঁদের ভালোই চলছে। কিন্তু স্বজন হারানোর বেদনা ম্লান করে দিয়েছে ঈদের আনন্দ।সবাই ভুলে গেছে: অগ্নিকাণ্ডের পর দাফনের জন্য ২০ হাজার টাকা, চিকিৎসার জন্য ১০ হাজার টাকা, তাৎক্ষণিক ক্ষতিপূরণের জন্য ১০ হাজার টাকা ও মৃত ব্যক্তিদের পরিবারপ্রতি এক লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছিল সরকারি ব্যবস্থাপনায়। এসবের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগরের তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার নিরোদ চন্দ্র মণ্ডল। গতকাল তিনি জানালেন, এরপর আর কোনো সাহায্য দেওয়া হয়নি। ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের জন্য কোনো সরকারি বরাদ্দ আছে কি না, জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো বরাদ্দ আসেনি। এ নিয়ে খানিকটা উষ্মাই প্রকাশ করলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার মোহাম্মদ মোহন। তিনি বললেন, ‘নিমতলীর আগুনে পোড়া লোকেদের কথা এখন সবাই ভুলে গেছে। ঈদের জন্য কিছু দেওয়া তো পরের কথা, অনেকে ভালোভাবে চিকিৎসাই পাননি। তাঁদের চিকিৎসাও পুরোপুরি করা হয়নি। ক্ষত নিয়েই দিন কাটাচ্ছেন তাঁরা। টাকার অভাবে উপযুক্ত চিকিৎসাও করাতে পারছেন না।’তবে স্থানীয় বাসিন্দারা জানালেন, এর মধ্যে একদিন স্থানীয় সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন নিমতলী এলাকার লোকেদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে গেছেন। সাহায্য বলতে এটুকুই।রমজানের রোজার শেষে ঈদ এখন সমাগত। উৎসবের আনন্দ উদ্যাপনের জন্য প্রস্তুত দেশবাসী। ঘরে ঘরে কেনাকাটা, উপহার দেওয়া-নেওয়া নিয়ে উৎফুল্ল পরিবেশ। নিমতলীর আগুনে পোড়া বাড়ির স্বজন-সম্পদ হারানো মানুষগুলোর জীবনেও আসছে ঈদ। তবে সেই ঈদ রোদনভরা, বেদনাবিধুর।