‘প্ররোচিত আত্মহত্যা’ হয়ে গেল সম্ভ্রমহানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনের আলমবাগে গৃহবধূ ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় ‘প্ররোচিত আত্মহত্যার’ অভিযোগে এজাহার দেওয়া হয়েছিল কদমতলী থানায়। কিন্তু থানা পুলিশ মামলাটি নিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-ক ধারায় অর্থাৎ ‘সম্ভ্রমহানির কারণে আত্মহত্যা’ হিসেবে। মামলার তদন্তও চলছে সেভাবেই।আইনজীবীরা বলেছেন, এ ধারায় মামলার তদন্ত হলে প্রকৃত আসামিরা সুবিধা পেতে পারেন।ফারজানার ভগ্নিপতি কাজী আরিফ প্রথম আলোকে বলেন, ফারজানার মা মাজেদা বেগম থানায় প্ররোচনার কারণে আত্মহত্যার অভিযোগ করেছেন, পুলিশ তাদের মতো করে মামলা নিয়েছে। যদি মামলার ধারা ভুল হয়, তা পুলিশ করেছে।মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শেখ মাহবুবুর রহমান বলেন, যে ধারায়ই মামলা করা হোক, অভিযোগপত্র সঠিক ধারায় দেওয়া হবে। এতে অপরাধীর ছাড় পাওয়ার সুযোগ নেই।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা তদন্তকালে অন্য কোনো ধারার অভিযোগ পেলে তা সংযোজন করতে পারবেন। মামলার বাদী তাঁর এজাহারের কোথাও সম্ভ্রমহানির কথা বলেননি, তাহলে কেন এ ধারায় মামলা নেওয়া হলো—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, তাই এ ধারায় মামলা নেওয়া হয়েছে।’ফারজানা, তাঁর ছেলে ইশরাক পাবন ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ গত ১১ জুন তাদের বাসা থেকে উদ্ধার করে কদমতলী থানার পুলিশ। এ ব্যাপারে ফারজানার মা আটজনকে আসামি করে ওই দিনই কদমতলী থানায় মামলা করেন। তিনি এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন।এজাহারে বলা হয়, ফারজানার গৃহপরিচারিকা জিন্নাত আরা এসে তাঁকে (মাজেদা বেগম) জানান, ফারজানা ও তাঁর দুই সন্তান পাবন ও রাইসা মারা গেছে। তিনি মেয়ের বাসায় গিয়ে দেখেন, তাঁর মেয়ে ফারজানা ও নাতি-নাতনির লাশ চিৎ ও চেহারা বিকৃত অবস্থায় পড়ে আছে। মৃত্যুর আগে রিতা ও তাঁর সন্তানেরা আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল, মেঝে, বাথরুম ও কাগজে লিখে রেখে যায়। এ ছাড়া পাবন ও রাইসা দেয়ালের লেখায় আত্মহত্যা করতে বাধ্য করার জন্যে তাদের দাদা-দাদি ও বাবাকে দায়ী করে।এ মামলায় রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, রাশেদুলের বাবা সাংবাদিক শফিকুল কবির, মা নুর বানু, দুই বোন সুখন ও কবিতা এবং ভগ্নিপতি দেলোয়ার হোসন পাটোয়ারী, গাড়িচালক আল আমিন ও ওষুধ বিক্রেতা গাফফারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গাফফার ছাড়া বাকিরা এজাহারভুক্ত আসামি। আল আমিন ও গাফফার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নুর বানু জামিনে মুক্ত আছেন। বাকিরা কারাগারে রয়েছেন।পুলিশ কর্মকর্তারা জানান, থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন-০৩) এর ৯(ক) ধারায় মামলাটি নেয়।নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-ক ধারায় বলা হয়েছে, ‘কোনো নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কোনো কার্য দ্বারা সম্ভ্রমহানি হইবার প্রত্যক্ষ কারণে কোনো নারী আত্মহত্যা করিলে উক্ত ব্যক্তি উক্ত নারীকে অনুরূপ কার্য দ্বারা আত্মহত্যা করিতে প্ররোচিত করিবার অপরাধে অপরাধী হইবেন এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক ১০ বৎসর, অন্যূন পাঁচ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় পুলিশ মামলাটি নিতে পারত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ধারায় মামলাটি নেওয়া হয়েছে, তাতে আসামিপক্ষ সুবিধা পেতে পারে। কেননা মামলার এজাহারে ফারজানার শ্বশুর-শাশুড়ি, ননদসহ আটজনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে আনা হয়েছে। কিন্তু পুলিশ যে ধারায় মামলা নিয়েছে, তা হচ্ছে সম্ভ্রমহানির কারণে আত্মহত্যার অভিযোগ।সূত্র জানায়, আত্মহত্যার আগে ৭ জানুয়ারি বাড়াবাড়ি করলে সন্তানদেরসহ তাঁকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ এনে ফারজানা কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন এ বিষয়টি তদন্ত করেছিলেন।আইনজীবীরা জানান, পুলিশ ফারজানার করা জিডি সঠিকভাবে তদন্ত করলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো।