আইসিসি ট্রফি জয় থেকে টেস্ট ক্রিকেটে পদার্পণ—বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নযাত্রার সময়টায় মাঠের বাইরে নেতৃত্ব দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন উৎপল শুভ্র টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের ১০ বছর পূর্তিতে সে সময়ের স্মৃতি কি ভিড় করছে না আপনার মনে?সাবের হোসেন চৌধুরী: তা তো করছেই। ১০ বছর পূর্তিতে স্বাভাবিকভাবেই শুরুর সময়টা মনে পড়বে, পড়ছেও। এর সঙ্গেই একটা প্রশ্ন চলে আসে—কীভাবে আমরা এটা করলাম, কতটুকু সফল হলাম এবং এর ধারাবাহিকতায় আমরা কতটুকু এগোলাম। আসলে শুধু ক্রিকেটের ক্ষেত্রেই নয়, জাতীয় কোনো ক্ষেত্রেই আমাদের এই সংস্কৃতিটা নেই। আত্মসমালোচনা করা বা নিজে থেকে বলা, এটা ভুল হয়েছে, এটা ওভাবে করা যেত। আমরা সবাই কৃতিত্বের প্রতিযোগিতায় আছি। কে কত ভালো করেছে, কার কাজ ভালো ছিল না, এটাই বেশি আলোচিত হয়। আমার মনে হয়, ওই ধারা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ক্রিকেটকে আমাদের ভিন্নভাবে দেখতে হবে। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট শুধু একটা খেলা নয়; এটার সঙ্গে জাতির স্বপ্ন, প্রত্যাশা সবকিছুই জড়িত। অতীতেও আমরা দেখেছি, যখন আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি, যখন পাকিস্তানকে হারিয়েছি, সম্প্রতি নিউজিল্যান্ডকে যেভাবে হারালাম, পুরো জাতি এক হয়ে আনন্দ করেছে। বাংলাদেশে ক্রিকেট জাতির ঐক্যের একটা প্রতীক। ঠিকই বলেছেন। ক্রিকেটই বোধ হয় এ দেশে বিনি সুতার সেই মালা, যা সবাইকে একসঙ্গে গেঁথে দেয়...সাবের হোসেন চৌধুরী: সত্যিই তা-ই। আমরা যদি জাতীয়ভাবে দেখি...এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আমরা তো আসলে দেশকে বা দেশের মানুষকে এমন কিছু দিতে পারিনি, যেটা নিয়ে তারা প্রাণ খুলে আনন্দ করবে। বাংলাদেশের নাম বলে গর্ব বোধ করার মতো খুব একটা বেশি অর্জন আমাদের নেই। আমি মনে করি, ক্রিকেট ওই শূন্যতাটা কিছু হলেও পূরণ করে। এখানে অতীত নিয়ে কোনো কথা নেই। এখানে একটাই স্লোগান থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা যাঁরা রাজনীতি করি বা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করি, আমাদের চূড়ান্ত প্রত্যাশা তো একটাই—জাতিকে এক মঞ্চে নিয়ে আসা। আমরা বাংলাদেশের সম্ভাবনার কথা বলি। কিন্তু জাতিকে এক মঞ্চে না আনতে পারলে কোনো কিছুই সম্ভব নয়। আমাদের সবচেয়ে বড় অর্জন অবশ্যই স্বাধীনতা। সে অর্জনের পেছনে কী কাজ করেছে—পুরো জাতির এক মঞ্চে থাকা। এ কথাগুলো আমি এ কারণেই বলছি, অনেকে ক্রিকেটকে শুধুই একটা খেলা হিসেবে দেখে। আমি মনে করি, এটার আরও গভীর একটা শক্তি বা অবস্থান আছে। ১০ বছর পর একটা হিসাব-নিকাশের ব্যাপারও থাকে। কী পেয়েছি, কী পাইনি—তার চেয়েও জরুরি কী করা উচিত ছিল, কী করিনি...সাবের হোসেন চৌধুরী: ১০ বছর পার হওয়ার পর প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ তো করাই যায়। এটা আমাদের করা উচিত এবং এটা করতে হবে কাউকে বড় করে তুলে ধরার জন্য বা কাউকে হেয় করার জন্য নয়। আমরা ভবিষ্যতে কীভাবে এগোব, তা ঠিক করার জন্যই এটা জরুরি। যদি কোনো ত্রুটি বা ঘাটতি থেকে থাকে, সেগুলো পূরণ করার জন্যও। আর আমরা তো শুধু ওই ১০টা দেশের মধ্যে একটা হওয়ার জন্য টেস্ট মর্যাদা অর্জন করিনি। একটা টার্গেট থাকতে হবে। একটা সময় আমরা পৃথিবীর সেরা ক্রিকেট দল হব—এই লক্ষ্য সামনে রেখেই এগোতে হবে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময়টায় ফিরে যাই। মনে আছে, ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পরই আপনি ২০০০ সালের মধ্যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার লক্ষ্যের কথা বলেছিলেন। তখন অনেকের কাছেই এটা অবাস্তব বলে মনে হয়েছিল, মনে হয়েছিল স্বপ্ন। আপনি কি ভেবে অমন স্বপ্ন দেখার সাহস পেয়েছিলেন?সাবের হোসেন চৌধুরী: আমি সম্ভব বলে ভেবেছি বলেই কথাটা বলেছিলাম। প্রথমত, আমাকে দায়িত্ব দেওয়াটা যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটা তো আমি প্রমাণ করতে চাইবই। দ্বিতীয়ত, আমার মনে হয়েছিল বাংলাদেশের খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সম্ভাবনাটা ক্রিকেটের মধ্যেই বেশি। এরপর কাজ ছিল, লক্ষ্য স্থির করা। আমি দায়িত্ব নিয়ে কী অর্জন করলাম, জনগণকে তো সেটা জানাতে হবে। কোনো লক্ষ্য স্থির করলে নিজের জন্যও তা একটা নির্দেশিকা হিসেবে কাজ করে। তবে শুধু নিজে স্বপ্ন দেখলেই তো হবে না, সেই স্বপ্নটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে তারাও বিশ্বাস করে এটা অর্জন করা সম্ভব। মিডিয়াকে আমি বড় একটা অংশীদার মনে করতাম। মিডিয়ার সঙ্গে আমরা সবকিছু শেয়ার করতাম। ব্যর্থতা শেয়ার করতাম, আমাদের সীমাবদ্ধতাও শেয়ার করতাম। পাশাপাশি আমাদের স্বপ্নের কথাটাও বলতাম। আমি মনে করি, তখন মিডিয়ারও খুব বড় একটা ভূমিকা ছিল। মিডিয়া আমাদের সঙ্গে ছিল। মিডিয়ার অনেকেই ছিল, যারা ওই স্বপ্নটা পুরোপুরি বিশ্বাস না করলেও স্বপ্নটা দেখতে পছন্দ করত। দেখেন, মানুষ কিন্তু সবসময়ই ভবিষ্যৎমুখী হয়—আগামী দিনে আমার কী আছে, পরশু কী হবে, এসব ভাবে। তার পরও জিজ্ঞেস করছি, ওই কথাটা বলার সময় আপনি কি সত্যিই ভেবেছিলেন, এটা সম্ভব?সাবের হোসেন চৌধুরী: না ভাবলে বলব কেন? দেখুন, লক্ষ্য স্থির করার সময় সেই সময়ের প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়ে বিশ্ব ক্রিকেটে দুটি ধারা ছিল। একটা হলো জিম্বাবুয়েকে নিয়ে। মানুষ জিম্বাবুয়েকে নিয়ে খুব হতাশ ছিল। জিম্বাবুয়ে মান ধরে রাখতে পারছে না, ক্রিকেটের কোনো ভবিষ্যৎ নেই। আরেকটা দিক ছিল, ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে হবে। জগমোহন ডালমিয়া, আলী ব্যাখাররা যা বিশ্বাস করতেন। আমরা দেখলাম, ওই প্রেক্ষাপটে আমাদের জন্য বড় একটা সুযোগ আছে। আপনি তো চাইলেই সবকিছু করতে পারবেন না। পরিবেশ বা প্রেক্ষাপটটাও বুঝতে হবে। সেটা বুঝেই আমরা বাংলাদেশের ব্যাপারটা সেভাবে তুলে ধরেছি। প্রথমেই আমরা ঢাকাকে আন্তর্জাতিক ক্রিকেটের একটা কেন্দ্র করার চেষ্টা করলাম। এই যে আমরা ইন্ডিপেন্ডেন্স কাপ, মিনি বিশ্বকাপের মতো বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করলাম, এসব বিচ্ছিন্ন কোনো চিন্তা থেকে আসেনি। আমাদের একটা সার্বিক পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার অংশ বা ধাপ হিসেবে আমরা এটা করেছি। এর মধ্যে সারা বিশ্বকে আমরা বুঝিয়ে দিলাম, বাংলাদেশে ক্রিকেটের একটা ব্যাপক সম্ভাবনা আছে। আর কোনো জায়গায় এত দর্শক হয় না। এটা ছিল আমার এক নম্বর পয়েন্ট। আরেকটা কথা, ক্রিকেটের যে বাণিজ্যিক সম্ভাবনার কথা আমরা বলি, সবাই কিন্তু তখন তা চিন্তা করেছে। ভেবেছে, আমরা যদি আরও ১০-১১ কোটি মানুষকে নিয়ে আসতে পারি, তাহলে বাজারের সম্প্রসারণ হলো। বাংলাদেশের স্বার্থে নয়, বিশ্ব ক্রিকেটের স্বার্থেই বাংলাদেশকে নেওয়া উচিত। যারা তখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করত, তাদের আমরা ব্যক্তিগতভাবে এ বিষয়গুলো বোঝাতে চেষ্টা করেছি। আর যে স্বপ্নের কথা আমি বলেছি, শুধু বাংলাদেশের ভেতরে নয়, যারা আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্বে ছিল, তাদেরও তা স্পর্শ করেছে। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ায় সে সময়ের আইসিসি প্রধান জগমোহন ডালমিয়ার তো একটা বড় ভূমিকা ছিল...সাবের হোসেন চৌধুরী: ডালমিয়া-আলী ব্যাখার সবারই ছিল। ডালমিয়া সাহেবের যে বিষয়টা ছিল, ক্রিকেটেরও একটা জিও পলিটিকস আছে। তখন জিও পলিটিকস ছিল, এশিয়ার দলটাকে কীভাবে ভারী করা যায়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যদি চতুর্থ একটা দেশ আসে, তাহলে এশিয়ার গলাটা অনেক জোরালো হয়। এটা তো তখন অবশ্যই আমাদের পক্ষে এসেছে। এই যে বাংলাদেশে বিশ্বকাপ হতে যাচ্ছে, এর বীজটাও তো আপনার সময়েই বোনা হয়েছিল। এই বিশ্বকাপটা তো উপমহাদেশে হওয়ার কথা ছিল না...সাবের হোসেন চৌধুরী: বিশ্বকাপের ব্যাপারটা কীভাবে এসেছিল জানেন...২০০০ সালে দুবাইতে এসিসি ও আইসিসির মিটিং ছিল। প্রথমে এসিসির মিটিং। সেখানে আমি ডালমিয়া সাহেবকে বললাম, আমরা ২০১১ বিশ্বকাপটা করতে চাই। উনি বললেন, এটা যদি আমি ওঠাই, ব্যাপারটা অন্য রকম হয়ে যায়। তুমি আগে দেখো অস্ট্রেলিয়াকে কনভিন্সড করতে পার কি না। কারণ, ২০১১ বিশ্বকাপটা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। তখন আমি এসিবির চেয়ারম্যান ডেনিস রজার্সের সঙ্গে ডিনারে বসলাম। তাঁকে বললাম, এটা বাণিজ্যিকভাবে ক্রিকেটের জন্য ভালো হবে। রজার্স স্বাভাবিকভাবেই বলল, এটা তো অস্ট্রেলিয়ায় হওয়ার কথা। আমি বললাম, তা আমি অস্বীকার করি না। কিন্তু যদি বাণিজ্যিকভাবে দেখেন, তাহলে ক্রিকেটের জন্য এটা লাভজনক হবে। তখন তিনি বললেন, এটা কি এসিসির ভিউ নাকি। আমি বললাম, না, তবে এটাকে আমরা এসিসির ভিউ করাতে পারব। তার আগে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। তিনি কিছু বললেন না। তবে আমি সেটাকে মৌন সম্মতি হিসেবে ধরে নিলাম। তাঁর পক্ষে তো এটা বলাও সম্ভব নয়। পরদিন আমি এসিসির সভায় এটা তুললাম। আমি জানতাম, বাংলাদেশ এককভাবে চাইলে পাবে না। আমার দরকার ছিল বাকি সবার সমর্থন। আমি বললাম, আমরা এই অঞ্চলে করব। বাংলাদেশ হবে কো-হোস্ট। তখনই বলেছিলাম, বাংলাদেশে আমরা ওপেনিং সেরেমনি করতে চাই। সেই থেকেই কিন্তু শুরু। আপনি দেখেন, মাঠের খেলা তো আছেই, এর সঙ্গে টেবিলের খেলাতেও আমরা কীভাবে এগিয়ে গেলাম। টেস্ট স্ট্যাটাসের ক্ষেত্রেও একই কথা। আমার একটা চিন্তা ছিল, যদি একটু দ্রুত টেস্ট স্ট্যাটাস পেতে হয়, তাহলে আমাকে আগে টেবিলের খেলায় এগিয়ে যেতে হবে। এখন ভাবলে অসম্ভব মনে হয়, আমরা প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়ার আগে টেস্ট মর্যাদা পেয়ে গেছি। বাকি সবারই দেখবেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে একটা প্রথম শ্রেণীর কাঠামো ছিল। টেস্ট স্ট্যাটাসের আবেদন করার সময় দেশে প্রথম শ্রেণীর কোনো টুর্নামেন্ট ছিল না। তবে টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগের বছর আইসিসির বেঁধে দেওয়ার শর্তের কারণে সেটি শুরু হয়েছিল। এই অপ্রস্তুত অবস্থায় টেস্ট ক্রিকেটে নেমে পড়াটা কি ঠিক ছিল?সাবের হোসেন চৌধুরী: ওই সুযোগ যদি আমাকে ধরতে হতো, এটা ছাড়া আমার উপায় ছিল না। তবে আজ আমাদের ক্রিকেটের যে আর্থিক শক্তির কথা বলেন, এসবই সম্ভব হয়েছে টেস্ট ক্রিকেটের জন্য। আমরা শর্ট সার্কিট করে বাংলাদেশকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলাম। কিন্তু তারপর তো বাকি কাজগুলো করার দরকার ছিল। আমার কাজের ধরন হলো, কোনো কাজ আগে করে ফেললে ওই জায়গায় পৌঁছে আমি আবার পেছনে চলে আসতাম। সেখানে মনে হয়, আমাদের বেশ কিছু ঘাটতি রয়ে গেছে। আমি যেমন কক্সবাজারে একটা মাঠ করতে চেয়েছিলাম। আপনি চিন্তা করেন, যদি আজ কক্সবাজারে স্টেডিয়ামটা হয়ে যেত, সেখানে বিশ্বকাপের খেলা হতো! বাংলাদেশকে তুলে ধরার জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারত? জায়গা চিহ্নিত হয়ে গিয়েছিল। সেটা পেয়ে গেলে এত দিনে স্টেডিয়ামও হয়ে যেত। বাকি অংশ আগামীকাল