নিয়মিত খেলার সুযোগ চেয়ে কাল সংবাদ সম্মেলন করলেন টেবিল টেনিস খেলোয়াড়েরা। চেয়েছেন অনুশীলন ক্যাম্প ও বিদেশি কোচ। বর্তমান অ্যাডহক কমিটির সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক টিটি খেলোয়াড় জোবেরা রহমান (লিনু) খেলোয়াড়দের এসব দাবি-দাওয়া শুনে জানালেন নিজের প্রতিক্রিয়া ফেডারেশনের বিরুদ্ধে খেলোয়াড়েরা বেশ কিছু অভিযোগ করেছেন। শুনেছেন নিশ্চয়ই?জোবেরা রহমান (লিনু): হ্যাঁ, শুনেছি। ওরা যেটা বলেছে ঠিকই আছে। খেলোয়াড়দের হয়তো খারাপ লেগেছে, এ জন্য বলেছে। তবে যেটা আমরা করে এসেছি সবকিছুর আগে ওদের সেটাই করা উচিত ছিল। আপনারা কী করতেন?জোবেরা: আমরাও একসময় খেলোয়াড় ছিলাম। কোনো সমস্যা দেখা দিলে প্রথমে ফেডারেশনকে সেটা জানাতাম। নিয়ম অনুসারে প্রথমে ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে বসতে হয়। সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ জানানো শোভন নয়। এতে যারা কমিটিতে আছে তাদের অসম্মান করা হয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কেন দল পাঠানো হলো না?জোবেরা: আমরা অ্যাডহক কমিটি দায়িত্ব নিলাম জানুয়ারির শেষ দিকে। আর বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রাথমিক নিবন্ধনের তারিখ ছিল ২০১১ সালের ২৬ ডিসেম্বর। আমরা তখন ওই কমিটিতে নেই। আগের কমিটিতে যিনি সাধারণ সম্পাদক (শামসুল আলম) ছিলেন তিনি ওটা জানেন। এটা আগের কমিটির ব্যাপার। কিন্তু আপনিও তো ওই কমিটিতে ছিলেন?জোবেরা: হ্যাঁ, ছিলাম। কিন্তু উনি একাই সব কাজ করতেন। আমাদের কাউকে সুযোগ দিতেন না। চূড়ান্ত নিবন্ধনের জন্য তো সুযোগ ছিল?জোবেরা: চূড়ান্ত নিবন্ধনের শেষ তারিখ ছিল ২৫ জানুয়ারি। দেখুন, নতুন কমিটিটা মাত্রই দায়িত্ব নিয়েছে। শুরুতেই এত বড় সিদ্ধান্ত কি আমরা নিতে পারি? এটা সম্ভব না। এখানে প্রায় ৩-৪ লাখ টাকার মতো তহবিল ছিল। তাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় জায়গায় পাঠাব কীভাবে? তা ছাড়া খেলোয়াড়দের কোনো প্র্যাকটিস নেই, ফর্ম নেই। তাহলে কি একজন খেলোয়াড়কে পাঠানোর জন্য পাঠাব? ম্যাকাওয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তো পাঠানো যেত?জোবেরা: এটার নিবন্ধনের শেষ তারিখ ছিল ২৫ মার্চ। ওখানে যাওয়া-আসা, খাওয়া সব খরচ আমাদের বহন করতে হতো। যেখানে ফেডারেশনে ৩-৪ লাখ টাকা আছে, আবার ২৫ মার্চের মধ্যে এন্ট্রি দিতে হবে, এটা কী করে সম্ভব? এক মাসের মধ্যেই আমার অত টাকা কেন খরচ করব? খেলোয়াড়েরা তো এসব বুঝতে চায় না। ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও অনেক অসন্তোষ রয়েছে। এসব ব্যাপারে কী বলবেন?জোবেরা: আমরা দায়িত্ব নেওয়ার পর বান্দরবানে টুর্নামেন্ট করেছি, দিনাজপুরে জুনিয়র ন্যাশনাল, বান্দরবানের লামাতে কোয়ান্টাম ফাউন্ডেশন স্কুলে একটা ট্রেনিং করিয়েছি। সেখানে ছয়টা টেবিল দিয়েছি। ইতিমধ্যে ৫০ জন খেলোয়াড় প্র্যাকটিসও শুরু করেছে। এরপর স্বাধীনতা দিবস, লোটো কাপ হয়েছে। দেড় মাস কোচিং করানোর পর শিলংয়ে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে দল পাঠিয়েছি। সেখানে দুটি ব্রোঞ্জও পেয়েছে ওরা। কিন্তু ফেডারেশন কাপ, লিগ এগুলোর তো কোনো খবর নেই...জোবেরা: এসব নিয়েও সিদ্ধান্ত হয়েছে। আগামী ১২-১৬ অক্টোবর ফেডারেশন কাপ, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে টিটি লিগ, ডিসেম্বরে জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপ হবে। এক বছরে আমরা ৮-১০টা টুর্নামেন্ট করছি। খেলা হয়নি বা হচ্ছে না এ ধরনের কথা তো ঠিক না। যেসব প্রতিযোগিতার কথা বললেন সেখানে কি সিনিয়রদের খুব বেশি খেলার সুযোগ ছিল?জোবেরা: মানছি। ওদের সুযোগ একটু কম হয়েছে। তবে সামনে লিগ ও ফেডারেশন কাপ, এগুলো সিনিয়রদের টুর্নামেন্ট। জুনিয়রদের বেশি সুযোগ দেওয়া হচ্ছে, এই অভিযোগ করেছেন খেলোয়াড়েরা।জোবেরা: এই সময়ে জুনিয়রদেরই বেশি সুবিধা দিতে হবে। আমরা যেটা করছি সেটা অন্যায় নয়। এটাও বুঝতে হবে ওরা ওদেরই ছোট ভাইবোন।