‘প্রথম আলো’ নিয়ে সচিবের সমালোচনা
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানের কাজে যোগদান নিয়ে দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত খবরের কঠোর সমালোচনা করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান। তিনি বলেন, ‘এটা মোটেই তিন কলামের শীর্ষ সংবাদ হওয়ার মতো ঘটনা নয়। সাংবাদিকতা বিভাগের ছাত্র হিসেবে বলতে পারি, “প্রথম আলো”র মতো একটি জাতীয় দৈনিকে এ খবর এক কলাম হওয়া উচিত।’আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্থানীয় সরকারব্যবস্থা নিয়ে গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু আলম এই সমালোচনা করেন।সচিব বলেন, ‘আমি পরে জানতে পেরেছি, এই সংবাদ নাকি পাঁচ কলাম হওয়ার কথা ছিল। কিন্তু সম্পাদকের হস্তক্ষেপে সংবাদ ব্যবস্থাপকেরা তা তিন কলাম করেছেন।’ তিনি ‘প্রথম আলো’র দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘মসিউর রহমানের ছুটি শেষ হয়েছে। তিনি কাজে যোগ দেবেন, এটাই স্বাভাবিক।’ সচিব আরও বলেন, যেদিন সংবাদটি প্রকাশিত হয়েছে, ওই দিন তিনি বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধির সঙ্গে চাঁদপুরে গিয়েছিলেন। সংবাদটি প্রসঙ্গে আবাসিক প্রতিনিধি তাঁকে জানান, সংবাদের বিষয়টি সম্পর্কে ওয়াশিংটন থেকে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি এর সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘দৈনিক “প্রথম আলো” বদলে যাওয়ার কথা বলে, কিন্তু তাদের দেশপ্রেম নেই।’ সচিব আবু আলম মো. শহীদ খান আরও বলেন, জনপ্রতিনিধিদের পাশাপাশি আমলাদেরও থাকতে হবে। বাসাবাড়িতে চাকর ছাড়া চলে না। তেমনি শাসনব্যবস্থায় জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁদের মতো চাকরেরও দরকার আছে। দুই পক্ষের সমন্বয় না হলে এটি নয়তো কাজ করবে না। প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।অনুষ্ঠানে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতির প্রস্তাবমালা স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে হস্তান্তর করেন ফোরামের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। প্রস্তাবমালায় স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী ও কার্যকর করার জন্য কিছু সুপারিশ ও প্রস্তাব তুলে ধরা হয়। রাজনীতিবিদ, সুশীল সমাজ ও এনজিওগুলোর সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবমালা তৈরি হয়েছে। আলোচনায় অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত, ইউএনডিপির স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জারিনা রহমান খান, এম এম আকাশ, আখতার হোসেন, ফোরামের সমন্বয়কারী মহসিন আলী প্রমুখ।