‘প্রফেসর শঙ্কু’ ছবি হচ্ছে
প্রয়াত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় সম্প্রতি জানিয়েছেন, তাঁর বাবার সৃষ্ট প্রফেসর শঙ্কু চরিত্রটি নিয়ে ছবি বানানোর কাজে হাত দিয়েছেন তিনি। অবশ্য ছবিটির নাম ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।এ প্রসঙ্গে সন্দীপ রায়ের উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, প্রফেসর শঙ্কুকে নিয়ে ছবি তৈরি করা হচ্ছে। এ মুহূর্তে ছবির সেট নির্মাণ এবং স্পেশাল ইফেক্টস ও গ্র্যাফিকস নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে।২ মে সত্যজিত্ রায়ের ৯২তম জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন সন্দীপ। অনুষ্ঠানে পশ্চিমা ধ্রুপদি সংগীতের মূর্ছনাও তোলেন তিনি। সত্যজিতের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তাঁর ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবির গুপি চরিত্রটির নামে গুপি গাইন পোর্টাল খোলা হয়েছে।জন্মদিনে শ্রদ্ধা জানাতে কলকাতার বিশপ লেফ্রয় রোডে অবস্থিত সত্যজিত্ রায়ের বাড়িতে হাজির হয়েছিলেন চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের মানুষেরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।