১৪১ বছরের পুরোনো ২২.৩৯ বর্গকিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর ফরিদপুর পৌরসভা নানা সমস্যায় জর্জরিত। এ পৌরসভার জনসংখ্যা এক লাখ ৩৫ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৬৬৬ ও মহিলা ৬৫ হাজার ১৭১ জন। মোট ভোটার ৬৩ হাজার ৭২৪।পানির সমস্যা প্রকট: ফরিদপুর পৌরসভায় মোট হোল্ডিং সংখ্যা ১১ হাজার ৪৮৫টি। এর মধ্যে পাঁচ হাজার ৯২৮টি বাড়িতে পানির সংযোগ রয়েছে। এ ছাড়া নলকূপের সংখ্যা চার হাজার ২৭টি। এরপরও ফরিদপুর পৌরসভায় পানির সমস্যা প্রকট। শহরের গোয়ালচামট, লক্ষ্মীপুর, টেপাখোলা ও কমলাপুর এলাকায় পানির সংকট প্রবল। এর মধ্যে গোয়ালচামট এলাকার অবস্থা সবচেয়ে করুণ। গোয়ালচামট এলাকার মিয়াপাড়া সড়কের বাসিন্দা শিক্ষক সোনিয়া চৌধুরী বলেন, ‘পানির চাপ কম থাকায় প্রায় এক বছর ধরে আমাদের বাড়িতে পানি আসে না। পৌর কমিশনার মরহুম বাচ্চু মিয়ার বাড়ির সামনের রাস্তার পাশে একটি ট্যাপ বসানো আছে। এ এলাকার মানুষকে প্রতিদিন ওই ট্যাপ থেকে পানি সংগ্রহ করতে হয়। অপরিষ্কার পানি সরবরাহের অভিযোগ দীর্ঘ দিনের। এ ছাড়া কিছু অসাধু লোক পানির লাইনে অবৈধভাবে মোটর লাগিয়ে পানি টেনে নেওয়ার কারণে অন্য গ্রাহকদের সমস্যায় পড়তে হয়।’ফরিদপুর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার বর্তমানে চার হাজার গ্রাহককে পানি দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু সংযোগ এর চেয়ে অনেক বেশি হওয়ায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। তা ছাড়া বিদ্যুৎ-বিভ্রাট ও মাঝেমধ্যে পাম্পের মেশিন বিকল হয়ে গেলে সংকট আরও চরম আকার ধারণ করে।অধিকাংশ সড়কের অবস্থা নাজুক: পৌর এলাকায় রাস্তা আছে ২৩২টি। রাস্তার পরিমাণ ১৮০.৮০ কিলোমিটার। অধিকাংশ সড়কের অবস্থা নাজুক। বিশেষ করে মসজিদবাড়ী সড়ক, আরোগ্য সদনের পেছনের রাস্তা, কবি জসীমউদদীন সড়ক, কোর্ট এলাকা, থানা রোড, পূর্ব খাবাসপুর-শান্তিবাগ সড়ক, চরকমলাপুর এলাকার খান বাহাদুর ইসমাইল হোসেন সড়ক, শোভাপুর এলাকার মহিম স্কুলের পেছনের সড়ক, লাশকাটাঘরসংলগ্ন সড়ক, কোহিনুর লাইব্রেরির সামনে থেকে হরিসভা পর্যন্ত সড়ক, চৌধুরীবাড়ী সড়ক, মিয়াপাড়া সড়ক, কানিজ সড়ক, নিলটুলী রাজেন্দ্র মেডিকেল হল থেকে সারদা সুন্দরী মহিলা কলেজ পর্যন্ত সড়ক, মহাকালী পাঠশালা থেকে রথখোলা সড়ক, সিংপাড়া সড়কসহ প্রায় সব সড়কের অবস্থাই খুব খারাপ।ঝিলটুলী এলাকার বাসিন্দা আহমেদ ফিরোজ বলেন, রাস্তাগুলো রক্ষণাবেক্ষণে ত্রুটি রয়েছে। প্রতিবছর রাস্তা সংস্কারের কাজ করা হলেও তা এত নিম্নমানের যে দুদিন পরই রাস্তাগুলো আগের অবস্থায় ফিরে যায়।নর্দমা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়: পৌরসভায় নর্দমা আছে ১০১.৯৩ কিলোমিটার। এর মধ্যে আরসিসি নর্দমা ১৫.৬২ কিলোমিটার, ইটের নর্দমা ৯.২৫ কিলোমিটার এবং কাঁচা নর্দমা ৭৭.০৬ কিলোমিটার। বেশির ভাগ নর্দমাই আটকে বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর নয়। শহরের গুরুত্বপূর্ণ থানারোড এলাকায় নর্দমা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। পূর্বখাবাসপুর থেকে বড়ইতলা হয়ে দক্ষিণ ঝিলটুলী এলাকা পর্যন্ত সড়কে নর্দমা না থাকায় বৃষ্টি হলে ওই এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ এলাকার কয়েক শ পরিবারকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ওই এলাকার বাসিন্দা ব্যাংকার বেল্লাল হোসেন বলেন, দক্ষিণ ঝিলটুলীর এ সমস্যার কথা বহুবার মেয়রকে জানানো হয়েছে। স্মারকলিপি দেওয়া হয়েছে, পত্রপত্রিকায় লেখাও হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।শিক্ষাক্ষেত্রের সমস্যা: পৌর এলাকায় ২৬টি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা, ১৪টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি কলেজ রয়েছে। এর মধ্যে পৌরসভা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে দুটি। একটি সাজেদা কবিরউদ্দীন কলেজিয়েট স্কুল, অপরটি আল-আমীন পৌর প্রাথমিক বিদ্যালয়।শহরের আলীপুর মহল্লায় কবি জসীমউদ্দীন সড়কে অবস্থিত সাজেদা কবির উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়ে বর্তমানে ১৪ জন শিক্ষক। ছাত্রীর সংখ্যা তিন শতাধিক। সেখানে শিক্ষকদের বেতন যাঁদের ৫৭ বছর অতিক্রম হয়েছে তাঁদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে।১৯৮৮ সালে এ স্কুলটি কলেজিয়েট স্কুলে উন্নীত হয়। ২০০১ সালে সাজেদা কবির উদ্দীন মহিলা কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথমদিকে পৌরসভা এ কলেজের শিক্ষকদের বেতনভাতা পরিশোধ করলেও পরে তা বন্ধ হয়ে যায়। কিছু দিন পর প্রতি শিক্ষককে দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। পরে তাও বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন পর তিন হাজার করে ভাতা দেওয়া শুরু হয়। একসময় সেটাও বন্ধ হয়ে যায়। এভাবে ছয় বছর ধরে শিক্ষকেরা বেতনভাতা কিছুই পাচ্ছেন না। এ বছর পৌর কর্তৃপক্ষ এক মৌখিক সিদ্ধান্তে ওই কলেজে একাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তি বন্ধ করে দেয়। বর্তমানে প্রায় ৫০ জন ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। বেতনভাতা ছাড়াই আটজন শিক্ষক নৈতিক দায়িত্ব থেকে ছাত্রীদের ক্লাস নিচ্ছেন।শহরের হারুকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত আল-আমীন পৌর প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে দুজন দৈনিক হাজিরা ভিত্তিতে কর্মরত আছেন। ছাত্রসংখ্যা প্রায় ৩০০। বিদ্যালয়ে আসবাবপত্রের প্রকট সমস্যা রয়েছে। বৃষ্টি হলে স্কুল ভবনের একটি রুমে পানি পড়ে। এ ছাড়া বিদ্যালয়টি কাঁচাবাজারের কাছে হওয়ায় বাজারের টয়লেটের গন্ধে স্কুলে টেকা দায়।নামেই ওরা পৌরবাসী: শহরের চুনাঘাটা সেতুর পাড় হয়ে ডান পাশে কুমার নদের পাড় ঘেঁষে বসবাস করছে ১৫০টি পরিবার। জালালের বাড়ি থেকে ফকিরপাড়া মসজিদ হয়ে মিলন পালের ভাটা পর্যন্ত এলাকায় বসবাস করে ওরা। পৌরসভার বাসিন্দা হয়েও সকল প্রকার পৌর সুযোগসুবিধা থেকে ওরা বঞ্চিত। সেখানে নেই চলাচলের জন্য কোনো সড়ক, নেই পানির সংযোগ, নেই বিদ্যুৎ সরবরাহ। এলকার বাসিন্দা ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘আমরা পৌর এলাকায় বাস করেও যেন পরবাসী হয়ে আছি। চুনাঘাট জালালের বাড়ি থেকে মিলন পালের ইটের ভাটা হয়ে বেড়িবাঁধ পর্যন্ত একটা রাস্তার জন্য বারবার পৌরসভাসহ বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও আমরা এর সমাধান করতে পারিনি। তারা শুধু আশ্বাসই দিয়েছে, কিন্তু কাজ করেনি।’বিনোদনহীন পৌরসভা: পৌরসভার নাগরিকদের জন্য বিনোদনের কোনো সুব্যবস্থা নেই। পৌরবাসী বাধ্য হয়ে বিনোদন খুঁজতে ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় পদ্মা নদীর পাড় বা অম্বিকাপুর ইউনিয়নে কবি জসীমউদ্দীনের বাড়িতে যায়। দুটির একটিও পৌর এলাকায় অবস্থিত নয়।পৌরসভার মধ্যে অবস্থিত চাঁনমারী উদ্যানে ঈদগাঁ করা হয়েছে। ১৯৭৯ সালে অম্বিকা ময়দানের পাশে একটি শিশুপার্ক নির্মাণ করা হয়েছিল। কিন্তু ১০ বছরের মধ্যে শিশুপার্কের যাবতীয় যন্ত্রপাতি চুরি হয়ে যায়। শিশুপার্কের ওই জায়গাও বর্তমানে পৌরসভার দখলে নেই।যানজটে প্রাণ ওষ্ঠাগত: যানজটমুক্ত ছিমছাম বসবাসের উপযোগী শহর ছিল ফরিদপুর। কিন্তু বর্তমানে শহরের ১০ থেকে ২০ ফুট প্রশস্ত সড়কে প্রতিদিন ১১ ধরনের যানবাহন চলাচল করে। দুই বছর ধরে ইজি বাইক তথা ব্যাটারি-চালিত অটোরিকশার দৌরাত্ম্যে শহরটি নাস্তানাবুদ হয়ে পড়েছে। নিয়ন্ত্রণ না থাকায় বর্তমানে প্রায় চার হাজার অটোবাইক ছোট্ট এ শহরে চলাচল করছে। প্রথমদিকে পৌরসভা এ যানগুলোকে লাইসেন্স দিলেও পরে বিআরটিএর আপত্তির কারণে তা বন্ধ করে দেয়। কিন্তু লাইসেন্স দেওয়া বন্ধ হলেও প্রতিদিন শহরের পথে নতুন নতুন বাইক নেমে যানজট ভয়াবহ করে তুলছে। বালু ও মাটি টানার ট্রাকগুলো আচ্ছাদন ছাড়া বালু ও মাটি ভর্তি করে শহরের ওপর দিয়ে চলাচল করে। ফলে শহরটি ধূলির শহরে পরিণত হয়। বিশেষত শুকনো মৌসুমে এ সমস্যা হয় তীব্র।দখল হয়ে যাচ্ছে পৌরসভা: প্রতিনিয়ত অবৈধ দখলে চলে যাচ্ছে পৌরসভার জমি। ফরিদপুর খালের পশ্চিম অংশ দখলমুক্ত করা সম্ভব হলেও মামলার কারণে বাদামতলী সেতু থেকে পূর্বদিকের অবৈধ দখল উৎখাত করা যাচ্ছে না। সেখানে পৌরসভার জায়গার ওপর গড়ে উঠছে বহুতল বাড়ি। স্টেশন রোড এলাকা ও ময়ড়াপট্টি এলাকার পৌরসভার অনেক জমি চলে গেছে অবৈধ দখলে। পৌরসভা এসব জমি দখলমুক্ত করার জন্য মামলা করেও খুব একটা সুবিধা করতে পারছে না।পৌসভার নিয়ম মানে কয়জন: ফুটপাত দখল করা যাবে না, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না, বাড়ি করার আগে প্লান পাস করিয়ে নিতে হবে, সরাসরি পানির লাইনে মোটর লাগিয়ে পানি টানা যাবে না, নিয়মিত পৌরকর ও পানির বিল পরিশোধ করতে হবে—প্রভৃতি নিয়ম আছে পৌরসভার। কিন্তু এসব নিয়মনীতির তোয়াক্কা করে না এক শ্রেণীর পৌরবাসী। সাততলা ভবনের অনুমোদন নিয়ে ১০-১১ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। প্লান পাস না করে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। কোনো সড়ক বা মোড়ের নাম কী হবে তা এলাকার প্রভাবশালীরাই ঠিক করে নিচ্ছেন। অথচ পৌরসভার এ ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ নেই।রিকশাভাড়া লাগামহীন: শহরের প্রধান যানবাহন রিকশা। অথচ এ রিকশার ভাড়া লাগামহীন। বেশি ভাড়া ও রিকশাচালকদের দুর্ব্যবহারের কারণে প্রায়ই রিকশাচালকদের সঙ্গে যাত্রীদের বচসা এবং মারামারি হচ্ছে। পৌরসভা রিকশাভাড়ার চার্ট করলেও তা মানা হচ্ছে না। অথচ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।ভরাট হয়ে যাচ্ছে কুমার নদ: কুমার নদের একটি অংশ ফরিদপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এ নদের আলীমুজ্জামান সেতুসংলগ্ন অংশে নদীর দুই পাশে ময়লা-আবর্জনা ফেলে নদীটি প্রায় ভরাট করে ফেলা হচ্ছে। বিশেষত নদীর দুই পাশের তিতুমীর বাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়ত এ কাজ করছেন। পৌরসভা শরীয়তুল্লাহ বাজারে ডাস্টবিন স্থাপন করেও এ সমস্যার সমাধান করতে পারেনি।ফুটপাত দিয়ে হাঁটা যায় না: পৌর এলাকার রাস্তার দুই পাশের ফুটপাতগুলো সারা বছরই আশপাশের দোকানদারদের দখলে থাকে। ব্যবসায়ীরা রড, সিমেন্টসহ নানা ধরনের পণ্য রেখে ব্যবসা করেন। এতে পথচারীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দু-এক দিনের মধ্যে তা আবার আগের অবস্থায় চলে যায়।আরও নানা সমস্যা: ফরিদপুরে সরকারি বা বেসরকারি কোনো হাসপাতাল বা ক্লিনিকের বর্জ্য নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা নেই। হাসপাতালের সামনে বা ভেতরের ক্যাম্পাসে বর্জ্য স্তূপ আকারে ফেলে রাখা হয়। বাড়িঘর নির্মাণের আগে সব দিকে দেড় ফুট জায়গা ছাড়ার নিয়ম পালিত হয় না। আবাসিক এলাকায় ক্লিনিক হাসপাতাল করে পৌর নাগরিক নীতি লঙ্ঘন করা হয়, অথচ তা ঠেকানোর কোনো কার্যক্রম চোখে পড়ে না। হাসপাতালের সামনে উচ্চস্বরে ভেঁপু না বাজানোর নিয়ম কেউই মানে না। বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে, কোচিং সেন্টারের প্রচারমূলক ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহর। যখন-তখন উচ্চস্বরে মাইক বাজিয়ে পণ্য কেনাবেচা করা হচ্ছে।মেয়র বলেন: ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু বলেন, ‘জরুরি ভিত্তিতে কিছু নর্দমা নির্মাণ করতেও চাই। কিন্তু ওই এলাকায় পৌরসভার বাড়তি জায়গা নেই। এলাকাবাসীও জায়গা দিতে চায় না। আর বিনোদনের জন্য নতুন বাসস্ট্যান্ডের পাশে শিশুপার্ক করার জন্য টাকা আলাদা করে রেখেছি। তাড়াতাড়িই কাজ শুরু করতে পারব।সাজেদা কবির উদ্দীন মহিলা কলেজ চালানোর মতো পর্যাপ্ত জায়গা নেই। স্বীকৃতিগতও নানা সমস্যা আছে। ফলে কলেজটি বন্ধ করে দেওয়ার জন্য পৌরসভায় সিদ্ধান্ত হয়েছে। সে সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ছাত্রী ভর্তি করতে বারণ করা হয়েছে। অবৈধ দখলমুক্ত করার জন্য মামলা করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। তবে পৌরসভা যেকোনো মূল্যে অবৈধ দখলমুক্ত করতে তৎপর।তবে নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও প্রতিবেশীর প্রতি যত্নশীল হতে হবে। পৌরসভার জনবল কম। একা পৌরসভার পক্ষে আইন প্রয়োগ ও কার্যকর করা সম্ভব নয়।’