‘পৌরসভার মেয়র পদে থেকে নির্বাচন করা যাবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা চেয়ারম্যানের পদে থেকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। পৌর চেয়ারম্যানের পদকে লাভজনক অভিহিত করে ৯ ডিসেম্বর জারি করা এক পরিপত্রে ইসি বলেছে, পদত্যাগ করা ছাড়া কেউ পৌর নির্বাচনে অংশ নিতে পারবেন না।গতকাল রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে ইসির পরিপত্রের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেন। আদালত ওই বিধান কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।ঠাকুরগাঁও পৌরসভার মেয়র শহীদ কামাল চৌধুরী গতকাল করা রিট আবেদনে দাবি করেন, নির্বাচন কমিশনের পরিপত্র পৌর আইন-২০০৯-এর ২(৫৭),১২,১৯(২) ঙ-এর লঙ্ঘন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে স্থগিতাদেশ দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এ এম আমিনউদ্দিন ও মুন্সি মনিরুজ্জামান মামলা পরিচালনা করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। এ এম আমিনউদ্দিন প্রথম আলোকে বলেন, এর ফলে মেয়র পদে থেকেই প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন।চাঁদপুরের নির্বাচন স্থগিত: চাঁদপুর পৌরসভার নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন আদালত। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, যথার্থ, সঠিক ও হালনাগাদ ভোটার তালিকা তৈরি না করা পর্যন্ত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে। তফসিল অনুসারে আগামী ১৮ জানুয়ারি চাঁদপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা। তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মনজুরুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন।