‘প্রধানমন্ত্রীর ওপরে এমন কেউ আছেন যাঁদের জন্য খবর প্রত্যাহার হয়’
সরকারি বার্তা সংস্থা বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) বুধবার সন্ধ্যায় র্যাবের গুলিতে পা হারানো লিমন সম্পর্কে একটি খবর প্রচারের কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয়। এ ঘটনায় অবাক হয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় শাহরিয়ার কবীর বলেন, ‘এ দেশে প্রধানমন্ত্রীর ওপরেও এমন কেউ আছেন, যাঁদের জন্য বাসসের খবর প্রত্যাহার করতে হয়।’মিজানুর রহমান বলেন, ‘গতকাল (বুধবার) থেকে আমার মনটা খুব খারাপ। ওই দিন সন্ধ্যায় বিভিন্ন টেলিভিশনের স্ক্রলে একটি সংবাদ দেখছিলাম, আর বারবার চোখ ডলছিলাম। আমি কি ভুল দেখছি? সেখানে বাসসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের লিমনের বিষয়ে কথা বলতে নিষেধ করেছেন। কারণ কোনো তদন্ত কমিটি এখনো লিমনের বিরুদ্ধে সন্ত্রাসী হিসেবে সম্পৃক্ত থাকার প্রমাণ পায়নি। প্রথম যেদিন পঙ্গু হাসপাতালে পা কাটা লিমনকে দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েছিলাম, আবারও তেমন চোখ দুটি অশ্রুসজল হয়ে পড়ল।’ তিনি বলেন, ‘প্রথম খবরটি পড়ে মনে হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই এ কথা বলা সম্ভব।...মনে হচ্ছিল, এত দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। কিন্তু রাতেই আবার দেখলাম, বাসসের সংবাদটি প্রত্যাহার করা হয়েছে। আমি জানি না কোনটা সত্য। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, নিরীহ লিমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না।’ ‘আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি: ভূমি ও বন অধিকার’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, একটি জাতির আত্মপরিচয় কেড়ে নেওয়ার শক্তি রাষ্ট্রের থাকতে পারে না। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে। রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে একটি কাল্পনিক শত্রু তৈরি করে রেখেছে, একে সরাতে হবে। না হলে এই এলাকা একসময় পূর্ব তিমুর বা বসনিয়া হয়ে যাবে।আলোচনায় মূল প্রবন্ধে অধ্যাপক মেজবাহ কামাল বলেন, ভূমি ও বনের ওপর অধিকারের বিষয়টি আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত। এ জন্য তাদের ভূমির ওপর অধিকারের স্বীকৃতি দিয়ে সংবিধানে ‘সমষ্টিগত মালিকানার’ বিষয়টি সংযুক্ত করা দরকার।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর বলেন, বর্তমান সরকার পাকিস্তানের অনুকরণে দেশে সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও সন্ত্রাসের জমিন তৈরি করেছে। তারা সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম বহাল রাখছে, ইসলামীকরণের বৈধতা দিচ্ছে। বেসরকারি সংস্থা গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) আয়োজিত এই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ। আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংবাদিক সালিম সামাদ প্রমুখ। সঞ্চালক ছিলেন আরডিসির পরিচালক জান্নাত-এ-ফেরদৌসী।