মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দেরি হওয়ার জন্য কারিগরি সমস্যার পাশাপাশি জনশক্তি রপ্তানিকারকদের দিকেও অভিযোগের আঙুল তুলছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা
‘প্রক্রিয়াগত বিলম্বে’ এখনো অধরা মালয়েশিয়ার স্বপ্ন
মাত্র ৪০ হাজার টাকা খরচে মালয়েশিয়া পাঠানোর সরকারি উদ্যোগ বিদেশে চাকরিপ্রার্থীদের মনে ব্যাপক আশার সঞ্চার করেছিল। কিন্তু উদ্যোগ নেওয়ার প্রায় ছয় মাস হয়ে গেলেও বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ শ্রমবাজারে এখনো কোনো কর্মী যাননি।সরকার বলছে, নিবন্ধন প্রক্রিয়াসহ অন্য সব কাজই চূড়ান্ত করা হয়েছে। কিন্তু সরকারিভাবে (জিটুজি) লোক পাঠানোর পদ্ধতিটি বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের জন্যই নতুন বলে দেরি হচ্ছে। তবে চলতি মাসেই দেশটিতে কর্মী যাওয়া শুরু হবে।বিভিন্ন সময়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কয়েক দফা সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। কিন্তু এর কোনোটাই বাস্তবায়িত হয়নি।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই দেরির জন্য কারিগরি সমস্যার পাশাপাশি সরকারিভাবে কর্মী পাঠানোর বিরোধী জনশক্তি রপ্তানিকারকদের দিকেও অভিযোগের আঙুল তুলছেন। তবে ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, সরকার কাজটি একা করতে যাওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। জনশক্তি রপ্তানিকারকেরা প্রথম থেকেই সরকারি উদ্যোগে বিদেশে শ্রমিক পাঠানোর বিরোধিতা করে আসছেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস গতকাল রোববার প্রথম আলোকে বলেন, জিটুজি দুই দেশের জন্যই নতুন। প্রক্রিয়াগত কারণে লোক পাঠানো বিলম্বিত হচ্ছে। তবে চলতি মাসেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় লোক আসা শুরু হবে। মালয়েশিয়ার আগামী নির্বাচন এবং পরিবর্তনীয় রাজনৈতিক চিত্রপট এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে কি না, জানতে চাইলে মন্টু কুমার বলেন, ‘আমরা এখানকার সরকারি কর্মকর্তাদের কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। কিন্তু তাঁরা জানিয়েছেন, দুই দেশের সরকারই যেহেতু জিটুজি প্রক্রিয়ায় সম্মত হয়েছে, সেখানে ভবিষ্যতে যা-ই হোক না কেন, এই পদ্ধতি নিয়ে কোনো সংকট হবে না।’গত বছরের ২৬ নভেম্বর স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, মালয়েশিয়া সরকারিভাবে পাঁচটি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেয়। ৩০ ডিসেম্বর দেশটি প্রথম দফায় ১০ হাজার কর্মীর চাহিদাপত্র পাঠায়। সারা দেশে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ৩৬ হাজার ৩৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম দফায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য লটারিতে ১০ হাজার ৫৭৮ জনকে নির্বাচিত করা হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, নির্বাচিত ওই সাড়ে ১০ হাজার কর্মীর স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণসহ সব কার্যক্রম ফেব্রুয়ারিতেই সম্পন্ন হয়। মার্চের প্রথমার্ধে যোগ্যদের চূড়ান্ত তালিকা পাঠানো হয় কুয়ালালামপুরে। মার্চের শেষ সপ্তাহেই এই তালিকা ধরে মালয়েশিয়ার কর্তৃপক্ষের ভিসার সুপারিশ (ভিসা উইথ রেফারেন্স-ভিডব্লিউআর) ঢাকায় পাঠানোর কথা ছিল। সেটি এলে চার থেকে পাঁচ দিনের মধ্যেই কর্মীদের মালয়েশিয়ায় যেতে পারার কথা। সে অনুযায়ী সরকার ঘোষণা দেয়, ২৭ মার্চ মালয়েশিয়ায় প্রথম ফ্লাইট যাবে। কিন্তু কথিত ‘কারিগরি সমস্যার’ কারণে মালয়েশিয়ার সেই তালিকা পাঠাতে বিলম্ব হয়। এ কারণে এখনো কর্মী যেতে পারেননি।সরকারিভাবে কর্মী পাঠানোর এই প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। বুয়েট ও বিএমইটি সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল মালয়েশিয়া ২৩৯ জন কর্মী নেওয়ার জন্য একটি তালিকা পাঠায়। কিন্তু তারা একই সঙ্গে বলে, কাগজপত্রে এদের মধ্যে অনেকের নাম ভুল আছে। বিএমইটি ও বুয়েট সেগুলো সংশোধন করে ২৩৩ জনের একটি তালিকা গতকাল মালয়েশিয়ায় পাঠিয়েছে। সরকার আশা করছে, মালয়েশিয়া নতুন এই তালিকা চূড়ান্ত করলে শিগগিরই প্রথম দফায় একদল কর্মী সে দেশে যেতে পারবেন।আইআইসিটির পরিচালক ও বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম গতকাল প্র্রথম আলোকে বলেন, ‘দুই দেশের জন্যই যেহেতু পদ্ধতিটা নতুন, এ জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। আর মালয়েশিয়া প্রায়ই নতুন নতুন চাহিদার কথা বলছে। সেভাবে তালিকা করতে গিয়ে সময় লাগছে। তবে একবার কর্মী যাওয়া শুরু হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না।’জনশক্তি রপ্তানিকাকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সরকারিভাবে লোক পাঠানোর প্রক্রিয়াকে আমরা বরাবরই স্বাগত জানাই। কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো লোক পাঠাতে পারেনি। ব্যবসায়ীদের নিয়ে কাজ করলে এত দিনে অনেক লোক সেখানে যেত এবং বাজার পুরোপুরি চালু হয়ে যেত।’প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, ‘এপ্রিল মাস থেকেই মালয়েশিয়ায় ধারাবাহিকভাবে কর্মী যাওয়া শুরু করবে বলে আমরা আশা করছি। আর এই প্রক্রিয়ার মাধ্যমে খরচ যেমন কমবে, তেমনি প্রতারণাও কমবে।’অসাধু জনশক্তি রপ্তানিকারকদের প্রতারণাসহ নানা অনিয়মের অভিযোগে মালয়েশিয়া একাধিকবার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটি। তবে অতীতের সমস্যা এড়াতে শুধু দুই দেশের সরকারের উদ্যোগে এ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।