ঢাকার কোনো স্তরেই কখনো খেললেন না অথচ ঘটনাচক্রে এখন আবাহনীর মতো দলের গোলপোস্ট আগলাচ্ছেন আস্থার সঙ্গে! সদ্য কৈশরোত্তীর্ণ শহিদুল আলমের (সোহেল) কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। কাল কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ লিগের ম্যাচের পর সেসবই বললেন ছয় ফুট আড়াই ইঞ্চি লম্বা ১৯ বছরের তরুণ আবাহনীর প্রথম দুই গোলরক্ষকই ইনজুরিতে। সুযোগ পেয়ে টানা চার ম্যাচ খেলে মাত্র দুই গোল হয়েছে আপনার বিপক্ষে। আপনি তো দারুণ খেলছেন...শহিদুল আলম (সোহেল): সবই আল্লাহর ইচ্ছা। আমি চেষ্টা করছি দলকে নির্ভরতা দিতে। কতটুকু পারছি জানি না, তবে আগের চেয়ে এখন অনেক বেশি আত্মবিশ্বাস পাচ্ছি। তিন বছর সাইড লাইনে কাটালেন। এক মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ পাননি। এখন মাঠে নামার পর আপনাকে তো অনূর্ধ্ব-২৩ দলে ডেকেছেন জাতীয় দলের কোচ।শহিদুল: কোচকে ধন্যবাদ। আমি এর আগে অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে খেলেছি। এখন অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পাওয়া তো বড় ব্যাপার। এরপর জাতীয় দলেও খেলতে চাই। প্রথম আবাহনীতে কীভাবে এসেছিলেন?শহিদুল: তিন বছর আগে আমাকে আবাহনীতে নিয়ে এসেছিলেন এই দলেরই খেলোয়াড় জাহেদ পারভেজ ভাই। আবাহনীর নাকি গোলরক্ষক দরকার ছিল। তখন আমি কেবল অনূর্ধ্ব-১৬ দলে খেলেছি। সে সময় আপনার কেমন লাগত। আবাহনী এত বড় দল, আর এই দলে এসেছেন...শহিদুল: সবকিছুই অচেনা লাগত। তখন আবাহনীর গোলরক্ষক বিপ্লব ভাই আর তারেক ভাই ছিলেন। আমি তৃতীয় গোলরক্ষক। ওনাদের কাছে শিখতাম। তখন আবাহনীর গোলরক্ষক কোচ ছিল না। পরের বছর গোলরক্ষক কোচ নেওয়া হয়েছে। আবাহনীর হয়ে প্রথম মাঠে যেদিন মাঠে নামলেন, নিশ্চয়ই ভয়ে ভয়ে ছিলেন?শহিদুল: ভয় মানে কি, ঘাবড়ে গিয়েছিলাম অনেকটা। ঢাকার মাঠে প্রথম নামছি...কী হয়, কী হয়, আশঙ্কা ছিল মনে। বল এলে কী করব, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না...এমনটা ভাবতাম। মোট কথা, প্রথম দিন ভয় পেয়েছিলাম। এখন আত্মবিশ্বাসী হয়েছি অনেক। আপনার ভাই মিন্টুও তো আবাহনীতে খেলেছেন। এবার খেলছেন চট্টগ্রাম মোহামেডানে। ভাই নিশ্চয়ই প্রেরণা দিয়েছেন?শহিদুল: মিন্টু ভাই অনেক অনুপ্রেরণা দিয়েছেন। প্রেরণা দিয়েছেন আমার বাবাও। বাবা ইউসুফ বলি ঢাকা লিগে রহমতগঞ্জ, আজাদ স্পোর্টিংয়ে খেলেছেন। ছোট চাচা লোকমানও ঢাকায় খেলতেন। আমরা একটা ফুটবল পরিবার বলতে পারেন। গোটা পরিবারেরই প্রেরণা পেয়েছি। আপনার উচ্চতা ছয় ফুট আড়াই ইঞ্চি। এই উচ্চতাই কি আপনার গোলরক্ষক হওয়ার পেছনের কারণ?শহিদুল: আমি চট্টগ্রামে পাইওনিয়ার খেলেছি স্ট্রাইকার হিসেবে। তারপর বড় ভাই বলছেন, তোর স্ট্রাইকার হওয়ার দরকার নেই। গোলকিপার হিসেবে খেল। তখন প্র্যাকটিস করতাম বড় ভাইয়ের সঙ্গে। নিজের সম্পর্কে কিছু বলুন?শহিদুল: চট্টগ্রামে পতেঙ্গার কাছে আমাদের বাড়ি। খেলা নিয়ে পড়ে থাকায় এসএসসি পরীক্ষা দিতে পারিনি। এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আম্মা মারা গেছেন দুই বছর আগে। এর ১৩ মাস পর আব্বা মারা গেছেন। চার ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। কাকারা আছেন। সমস্যা হয় না। সবাই আমাকে আদর করে। আপনি তো গত বছর ঘোড়ার গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন। মনে আছে?শহিদুল: মনে থাকবে না আবার! গত বছর আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা ঘোড়ার গাড়িতে করে ক্লাবে যাওয়ার সময় ধানমন্ডির ৮ নম্বর ব্রিজের ওখানে আমাদের গাড়ি উল্টে যায়। ভালোই ব্যথা পেয়েছিলাম। শেষ প্রশ্ন। আপনার প্রিয় গোলরক্ষক কে?শহিদুল: দেশে জিয়া ভাই। বিদেশে চেলসির গোলরক্ষক পিওতর চেক।