‘প্রশিক্ষণ ও গণসচেতনতাই দুর্যোগ থেকে রক্ষা করতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ প্রশিক্ষণ ও গণসচেতনতাই দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে পারে। ভবনধস বা ভূমিকম্পের মতো দুর্যোগের সময় উদ্ধারকাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক তৈরি করা জরুরি। এটা করা গেলে উদ্ধারকাজ অনেকটা সহজ হবে। ইমারত নির্মাণ বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণ করা হলে ভূমিকম্পের ঝুঁকি অনেকটা হ্রাস পাবে। আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাকক্ষে ‘একটি দুর্যোগসহনশীল বাংলাদেশ নির্মাণ—সপ্তম ডিপিকো কর্মপরিকল্পনা প্রকল্প অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। পপুলেশন সার্ভিসেস ও ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) উদ্যোগে ও ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে নারী কনসোর্টিয়ামের আওতায় অ্যাকশন এইড বাংলাদেশ ও ইকোর সহযোগিতায় এ অনুষ্ঠান হয়। ঢাকা সিটি করপোরেশনের অধীনে ভূমিকম্প ঝুঁকি হ্রাসের লক্ষ্যে একটি দুর্যোগসহনশীল বাংলাদেশ নির্মাণ নামক প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু করার জন্য আজ এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান। বক্তারা বলেন, ঢাকা শহরে প্রতিনিয়ত দুর্যোগের ঝুঁকি বাড়ছে, সে তুলনায় প্রস্তুতি অপ্রতুল। এখানে বড় ধরনের ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগ দেখা দিলে মহানগর ধ্বংসস্তূপে পরিণত হবে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আইনের তোয়াক্কা না করে ভবন তৈরি করা হচ্ছে। এতে প্রয়োজনের তুলনায় কম বালু, সিমেন্ট ও নিম্নমানের ইট দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা নেই। বারবার বলা হলেও কেউ শুনছে না। তিনি বলেন, জাপানে ভূমিকম্প বেশি হলেও সচেতনতা এবং বিধি মেনে ভবন নির্মাণ করায় সেখানে ভবনধস এবং প্রাণহানি কম।নাজমুল আরও বলেন, অ্যাকশন এইড ও পিএসটিসি দুর্যোগ প্রতিরোধে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে, যা প্রশংসনীয়। সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে। তিনি ভূমিকম্পসহ দুর্যোগের সময় উদ্ধারকাজে এখনই প্রস্তুতি নিতে হবে। ঢাকা দক্ষিণের ওই প্রশাসক বলেন, সাভারের রানা প্লাজার মতো রাজধানীর নিউমার্কেট-সংলগ্ন বনলতাসহ পুরান ঢাকার অনেক বিপণিবিতান ঝুঁকির তালিকায়। জেনারেটরের কম্পন ও লোকসমাগম বেশি হওয়ায় এসব ভবন ধসে পড়ার আশঙ্কা করে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বলেন এসব বিপণিবিতান থেকে জেনারেটর নামিয়ে আনার জন্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খান বলেন, নগরবাসী ঝুঁকিতে এখন আতঙ্কিত। সতর্ক না হলে মহানগর ধ্বংস হয়ে যাবে। এখন সবার সতর্ক হওয়ার সময় এসেছে। ঘটনার পর নয়, আগে সতর্ক হতে হবে। তিনি বলেন, বনলতা মার্কেটের দোকান বন্ধ করার ঘোষণা দিলে ব্যবসায়ীরা তা মানতে নারাজ। তিনি ক্রেতাদের ওই মার্কেটে না যেতে অনুরোধ করেন। ফায়ার ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন) আবদুস সালাম বলেন, ভবন নির্মাণে মানসম্মত উপাদান ব্যবহার করা হয় না। ভবনে প্রয়োজনমতো বালু, সিমেন্ট ও রড ব্যবহার করা হয় না। এতে ভবন নড়বড়ে হয়। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ অনেক সরকারি কোয়ার্টার ঝুঁকিপূর্ণ। ৭ দশমিক ৫ রিখটার স্কেলের ভূমিকম্পে ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ পুরোনো ভবগুলো ধসে পড়বে। ‘এ অবস্থা হলে ফায়ারের সদস্যরাও বাঁচবে কি না, তা-ও জানি না। উদ্ধার তো আরও পরের কথা।’ অ্যাকশন এইডের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ আখলাকুর রহমান বলেন, সিটি করপোরেশনকে সম্পৃক্ত করে এলাকা ও ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক তৈরি, তাদের প্রশিক্ষিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে ভূমিকম্প সম্পর্কে করণীয় সম্পর্কে গণসচেতনতা তৈরি করতে হবে। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাকশন এইডের কর্মকর্তা রেজাউল করিম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ঝুঁকি হ্রাস বিশেষজ্ঞ মো. মহিউদ্দিন প্রমুখ।