২৬ আগস্ট থেকে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার খান্তি মিনসিস্কে হবে দাবা বিশ্বকাপ। সেখানে খেলতে যাওয়া হবে কি না, এ নিয়ে সংশয়ে ছিলেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে তাঁর যাওয়া, এখন এই টুর্নামেন্ট নিয়েই ভাবছেন তিনি রাশিয়ায় খেলতে যাওয়া নিয়ে সংশয়ে ছিলেন। এখন কি অবস্থা?জিয়াউর রহমান: পরিস্থিতি যথেষ্টই আশাব্যঞ্জক। ফেডারেশন এরই মধ্যে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেছে। আমার মনে হয় কোনো সমস্যা হবে না। যেতে পারব। মন্ত্রী মহোদয় নিজে আমাকে আশ্বস্ত করেছেন। এর আগেও তো আপনি বিশ্বকাপে খেলেছেন? এবার ভালো করার ব্যাপারে কতটা আশাবাদী?জিয়া: কতটা ভালো করব সেটা বলা মুশকিল। ওখানে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রথম রাউন্ডেই মুখোমুখি হতে হয়। এর আগে শুধু ২০০৭ সালেই খেলেছি। সেবার আমার সঙ্গে ছিল এনামুল হোসেন রাজীব। আমি প্রথম রাউন্ডেই হেরে গেছি। এবার প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া। বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। প্রথম ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার ম্যাক্সিম ভাচিয়ের-লাগ্রেভ প্রথম রাউন্ডে আপনার প্রতিদ্বন্দ্বী। তাঁর সঙ্গে আগে খেলেছেন কখনো?জিয়া: জার্মানির দাবা অলিম্পিয়াডে তার খেলা দেখেছি। তার সঙ্গে সামান্য কথাবার্তা হলেও খেলা হয়নি। বর্তমান সাধারণ সম্পাদকের আমলে খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কয়েকজন গ্র্যান্ড মাস্টার। আপনারা তাঁদের ফেরানোর উদ্যোগ নিতে পারেন...জিয়া: আসলে ওদের সঙ্গে একটা জায়গায় আমাদের মতের সামান্য পার্থক্য আছে। আমরা খেলা বন্ধ করতে চাই না। প্রতিবাদ জানাতে চাই অন্যভাবে। খেলার সঙ্গে অন্য কোনো কিছুর আপস করতে চাই না। তারা হয়তো অন্যভাবে চিন্তা করে বিষয়টা। কেউ না ফিরতে চাইলে ফেরানোটা কষ্টকর। ওঁরা তো ব্যক্তিগতভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন...জিয়া: এটা সত্যি কথা। তবে একটা ব্যাপার কি, রাজীব আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে। কিছুদিন আগে ভারতের ভুবনেশ্বরে গ্র্যান্ড মাস্টার্স টুর্নামেন্টে খেলল। আমার তো ওকে খেলতে দেখে ভালোই লাগল। দেশে তারা একদমই খেলেনি। আমারও অবশ্য লিগ ছাড়া দেশে খুব বেশি খেলা হয়নি। খেলবেন কীভাবে? কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টই তো হচ্ছে না...জিয়া: একেবারেই সত্যি কথা। একদিক দিয়ে দেখলে আমাদের আন্দোলন ছাড়াই খেলা বন্ধ। ওরা ঘোষণা দিয়ে খেলা বন্ধ করেছে, আর আমরা এমনিতেই খেলতে পারছি না। আপনারা ফেডারেশনকে চাপ দেন না কেন?জিয়া: আমরা ফেডারেশনকে বলছি। সব সময়ই বলছি। বেশি করে টুর্নামেন্ট হোক, আন্তর্জাতিক টুর্নামেন্ট হোক, বেশ কিছু স্পনসর আগে খেলার আয়োজন করত, কিন্তু এখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। কারণটা অবশ্য আমি স্পষ্ট জানি না। তবে আরও বেশি খেলা হোক, এটা আমরা চাই। ফেডারেশনে যখন যাঁরাই থাকুন, তাঁরা যেন জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত সব পর্যায়ে বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিশ্চিত করেন। স্পনসর পাওয়া যায় না—এই অজুহাত যেন তাঁরা না দেন। স্পনসর জোগাড় করার চেষ্টা করতে হবে। কিছুদিন আগে ফিদের বার্ষিক চাঁদা না দেওয়ায় আপনাদের র্যাঙ্কিং প্রকাশ স্থগিত করেছিল ফিদে। নিশ্চয়ই বিব্রত হয়েছিলেন?জিয়া: বিব্রত তো হতেই হয়। এসব হচ্ছে হারুন (দাবা ফেডারেশন কর্মকর্তা ও আন্তর্জাতিক আরবিট্রেটর হারুনুর রশিদ) ভাই না থাকার কারণে। উনি ফেডারেশন থেকে চলে যাওয়ার পর কেউ এসব ব্যাপারে খোঁজখবর রাখেন না। কবে কোথায় কী যোগাযোগ করতে হবে, এ ব্যাপারগুলো হারুন ভাই সবচেয়ে ভালো বুঝতেন। তাঁর মতো আন্তর্জাতিক আরবিট্রেটর ফেডারেশনে ফিরে আসুন, এটাই আমি চাই।