এটাও কি একটা নেশা? প্রতিবার টার্গেট নিয়ে কোনো না কোনো দলকে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার ক্রিকেট লিগে ওঠাচ্ছেন, এবার যেমন ওঠালেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। অথচ সালাউদ্দিন আহমেদ (উজ্জ্বল) নিজে কখনোই খেলেন না ঢাকার ক্রিকেটের সর্বোচ্চ আসরে! কেন? শেখ জামালের অধিনায়ক জানিয়েছেন সে কারণটাই এবারও তো আপনার দল প্রিমিয়ার লিগে উঠল। কেমন লাগছে?সালাউদ্দিন আহমেদ (উজ্জ্বল): খুবই ভালো লাগছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টার্গেট ছিল প্রিমিয়ার লিগে ওঠা। আমারও তাই...লক্ষ্য পূরণ হওয়ায় ভালো লাগছে। এ নিয়ে কতবার আপনার দল প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠল?উজ্জ্বল: টানা নয়বার। অধিনায়ক হিসেবে এবারের আগে কলাবাগান, গাজী ট্যাংক ও প্রাইম দোলেশ্বরকে প্রিমিয়ারে উঠিয়েছি। এর আগের তিনবার সূর্যতরুণ, পারটেক্স আর কলাবাগানে সহ-অধিনায়ক ছিলাম। তারও আগের দুই বছর খেলেছি ওল্ড ডিওএইচএস এবং সিটি ক্লাবে। ওই দুবারও আমার দল প্রিমিয়ারে ওঠে। এ ছাড়া খুলনা লিগেও গত ১২ বছরের মধ্যে ১০ বছরই আমার দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিবারই আপনার দল প্রিমিয়ারে চলে যাচ্ছে আর আপনি প্রথম বিভাগেই থেকে যাচ্ছেন। কারণটা কী?উজ্জ্বল: আমার আসলে প্রথম বিভাগে খেলতেই ভালো লাগে, এখানেই স্বাচ্ছন্দ্য বোধ করি । তা ছাড়া বয়স ৩১ হয়ে গেছে। প্রিমিয়ারে খেলে কী করব? আমাকে তো আর জাতীয় দলের জন্য ডাকবে না! সব ক্রিকেটারেরই তো ইচ্ছা থাকে একদিন জাতীয় দলে খেলার। আপনার তাহলে সে ইচ্ছা নেই...উজ্জ্বল: ছোটবেলায় আমিও স্বপ্ন দেখতাম বড় হয়ে জাতীয় দলে খেলব। সম্ভাবনাও যে ছিল না তা না, প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই আমি খুলনার হয়ে ৯৬ রান করি। কিন্তু অসুস্থতার কারণে আমি একটু পিছিয়ে পড়ি। সে কারণেই আর বেশি দূর যাওয়া হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছেন কবে থেকে?উজ্জ্বল: ১৯৯৫ সালে খুলনা জেলা স্কুলের হয়ে নির্মাণ স্কুল ক্রিকেট খেলি। এরপর ঢাকায় দ্বিতীয় বিভাগে খেলা শুরু করি ১৯৯৬-৯৭ মৌসুমে কলাবাগানের হয়ে। প্রথম বিভাগ ক্রিকেটে সিটি ক্লাবের হয়ে প্রথম খেলি ১৯৯৯ সালে। প্রথম বিভাগে আপনার দলই প্রতিবার চ্যাম্পিয়ন হচ্ছে। এর রহস্য কী?উজ্জ্বল: ভালো খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সব সময়ই অদৃশ্য কিছু কারণ কাজ করে। খেলোয়াড়দের উজ্জীবিত রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যেমন খেলোয়াড়দের মাঠ-মাঠের বাইরে সবখানে সমর্থন করি। তাদের পাশে থাকার চেষ্টা করি। দলে এমন খেলোয়াড়দের রাখি যারা ব্যক্তিগত জীবনেও সুশৃঙ্খল, ভদ্র। দলের সবার মধ্যে ভালো সম্পর্ক থাকাটা জরুরি। একজনের সমস্যা আরেকজন যেন মন থেকে অনুভব করে। অধিনায়ক হিসেবে মাঠে দল পরিচালনার ক্ষেত্রেও কি বিশেষ কোনো কৌশল আছে?উজ্জ্বল: সে রকম কিছু না। সবাইকে উজ্জীবিত রাখার চেষ্টা করি। এ ছাড়া আমি লেভেল-১ কোচেস কোর্স করেছি। মাঠে এই জিনিসটা কাজে লাগে। খেলার মধ্যেই আমি খেলোয়াড়দের ছোটখাটো ভুলত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করি। ধানমন্ডি ক্লাব থেকে নাম বদলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার প্রিমিয়ারে উঠে গেল। এই সাফল্যের পেছনে কী কাজ করেছে?উজ্জ্বল: খেলোয়াড়-কর্মকর্তা সবাই ভালো কিছুর জন্য চেষ্টা করেছে, এটাই মূল কারণ। আমাদের দলটাও খুব ব্যালান্সড। দলে অনেক অলরাউন্ডার আছে। এ ছাড়া আবদুল মজিদ আর মেহেদী হাসানের ওপেনিং জুটিটা পেয়েছি অসাধারণ। দুজনই দুর্দান্ত খেলেছে এবার। বেশির ভাগ ম্যাচেই তারা এক শ রানের ওপর জুটি গড়েছে।