প্রথমবারের মতো শেষ হওয়া ওয়ালটন মহানগর মহিলা ফুটবল লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি। ইতিহাসের অংশ হতে পেরে দারুণ খুশি দলের অধিনায়ক তৃষ্ণা চাকমা প্রথমবারের মতো অংশ নিয়েই চ্যাম্পিয়ন। এখন তো উৎসবের সময়...তৃষ্ণা চাকমা: আমরা এত আনন্দ করছি যে, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এত আনন্দ আমি জীবনেও পাইনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ দেব ফুটবল ফেডারেশনকে। তা ছাড়া যেসব ক্লাব এই লিগে অংশ নিয়েছে তাদেরও ধন্যবাদ। আমরা সব সময়ই চেয়েছিলাম, ইতিহাসে নাম লেখাব। চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করলাম, আমরাই সেরা। আমার জীবনের স্মরণীয় একটা ম্যাচ খেললাম আজ (কাল)। ক্লাব থেকে কি কোনো পুরস্কারের ঘোষণা এসেছে?তৃষ্ণা: না। ক্লাব থেকে এখন পর্যন্ত কোনো পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি। তবে শুনছি, শিগগিরই আমাদের নেপালে নিয়ে যাবে ক্লাব। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলব, সঙ্গে আনন্দভ্রমণও হবে। এই লিগের জন্য শেখ জামাল বেশ আগেই অনুশীলন শুরু করেছিল। এটা নিশ্চয়ই কাজে লেগেছে? তৃষ্ণা: হ্যাঁ। আমরা অনেক আগেই শুনে আসছিলাম, মহিলা লিগ হবে। আসলে ক্লাব কর্তৃপক্ষের এতটাই আগ্রহ ছিল যে তারা অনেক আগে থেকেই দল গোছানো শুরু করে। অনুশীলনও শুরু করে আগেভাগে। এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। বাংলাদেশের মেয়েদের এই ক্লাব ফুটবলকে কীভাবে দেখছেন?তৃষ্ণা: এটা অবশ্যই আমাদের মেয়েদের জন্য একটা ইতিবাচক দিক। আমরা ক্লাব থেকে যে সমর্থন পেয়েছি, সেটা অনেক। টাকা কেমন পেয়েছি সেটা বড় কথা নয়, আমাদের খেলার জন্য যে উৎসাহ দেওয়া হয়েছে, এতেই আমরা দারুণ খুশি। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়ে ক্লাব কি বাড়তি চাপে ফেলে দিয়েছিল?তৃষ্ণা: আগেই বলেছি, আমরা অনেক আগে থেকেই অনুশীলন শুরু করেছি। ক্লাবও চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছে। এটা সত্যি অনেকটা চাপ ছিল আমাদের। চ্যাম্পিয়ন হতে হবে—ভেতরে ভেতরে একটা জেদও ছিল। চ্যাম্পিয়ন হতে পেরে তাই খুব রিলাক্সড লাগছে। আপনি তো প্রথম ভলিবলে ছিলেন, ফুটবল এলেন কীভাবে?তৃষ্ণা: ২০০৪ সালে আমি ভলিবল দিয়ে শুরু করি। তখন আনসারে ছিলাম। বিনোদনের জন্যই তখন ফুটবল খেলতাম। কিন্তু আমার স্কিল, স্ট্যামিনা দেখার পর ফুটবল খেলা শুরু করতে বলা হয়। আমি ২০০৫ সালে প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পাই। সেবার কোরিয়ায় অনূর্ধ্ব-১৭ মহিলা টুর্নামেন্টে খেলি। সেই থেকে শুরু। এরপর থেকে নিয়মিতই খেলে চলেছি। আমার ফুটবলার হওয়ার পেছনে আনসারের অনেক অবদান। পরিবার থেকে কেমন সমর্থন পান? তৃষ্ণা: আমার পরিবার, আত্মীয়স্বজন, এলাকার লোকজন সবাই অনেক সমর্থন করে। আমার কোনো বাধা নেই। নিজেও আর্থিকভাবে পরিবারকে কিছু দিতে পারছি, এটাও আমার জন্য একটা বড় ব্যাপার। এমনকি আমার কলেজের শিক্ষকেরাও খুব সহযোগিতা করেন। স্নাতকে ভর্তি হওয়ার সময় প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। তাই পরীক্ষার সময় আমাকে সবাই সহযোগিতা করেন। আপনার প্রিয় খেলোয়াড় কেউ আছেন?তৃষ্ণা: আমি ডিফেন্ডার। তার পরও আর্জেন্টিনার মেসি এবং ব্রাজিলের মার্তার খেলা খুব ভালো লাগে। ঢাকায় মেসি এলে সারাক্ষণ ওর খেলাই দেখেছি।