‘প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে আলাদা বসব’: স্পিকার
প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে ধরে রাখতে প্রয়োজনে দলটির সঙ্গে আলাদাভাবে বসতে চান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার দুপুরে সংসদ ভবনে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন।শিরীন শারমিন বলেন, ‘স্পিকার হিসেবে শপথ নেওয়ার পরপরই আমি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছি। আমার এই আহ্বান অব্যাহত রয়েছে। গণমাধ্যমে জেনেছি, আগামী বাজেট অধিবেশনে তাঁরা আসবেন। আমি তাঁদের স্বাগত ও সাধুবাদ জানাই।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিরীন শারমিন বলেন, ‘সংসদের স্পিকার যেকোনো বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। প্রয়োজনে বিরোধী দলের সদস্যদের নিয়ে আলাদা করে বসব।’প্রধান দুই দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানে কোনো ভূমিকা রাখবেন কি না, জানতে চাইলে স্পিকার বলেন, ‘সংলাপ অনুষ্ঠানের বিষয়ে দুই রাজনৈতিক দলই মুখ্য। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে সংসদের ভেতরে তারা কোনো আলোচনা করতে চাইলে আমি অবশ্যই ভূমিকা রাখব। কারণ, সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। এখানে সবাই সমান-মর্যাদা নিয়ে কথা বলতে পারেন। তাই সংসদে আলোচনার জন্য আমি দুই দলকেই আমন্ত্রণ জানাই।’বিরোধী দলের উপস্থিতিতে প্রথমবারের মতো সংসদ পরিচালনা করতে কোনো চাপ অনুভব করবেন কি না, জানতে চাইলে স্পিকার বলেন, ‘সংসদ চলে কার্যপ্রণালি বিধি অনুযায়ী। দুই দলের সিনিয়র সদস্যরা থাকবেন। এখানে চাপের কোনো বিষয় নেই।’সংসদের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিক ছাড়াও সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।