‘পৌর নাগরিক পরিচয় দিতে বিবেকে বাধে’
ভওয়াখালী গ্রামের পাকা রাস্তা দিয়ে পশ্চিম দিকে এগোলেই রাস্তার দুই পাশে সবুজ ফসলি মাঠ। প্রায় দুই মাইল দূরে দিগন্ত রেখার কাছাকাছি সবুজের মাঝখান থেকে উঁকি দেয় বাড়িঘর। মাটির উঁচু ঢিবি। একেকটি ঢিবির ওপর কয়েকটি বসতবাড়ি নিয়ে একেকটি পাড়া। এ রকম প্রায় ১৬টি পাড়া নিয়ে বাহিরডাঙ্গা গ্রাম। এটি প্রথম শ্রেণীর মর্যাদাসম্পন্ন নড়াইল পৌরসভার উন্নয়নবঞ্চিত একটি গ্রাম। পৌর ভবন থেকে তিন কিলোমিটার পশ্চিমে পাথরঘাটা বিলে এ গ্রামের অবস্থান। এখানে ১০০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস। ভোটারসংখ্যা প্রায় এক হাজার। কৃষিকাজই জীবিকা নির্বাহের প্রধান উৎস।সরেজমিন দেখা গেছে, বাহিরডাঙ্গা গ্রামে যাওয়ার একমাত্র রাস্তায় ইট বিছানো। তবে রাস্তার অবস্থা এতই খারাপ যে মোটরসাইকেল কিংবা বাইসাইকেল চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। হেঁটে চললেও পা মচকে যাওয়ার ভয় আছে। এ ঢিবি থেকে ওই ঢিবিতে যাওয়ার কোনো রাস্তা নেই। গ্রামে এনজিও পরিচালিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, তাও বন্ধ। একটি মন্দির আছে, কিন্তু ভাঙাচোরা। বিদ্যুতের খুঁটি আছে কিন্তু বিদ্যুৎ নেই। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই।কৃষক হরিপদ অভিযোগ করেন, ‘ভোট আসলিই প্রার্থীগে পা পড়ে এ গিরামে। পোরতেকেই তহোন কতো রকমের কথা কয়ে ভোট চায়। ভোট হয়ে গিলি কেউ আমাগে খবরও নেয় না।’ গ্রামের প্রিয়নাথ বিশ্বাসের ক্ষোভটা একটু বেশি। তিনি বলেন, ‘শুনিছি, গিরামের রাস্তা করার নামে চিয়ারম্যান-মেম্বররা (মেয়র-কাউন্সিলর) দুইবার টাকা তুলে খায়ে ফেলিছে। সেই জন্যি দুদকের লোকজন গিরামে খোঁজ নিতি আইছিল। তারা রাস্তা দেহে আমাগে সব কিছু কয়ে গেছে।’ গৃহবধূ দুর্গারানী বিশ্বাস বলেন, ‘প্রায় ১৬ বছর আগে বউ হয়ে এ গ্রামে এসেছি। কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া চোখে পড়েনি। যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই। ভাঙাচোরা রাস্তা দিয়েই চলাফেরা করতে হয়। হাঁটতে গেলে পা মচকে যাওয়ার ভয় থাকে। গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তিন-চার মাইল দূরের স্কুলে ছেলেমেয়েরা খুব একটা যেতেও চায় না। বর্ষাকালে নৌকা, তালের ডোঙা কিংবা কলাগাছের ভেলা বানিয়ে চলতে হয়।’ স্কুলছাত্রী অপর্ণা বিশ্বাস বলে, ‘গ্রামে স্কুল না থাকায় আমাদের তিন-চার কিলোমিটার দূরের স্কুলে যেতে হয়। দূর হওয়ায় প্রতিদিন স্কুলে যেতেও মন চায় না। বর্ষাকালে স্কুলে যাই না।’স্বভাবকবি বিপিন সরকার বলেন, ‘সেই ১৯৭২ সাল থেকে গ্রামের মানুষ ভোট ও পৌর ট্যাক্স দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ গ্রামে কবি, সাহিত্যিক, শিল্পী, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বাস করলেও নিজেদের পৌর নাগরিক হিসেবে পরিচয় দিতে বিবেকে বাধে। যাতায়াতের রাস্তা করতে যে জমির প্রয়োজন হয়েছে, তা গ্রামের মানুষ পৌরসভাকে বিনা পয়সায় দিয়েছে। তারপরও কিছু হচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত গ্রাম বলেই কি এত অবহেলা?’ পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস বলেন, ‘বাহিরডাঙ্গা গ্রামে উন্নয়নমূলক অনেক কাজই করা হয়েছে। কয়েক বছর আগেও ওই গ্রামের মানুষকে গামছা পরে মাঠ পাড়ি দিয়ে এপাড়ে এসে হাত-পা পরিষ্কার করে হাট-বাজার, স্কুল-কলেজ, অফিস-আদালতে যাতায়াত করতে হয়েছে। বর্তমানে সেখানে ইটের রাস্তা করা হয়েছে। ভবিষ্যতে রাস্তাটি পাকা করার পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী উন্নয়ন হয়নি।’