‘প্রধানমন্ত্রী হওয়ার সব গুণ আছে মমতার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল কংগ্রেসের নেতারা। তাঁরা মনে করেন, স্বচ্ছ ও সত্ ভাবমূর্তির কারণেই তৃণমূল নেত্রীর প্রধানমন্ত্রী হওয়া উচিত। গতকাল সোমবার রাজধানী দিল্লিতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার সব গুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। মমতা ভারতের স্বচ্ছ ও সত্ ভাবমূর্তির ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন বলেও জানান তিনি। সুদীপ বলেন, আগামী লোকসভা নির্বাচনে এককভাবে লড়বে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য পশ্চিমবঙ্গের লোকসভার ৪২টি আসনই দখল করা। গত রোববার বিজেপির নেতা লালকৃষ্ণ আদভানির একটি মন্তব্যের পর মমতাকে নিয়ে এমন আশা প্রকাশ করেন সুদীপ। ওই দিন নিজ ব্লগে আদভানি লিখেছিলেন, আগামী নির্বাচনে কংগ্রেস বা বিজেপির বাইরের কারও পক্ষেও প্রধানমন্ত্রী হওয়া সম্ভব। তবে সেই সরকারে সমর্থন থাকতে হবে কংগ্রেস বা বিজেপির। বিজেপির নেতার উল্লিখিত মন্তব্যের পরপরই সাড়া পড়ে যায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাঁদের ধারণা, কংগ্রেস বা বিজেপি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে। এর ফলে নির্ণায়ক শক্তি হতে পারে তৃণমূল। আর রাজনৈতিক সমীকরণে শেষ পর্যন্ত মমতা হয়ে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারম্যান নির্বাচনের দিন মণিপুরের তৃণমূল সভানেত্রী কিম গানতেও মমতার প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেছিলেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গানতের ওই বক্তব্যের পর তৃণমূলের বহু নেতা তাঁর সুরেই কথা বলেছিলেন।