‘প্রতিপক্ষ যে-ই হোক আমরা প্রস্তুত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। বাংলাদেশের গড়পড়তা বাস্কেটবল খেলোয়াড়ের তুলনায় অনেক লম্বা। এই উচ্চতাই প্রথমে সবার চোখে পড়ে। পড়েন মালয়েশিয়ার সারাওয়াক কার্টিন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু দেশের টানে চলে এসেছেন খেলতে। ধানমন্ডি উডেনফ্লোরে আজ শুরু দক্ষিণ এশীয় বাস্কেটবলে খেলবেন। আজই জাতীয় দলে অভিষেক হতে পারে জেনে শেখ তাহমিদ হাসিন ভীষণ রোমাঞ্চিত দক্ষিণ এশীয় বাস্কেটবলের জন্য কেমন প্রস্তুতি আপনার?শেখ তাহমিদ হাসিন: প্রস্তুতি ভালোই নিয়েছি। এই টুর্নামেন্টের জন্য ঢাকায় এসে ক্যাম্পে এক মাস অনুশীলন করেছি। এখানে খেলার জন্য অনেক আগে থেকেই আমি অপেক্ষা করছি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছি, একটু বেশিই রোমাঞ্চিত বলতে পারেন।  মালয়েশিয়া থেকে যে চলে এলেন, পড়াশোনার ব্যাঘাত ঘটবে না?তাহমিদ: ব্যাপারটা ঠিক তেমন না। বিশ্ববিদ্যালয় খোলা আছে। কিন্তু আমার প্রথম সেমিস্টার শেষ হওয়ার পর লম্বা ছুটি ছিল। ওই ছুটির ফাঁকেই এখানে খেলতে এসেছি। বাংলাদেশে এসেই দলে সুযোগ পেয়ে গেলেন?তাহমিদ: দলে সুযোগ পাওয়াটা সহজ ছিল না। আমার একটা সুবিধা ছিল, এর আগেও আমি যুবদলে খেলেছি। লিগে নিয়মিত খেলতাম ধূমকেতুর হয়ে। তাই প্রাথমিক ২২ জনের দলে ডাক পাব, এটা জানতাম। এরপর চূড়ান্ত বাছাইয়েও দেখি আমার নাম আছে। টুর্নামেন্টে ভারত খেলছে না। এতে কি বাড়তি সুবিধা হবে বাংলাদেশের?তাহমিদ: ভারত থাকুক বা না-থাকুক সেটা আমাদের দেখার বিষয় না। আমরা ভালো অনুশীলন করেছি। প্রতিপক্ষ যে-ই হোক আমরা প্রস্তুত। আশা করি, চ্যাম্পিয়ন হতে পারব। কিন্তু পাকিস্তানও তো শক্ত প্রতিপক্ষ!তাহমিদ: এটা ঠিক, ওদের বিপক্ষেও আমরা জিতিনি। তবে কাউকেই আলাদা করে দেখছি না, বা কাউকে খাটো করেও দেখছি না। এবার পাকিস্তানকে আমরা হারাতে পারব—এই আত্মবিশ্বাস আমাদের আছে।  এবার মালয়েশিয়ার কথা বলুন। ওখানে তো ফুটবল, ব্যাডমিন্টন, হকিই বেশি জনপ্রিয়। বাস্কেটবলের অবস্থান কেমন? তাহমিদ: ওখানে বাস্কেটবলও বেশ জনপ্রিয়। কিছুদিন আগে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের আয়োজনে বাস্কেটবল নিয়ে তো রীতিমতো উৎসব পড়ে গিয়েছিল। খেলাটা এত জনপ্রিয় হয় যে রাস্তার মধ্যে কোর্ট বানিয়ে সবাই খেলতে শুরু করে দেয়। বিশ্ববিদ্যালয়ের দলে কীভাবে ডাক পেলেন?তাহমিদ: বাস্কেটবল আমার কাছে একটা নেশা, সেই ছোটবেলা থেকে খেলছি। আমাদের ক্যাম্পাসের কোর্টে একদিন খেলতে গেলাম। ভালোই খেললাম। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে পরিচয় হলো। আমার খেলা দেখে ওদের ভালো লাগল। এরপর একদিন বিস্ময়ের সঙ্গে দেখলাম, ট্রেনিং ক্যাম্পে ডাক পেয়ে গেছি! এভাবেই বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলে ঢুকলাম। এখন তো আমাকে ছাড়া দলই হয় না। মজার ব্যাপার কি জানেন, ওরা সবাই মনে করে, বাংলাদেশ মানেই ক্রিকেটের দেশ। এখানে যে বাস্কেটবলও খেলা হয় সেটা আমার খেলা দেখে বুঝতে পেরেছে।  মালয়েশিয়ায় কি কোনো পেশাদার ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন?তাহমিদ: এখনো পাইনি। আমরা শুধু কলেজ পর্যায়েই খেলি। তবে যদি কখনো প্রস্তাব পাই ভেবে দেখব।  বাস্কেটবলে আপনার প্রিয় খেলোয়াড় কে?তাহমিদ: যুক্তরাষ্ট্রের লেবরন জেমস। স্পেনের রিকি রুবিওর খেলাও ভীষণ ভালো লাগে।