‘প্রথমে শিক্ষা’ উদ্যোগে প্রধানমন্ত্রীর সমর্থন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবের নেওয়া ‘প্রথমে শিক্ষা’ কর্মসূচির প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার ও সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা অর্জনে এটি বড় ধরনের প্রণোদনা হিসেবে কাজ করবে। গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রথমে শিক্ষা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিশ্বের প্রতিটি শিশুর শিক্ষায় সহায়তা দিতে উন্নয়ন অংশীদার, জাতিসংঘ সংস্থা ও ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও বক্তব্য দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা” অঙ্গীকারে শিক্ষার মূল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হলেও লাখ লাখ শিশু এখনো স্কুলে যায় না বা অকালে ঝরে পড়ে।’স্বাধীন বাংলাদেশে সব শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু অভিন্ন, গণমুখী ও সর্বজনীন শিক্ষাপদ্ধতি প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জনগণের জন্য শিক্ষার সুযোগ সহজলভ্য করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে গত তিন বছরে সব প্রচেষ্টার ফলে দারিদ্র্যের হার ১০ শতাংশ হ্রাস, মোট দেশজ উত্পাদন (জিডিপি) প্রবৃদ্ধি গড়ে ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি এবং মাথাপিছু আয় ৩৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ধীরে ধীরে বাংলাদেশকে বদলে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষাই হচ্ছে পরিবর্তনের ধারক। তিনি বলেন, ‘আমাদের ২০১০ সালের শিক্ষানীতি সবার শিক্ষা নিশ্চিত করেছে এবং ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।’ স্নাতক পর্যন্ত মেয়েদের উপস্থিতি বাড়াতে বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বাসস।