‘প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল’
২০১০ বিশ্বকাপে ব্রাজিলের সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে?কাকা: আমাদের গ্রুপটা হয়েছে খুবই জটিল। সম্ভবত প্রথম রাউন্ডে আর সবার চেয়ে আমাদের গ্রুপটাই বেশি কঠিন। আইভরিকোস্ট, পর্তুগাল এবং উত্তর কোরিয়ার মতো দলের মুখোমুখি হতে হবে আমাদের। কাজটা কঠিন, তবে একদিক দিয়ে কিন্তু এটি আমাদের জন্য প্রেরণাও। কারণ আমরা জানি, বিশ্বকাপের শুরু থেকেই আমাদের সেরাটাই নিংড়ে দিতে হবে। সর্বোচ্চ প্রস্তুতিটাই নিয়ে যেতে হবে আমাদের। তা না হলে হয়তো অপ্রত্যাশিত কোনো চমকের শিকার হতে পারি আমরা। নিজের ফর্ম আর ফিটনেস নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?কাকা: নিজের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট নই। কিন্তু আমার সমস্যাটা শারীরিক। রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই শরীরটা খুব ভুগিয়েছে। কদিন আগে অনুশীলনে বলে মারতে গিয়ে আবারও ঊরুতে ব্যথা অনুভব করছি। অবশ্য গুরুতর কিছু নয়। আমার মূল লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ জেতা। ক্লাব পর্যায়ে খেলোয়াড়েরা যত পরিশ্রম করছে, সেটি কিন্তু বিশ্বকাপকে উপলক্ষ করেই। রিয়াল মাদ্রিদের হয়েও আমাকে ভালো প্রস্তুতি নিতে হবে। যেন দক্ষিণ আফ্রিকায় আমি আমার সেরা ফর্ম নিয়ে যেতে পারি। কোচ হিসেবে সাফল্য পেলেও কার্লোস দুঙ্গাকে নিয়ে অনেক সমালোচনা হয়। বিশেষ করে, ব্রাজিলের সুন্দর ফুটবল আর নেই। আপনার নিজের মত কী?কাকা: মানুষ হিসেবে তিনি খুবই সিরিয়াস। খুবই বাস্তববাদী। সব সময় সঠিক সিদ্ধান্তটাই নিতে চান। মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই তাঁর দৃষ্টিভঙ্গি প্রায় একই রকম। আমরা যে ফলাফল পাচ্ছি, এর চেয়ে ভালো ফলাফল আর কি আশা করা যায়! আমরা কোপা আমেরিকা জিতেছি। কনফেডারেশনস কাপও জিতলাম। বাছাইপর্বে আমরাই ছিলাম সবার ওপরে। আমাদের খেলার ধরন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেই কঠিন সময়টায় দুঙ্গা ইস্পাতের মতো দৃঢ় আর শান্ত ছিলেন। এটা আমাদের নির্ভার থাকতে সাহায্য করেছে। আরও একটা ব্যাপার, উনি খেলা ছেড়েছেন খুব বেশি দিন হয়নি। ফলে খেলোয়াড়দের মানসিকতাটা সহজেই বুঝতে পারেন। বুঝতে পারেন, খেলোয়াড়েরা কী চাইছে, তাদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে। গতবার তো ফেবারিট হয়েও ব্রাজিল বাদ পড়ল কোয়ার্টার ফাইনাল থেকে। চার বছর আগের ব্যর্থতা মুছে ফেলতে চান কি না?কাকা: আমি আসলে ব্যাপারটা এভাবে ভাবি না। তবে হ্যাঁ, মানতে হবে, আমাদের সামনে বড় সুযোগ এসেছে গতবারের দুঃস্মৃতি উপড়ে ফেলার। ১৯৯৪ থেকে ২০০২ পর্যন্ত টানা তিনটি বিশ্বকাপেই আমরা কিন্তু ফাইনালে পৌঁছেছিলাম। সেদিক দিয়ে বিবেচনা করলে ২০০৬ আমাদের জন্য ছিল বড় একটা ব্যর্থতার বিশ্বকাপ। তবে সেটা কিন্তু ছিল আমাদের একটা চক্রের শেষবিন্দুতে পৌঁছে যাওয়ার মতো। এর পর দল ছেড়ে চলে গেছে অনেক খেলোয়াড়। নতুন আরও অনেকে যোগ দিয়েছে। এখন আমরা নতুন আরও একটি চক্র শুরু করতে যাচ্ছি। আশা করছি, সেই চক্রটা শুরু হবে ২০১০ বিশ্বকাপ থেকেই। এবার বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু?কাকা: অনেকেই আমাদের ফেবারিট বলছে। তবে এই ধরনের বড় টুর্নামেন্টে কিন্তু যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। আপনি জিততে পারেন, আবার হারতেও পারেন। কিন্তু আমরা যদি সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারি, আমাদের একটা ভালো সুযোগ থাকবে শিরোপা জয়ের। প্রস্তুতির জন্য যে দুই সপ্তাহ আমরা সময় পাব, সেটি পুরোপুরি কাজে লাগাতে হবে। কারণ এটাই হবে টুর্নামেন্টের শিরোপা জয়ের মূল ভিত্তি। অনেকেই তো বলছে, ব্রাজিলের এই দলে তারকা-সংকট। আপনি আর রবিনহো ছাড়া সেভাবে আন্তর্জাতিক পর্যায়ে তারকাখ্যাতি আর কারও নেই।কাকা: আসলে মানুষকে বুঝতে হবে, একটা করে প্রজন্ম আসে, আবার চলেও যায়। ২০০৬ সালে পুরো একটা যুগের সমাপ্তি হয়েছিল। দলে তরুণ যারা আছে, তারাও কিন্তু ব্রাজিল দলে খেলার মাহাত্ম্য বোঝে। এই দলটায় এমন অনেক খেলোয়াড় আছে, এবারের বিশ্বকাপে সাফল্য পেতে যারা মুখিয়ে থাকবে। আপনার দৃষ্টিতে এবারের ফেবারিট কারা?কাকা: ইংল্যান্ডের কথাই বলব। গত ইউরোতে কোয়ালিফাই করতে না পারার ব্যর্থতার পর এত দ্রুত ওরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি অবিশ্বাস্য। বাছাইপর্বেও ওরা দুর্দান্ত খেলে চূড়ান্ত পর্বে উঠেছে। ওদের গ্রুপটাও কিন্তু কঠিন ছিল। আমার মনে হয় না, কেউ আশা করেছিল, ইংল্যান্ড এতটা দুর্দান্ত খেলে চূড়ান্ত পর্বে নাম লেখাবে। বিশেষ করে, ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটো দুর্দান্ত জয়। ইংল্যান্ডে সব সময় দুর্দান্ত কিছু খেলোয়াড় ছিলই। তবে ওদের মধ্যে যে পরিবর্তনটা এসেছে, এসব দুর্দান্ত খেলোয়াড় একজোট হয়ে পুরো একটা দল হয়ে উঠেছে।