‘প্ররোচিত আত্মহত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক তদন্ত শেষে ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যুকে ‘প্ররোচিত আত্মহত্যা’ বলছে পুলিশ। এ মামলার আসামি ফারজানার গাড়িচালক আল আমিন গতকাল মঙ্গলবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মহানগর হাকিম ইসমাইল হোসেন আল আমিনের জবানবন্দি নেন। এর পর তাঁকে কারাগারে পাঠানো হয়।আদালত সূত্র জানায়, আল আমিন তাঁর জবানবন্দিতে ফারজানা ও তাঁর দুই সন্তানের জন্য ঘুমের ওষুধ কেনার কথা স্বীকার করেছেন। এর বাইরে তিনি আর কোনো তথ্য দেননি।মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আল আমিন শুধু ঘুমের ওষুধ কেনার কথা স্বীকার করেছেন। এর আগে যে দোকান থেকে ওষুধ কেনা হয়েছিল, সেই দোকানদারও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে আল আমিনের বক্তব্য প্রতিষ্ঠিত হয়েছে।মামলার তদারককারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, তাঁরা এখন নিশ্চিত যে এটি ‘প্ররোচিত আত্মহত্যা’। এসংক্রান্ত পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণও পাওয়া গেছে। তিনজনের ময়নাতদন্তের প্রতিবেদন ও হাতের লেখা পরীক্ষার প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। এতে প্ররোচিত আত্মহত্যার সাক্ষ্যপ্রমাণ মিলেছে। ফারজানার স্বামী-শ্বশুর, শাশুড়ি, দুই ননদ ও অন্যদের জবানবন্দি থেকে একই তথ্য বেরিয়ে এসেছে। তিনি বলেন, সব ধরনের সাক্ষ্যপ্রমাণ থেকে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি প্ররোচিত আত্মহত্যা।পুলিশ সূত্র জানায়, পারিবারিক বিরোধের কারণেই ফারজানা ও তাঁর দুই সন্তান আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। ফারজানার মৃত্যুর আগে ৬ মে ওই বাড়িতে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকই এ মৃত্যুকে ত্বরান্বিত করেছিল। ওই বৈঠকে ফারজানাকে বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে রাশেদুলের দ্বিতীয় বিয়েতে আপত্তি নেই বলে ফারজানার কাছ থেকে স্ট্যাম্পে সই নেওয়া হয়। এ ঘটনার পরই তারা আত্মহত্যার পথ বেছে নেয়।গত ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা, তাঁর ছেলে ইশরাক পাবন ও মেয়ে রাইসা রাসমিন পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তারা আত্মহত্যা ও পারিবারিক বিরোধের নানা কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে গেছে। এসব লেখায় আসামিদের সবার নাম রয়েছে। এ ছাড়া রাশেদুল কবিরের দ্বিতীয় বিয়েতে ফারজানার আপত্তি নেই—এ কথা লেখা একটি কাগজে জোর করে সই নেওয়া হয় বলে দেয়ালে লেখা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।