‘প্রধানমন্ত্রীকে ভুল বোঝাচ্ছেন উপদেষ্টারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সরকারের উচ্চ মহলের বিভিন্ন ধরনের বক্তব্য লিমনের বিচারের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। র্যাব ও মানবাধিকার বিষয়ে উপদেষ্টারা প্রধানমন্ত্রীকে ভুল বোঝাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশে মানবাধিকারের জন্য স্বচ্ছতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ওই সভার আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল।উপদেষ্টাদের বক্তব্য প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে তাঁদের বক্তব্য লিমনের বিচারের ক্ষেত্রে প্রভাব ফেলবে। লিমনের বিরুদ্ধে করা র্যাবের মামলা দ্রুত সময়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে তা প্রশ্নের জন্ম দিয়েছে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। কোথাও কোথাও সরকারকে ভুল বোঝানো হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে ভুল বার্তা যাচ্ছে। তাঁকে বোঝানো হচ্ছে, র্যাব বিলুপ্ত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কই, মানবাধিকার কমিশন তো কখনো র্যাব বিলুপ্ত করতে সরকারের কাছে সুপারিশ করেনি। প্রশ্নটা হচ্ছে, তাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে হবে।’এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, লিমনের বিষয়টি মানবাধিকার কমিশন ভুলে যায়নি। লিমনের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। তাকে আইনি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চিঠি পাঠাবে। আইনি হেফাজত, ক্রসফায়ার কিংবা এনকাউন্টারে কেউ মারা গেলে ২৪ ঘণ্টার মধ্যে তা কমিশনকে অবহিত করার বিষয়টি এ চিঠিতে উল্লেখ করা হবে। ওই ঘটনা কেন ঘটল, কীভাবে ঘটল, কোথায় ঘটল, নিহতের নাম-পরিচয়-ঠিকানা সবকিছুই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। ঘটনা সত্যি কি না, কমিশন তা তদন্ত করে দেখবে। তিনি বলেন, কমিশনের পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। জাতীয় মানবাধিকার কমিশনের আইনেই কমিশনকে এই অধিকার দেওয়া হয়েছে।সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘...বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা করছে, তাদের প্রশিক্ষণটাই হচ্ছে মানুষ হত্যা করা। তাকে তো মানবাধিকার রক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়নি। সে যদি মানবাধিকার রক্ষা করতে যায়, তাহলে তার প্রমোশনই হবে না।’আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক বলেন, ‘স্বচ্ছতা নিয়ে যারা কাজ করছে, প্রতিবেদন দিচ্ছে, তাদের ওপর সরকার হানা দিচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের প্রতিবেদন ভুল। অথচ বিরোধী দলে থাকার সময় এই প্রতিবেদন নিয়েই সরকারি দলের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল।’ইমতিয়াজ আহমেদ বলেন, রাষ্ট্র কখনো চায় না, শক্তিশালী সুশীল সমাজ গড়ে ওঠুক। কিন্তু শক্তিশালী সুশীল সমাজ না থাকলে মানবাধিকার-পরিস্থিতির উন্নতি হবে না। এমনকি রাষ্ট্রও শক্তিশালী হবে না।মূল প্রবন্ধে জগলুল আহমেদ চৌধুরী বলেন, মানবাধিকার নিয়ে রয়েছে বিভ্রান্তি, ক্ষেত্রবিশেষে সাংঘর্ষিক মনোভাব ও মানসিকতা। এটা মানবাধিকারের প্রত্যাশিত উন্নতি ও কার্যকারিতাকে বিঘ্নিত করছে। দেশের সংবিধান মানবাধিকারে অনেক মৌলিক বিষয়ই নিশ্চিত করেছে। তবে সেগুলোর প্রয়োগ ও বাস্তবায়ন কঠিন প্রক্রিয়া। গণমাধ্যম পারে সেই কাজটি সহজ করে দিতে।অনুষ্ঠানে রিলিফ ইন্টারন্যাশনালের এদেশীয় প্রতিনিধি নজরুল ইসলাম বক্তব্য দেন। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শবনম আজিম।