যতটা ভালো উইকেটকিপার তিনি, তার চেয়ে বেশি ভালো বোধ হয় ব্যাটসম্যান। কিন্তু এই ব্যাটসম্যান মুশফিকুর রহিমই গত ১৪ ম্যাচে করেছেন মাত্র ১৯৩ রান! জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রান করে জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান অবশেষে নিজেকে খুঁজে পেলেন কাল। বললেন, এ রকম একটা ইনিংসের অপেক্ষায়ই ছিলেন এত দিন হিসাব করে দেখেছেন নিশ্চয়ই, আজকের ফিফটিটা ১৪ ম্যাচ পর...মুশফিকুর রহিম: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই...হিসাব করব না? আমি তো মাঝখানে ভুলেই গিয়েছিলাম। সর্বশেষ ফিফটিটা ছিল ইংল্যান্ডের সঙ্গে, ৭৬ রান করেছিলাম।হিসাবটা কি আগেই করে রেখেছিলেন না ফিফটি পাওয়ার পর করলেন?মুশফিকুর: আগেই করেছি হিসাবটা। এই সিরিজে টার্গেট ছিল যত তাড়াতাড়ি করতে পারি। কাঙ্ক্ষিত সেই ফিফটি পাওয়ায় কেমন লাগছে?মুশফিকুর: অবশ্যই অনেক ভালো। তবে যদি প্রথম ম্যাচেই হতো তাহলে আরও ভালো লাগত, কারণ ঠিক এই রকম পরিস্থিতিতেই ছিল দল। উইকেটে গিয়ে শুরু থেকেই যেন একটু মারমুখী ছিলেন এই ম্যাচে...মুশফিকুর: আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলছিলাম। ওয়ানডেতে আমি একটা ব্যাপার সব সময় মাথায় রাখি, যে পরিস্থিতিতেই ব্যাটিংয়ে যাই, উইকেট ভালো হলে চেষ্টা করি যেন আমার স্ট্রাইক রেটটা ঠিক থাকে। আর এ ম্যাচে যেহেতু ২০ ওভার পরও আমাদের রান খুব বেশি হলো না, সাকিব ও আমি টার্গেট করেছিলাম অন্তত ২০০ পর্যন্ত নিয়ে যাব দলকে। সে জন্যই দুজনে পজিটিভ ছিলাম, মারার বল পেলে মারব। মাঝে খারাপ সময় গেল কেন? এমন কি মনে হয় যে ভালো খেলেও রান করতে পারছিলেন না?মুশফিকুর: আসলে এই সমস্যাটাই হচ্ছিল আমার। নিউজিল্যান্ড সিরিজে দুই ম্যাচে ২০-২৫ রান করে আউট হয়ে গেছি। তার আগেও এ রকম হয়েছে। আমি শুরু করছিলাম কিন্তু সেটা টেনে নিয়ে যেতে পারছিলাম না। এটা নিয়ে কাজ করেছি। তবে জেমি সিডন্স আমাদের বলেছেন, ওয়ানডেতে ৫০ এখন আর আমাদের দলের কারও জন্য কিছু না। এটা ভালো করার শুরু মাত্র। ফিফটি করলে আমরা যেন সেটাকে সেঞ্চুরি পর্যন্ত টেনে নিই...সেলিব্রেশনও তখনই হবে। ওটাই মাথায় ছিল, একটা সুযোগ পেলে সেটা যেন টেনে নিতে পারি। উইকেটকিপার-ব্যাটসম্যান হওয়াতেই হয়তো আপনি রানে ফিরতে অনেক সুযোগ পেয়েছেন। কিন্তু কিপিং ছাড়া আর কোনোভাবে অবদান রাখতে না পেরে কি অনুশোচনা হয়নি কখনো?মুশফিকুর: কোচ সিডন্স বা সালাউদ্দিন ভাই আমাকে সব সময়ই বলতেন, অনুশীলনে এত ভালো ব্যাটিং করছি, একটা ম্যাচে রান পেলেই সব ঠিক হয়ে যাবে। আমিও ওই আশাতেই ছিলাম। আপনি যেটা বললেন, এই অনুশোচনা আমার সব সময়ই হয়। কারণ আমি তো ৮ বা ৯ নম্বর ব্যাটসম্যান না, আমি ওপরের দিকের ছয় ব্যাটসম্যানের একজন এবং এটা ব্যাটিং-অর্ডারে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। টপ-অর্ডার খারাপ করলে মিডল-অর্ডার যদি না দাঁড়ায় ওই দল কখনোই ভালো করবে না। ছয় নম্বরে ব্যাটিং করা অনেক বড় দায়িত্ব, দলও আমার কাছে কিছু প্রত্যাশা করে। কিপিং যা-ই করি, ব্যাট হাতে সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে খারাপ লাগে। খারাপ সময়ে ব্যর্থতার কথাই ঘুরেফিরে আসে ব্যাটসম্যানদের মাথায়। উইকেটকিপিংয়ের সময় আপনারও কি তাই হয়? মনোযোগ ধরে রাখেন কীভাবে?মুশফিকুর: এটা ঠিক, খারাপ সময়ে অবচেতন মনেও বারবার ওসবই চলে আসে...আমি কিছু করতে পারছি না বা বাজে একটা শট খেলে আউট হলাম...। কিন্তু যখন অন্যরা পারফর্ম করে, তাদের সঙ্গে কথা বলেও নিজে অনুপ্রাণিত হই। চেষ্টা করি আমার ভুলগুলো যেন ভবিষ্যতে আর না হয়। উইকেটকিপিংটাও আজ (গতকাল) বেশ ভালো করলেন। কিপিংয়ে উন্নতির জন্য কী করছেন?মুশফিকুর: আলাদা কিছু করছি না। সবাই একসঙ্গে অনুশীলন করছি, সবার সঙ্গে তাতে বোঝাপড়াটাও ভালো হচ্ছে। কে কোন বল কীভাবে করবে বুঝতে পারি। এর বাইরে অনুশীলনেও কিছু কাজ তো করছিই।