দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য সিরিজ শুরুর সপ্তাহখানেক আগেই ঢাকায় এসেছে নিউজিল্যান্ড। কাঠফাটা রোদ উঠেছে গত কদিনে, অথচ মাঠ ভেজা থাকায় একটিও প্রস্তুতি ম্যাচ খেলতে পারল না তারা। এ নিয়ে কি কোনো চাপা ক্ষোভ নেই দলের মধ্যে? জানাচ্ছেন দলের ম্যানেজার মাইকেল শার্প একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারলেন না, নিশ্চয়ই খুব হতাশ?মাইকেল শার্প: হতাশ তো অবশ্যই। গত চার দিন আমাদের ট্রেনিং খুব ভালো হয়েছে, কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলার বিকল্প আর কিছু নেই। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। আবহাওয়া নিয়ে তো আর কাউকে অভিযোগ জানাতে পারি না, আমাদের মেনে নিতেই হবে। সেন্টার উইকেটের অনুশীলনের সুযোগ পাওয়াটা নিশ্চয়ই কাজে লাগবে?শার্প: খুব কাজে লাগবে। কাল আমরা ৭০ ওভার ব্যাটিং-বোলিং অনুশীলন করেছি। প্রথমে ৫০ ওভার ম্যাচের মতো খেলেছি, এরপর আবার নতুন বলে ২০ ওভার। দারুণ প্রস্তুতি হয়েছে। গত চার দিনই আসলে ছেলেরা অনেক পরিশ্রম করেছে। আজকে তাই ডে-অফ, সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছে। কাল হালকা একটু অনুশীলন হবে, পরদিন তো সিরিজই শুরু। ঢাকায় আসার পর মনে হয় এক দিনও বৃষ্টি দেখেননি, অথচ ভেজা মাঠ প্রস্তুতি ম্যাচ খেলতে দিল না। ব্যাপারটা অদ্ভুত লাগছে না?শার্প: অদ্ভুত তো বটেই। তবে শুনেছি, আমরা আসার আগের প্রায় এক সপ্তাহ ধরে নাকি বৃষ্টি হয়েছে। এতে আউটফিল্ড খারাপ হয়ে গেছে। আমাদের কোচ-সহকারী কোচরা দুবার গিয়ে মাঠ দেখে এসেছে। ওরা এসে বলল, উইকেট ভালোই আছে। কিন্তু আউটফিল্ডে পা দিলেই নাকি পানি বের হয়। সে ক্ষেত্রে আমাদের ক্রিকেটারদের জন্যই খেলাটা বিপজ্জনক হতো। গত কয়েক দিনে প্রচণ্ড রোদ ছিল, তার পরও মাঠ খেলার উপযোগী হলো না...শার্প: অবাক হওয়ার মতোই। তবে জায়গাটা শুনেছি ঢাকা থেকে গাড়িতে প্রায় দুই ঘণ্টার রাস্তা। ওখানকার সুযোগ-সুবিধা নিশ্চয়ই এত ভালো হওয়ার কথা নয়। তবে সমস্যা নেই, আমাদের অনুশীলন খুব ভালো হয়েছে। প্রস্তুতি ম্যাচ না হওয়ায় প্রথম ম্যাচটা এখন খুব গুরুত্বপূর্ণ। গত সফরে তো প্রথম ম্যাচেই হেরেছিলাম। সিরিজ নিয়ে প্রত্যাশা?শার্প: সব দলের ভাবনা-চিন্তাই এখন বিশ্বকাপ ঘিরে। আমাদের ভাগ্যবান, বিশ্বকাপের আগে সব আয়োজক দেশগুলোতেই খেলতে পারছি। দলে হামিশ বেনেট, শ্যানন স্টুয়ার্ট, উইলিয়ামসনের মতো অনেক তরুণ ক্রিকেটার আছে। ওদের জন্য অভিজ্ঞতাটা হবে অমূল্য। এই সফরের পারফরম্যান্স নিশ্চয়ই বিশ্বকাপের সময় বিবেচনায় নেওয়া হবে। জ্যাকব ওরাম, স্কট স্টাইরিসের অনুপস্থিতি কীভাবে নিচ্ছেন? শার্প: ওরা দুজনই পরীক্ষিত ও অভিজ্ঞ অলরাউন্ডার, নিউজিল্যান্ডকে অনেক ম্যাচ জিতিয়েছে। ওদের অভাববোধ হবেই। তবে ওই যেমন বললাম, তরুণদের জন্যও এটা দারুণ সুযোগ নিজেদের চেনানোর। বাংলাদেশে কি এই প্রথম এলেন?শার্প: হ্যাঁ, আসলে জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি প্রথম। এর আগে অনূর্ধ্ব-১৯, এমার্জিং টিম, নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যানেজার ও কোচ ছিলাম। ক্যান্টারবুরিকেও কোচিং করিয়েছি। কেমন লাগছে বাংলাদেশ?শার্প: মাত্রই কদিন হলো এসেছি, বাইরে বেরোনোর সুযোগই হয়নি। তা ছাড়া নিরাপত্তার বড্ড কড়াকড়ি, হয়তো সেটা আমাদের জন্যই ভালো। তবে হোটেল থেকে মাঠে যাওয়ার সময় ছবি-টবি তুলেছি।