‘প্রাইভেট কার’ যখন আমজনতার
সংসদ ভবনের পাশের সড়কে সারবেধে দাঁড়িয়ে আছে মানুষ। দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, নড়ার কোনো লক্ষণ নেই। অথচ সামনে দিয়ে কত বাস আসে, কত বাস যায়, কিন্তু তারা কোনো বাসে ওঠে না। ‘কেন?’—অপেক্ষমাণ একজনকে জিজ্ঞেস করতেই তিনি বিরক্তির সঙ্গে বললেন, ‘গাড়ির জন্য অপেক্ষা করতেছি।’ কিসের গাড়ি? কোত্থেকে আসবে—সে কথা জিজ্ঞেস করতে না-করতেই গাড়ি এসে গেল। দেখা গেল, এই গাড়ি মানে ‘প্রাইভেট কার’। একটার পর একটা আসছে, আর এতক্ষণ অপেক্ষা করা লোকজন এক এক করে উঠে বসছে। গাড়িগুলো কাদের? খোঁজ নিয়ে জানা গেল, গাড়িগুলো সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের। এমনকি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িও পাওয়া গেল এই দলে। সংসদ ভবন কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাওয়ার পথে এসব গাড়ি টাকার বিনিময়ে লোকজন পরিবহন করে। শহরের চালু বাংলায় একে বলে ‘খ্যাপ’ মারা।তবে শুধু সংসদ ভবন এলাকাতেই নয়, ঢাকার আনাচে-কানাচে প্রায় সময়ই এভাবে ‘খ্যাপ’ মারতে দেখা যায় গাড়িচালকদের। যারা এসব গাড়ির নিয়মিত যাত্রী, তারা বেশ ভালোমতোই জানে, কোথায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। চালকেরা বেছে বেছে সেই সব জায়গায় এসে গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে দেন। অপেক্ষারত যাত্রীরা অমনি উঠে পড়ে পটাপট। ব্যস, তারপর সোজা গন্তব্যে। ‘পাবলিক বাস’ না ধরে এভাবে অন্যের গাড়িতে ভ্রমণের কারণ কী জানতে চাইলে আগারগাঁওয়ের মো. সামাদ সিদ্দিকী বললেন, ‘প্রাইভেট গাড়িতে গেলে বাসের চেয়ে টাকা একটু বেশিই লাগে, কিন্তু যেতে অনেক আরাম। কোনো ধাক্কাধাক্কি নেই, বসে যাওয়া যায়। তাই হাতে সময় থাকলে অফিস থেকে ফেরার পথে সংসদ ভবন এলাকার এখানে দাঁড়িয়ে থাকি, তারপর প্রাইভেট কারে করেই বাসায় ফিরি।’মিরপুরের বাসিন্দা তায়েব হোসেন বললেন, ‘রাত ১০টার দিকে মিরপুরের গাড়ি কম পাওয়া যায়। তখন দেখা যায় শাহবাগে বিএসএমএমইউর সামনে দাঁড়িয়ে থাকলে দরজা খোলা মাইক্রোবাস সামনে এসে দাঁড়ায়। বাসের চেয়ে ভাড়া একটু বেশি হলেও সিটে বসে আরামে এসির হাওয়া খেতে খেতে বাসায় চলে যাওয়া যায়।’ শেওড়াপাড়ার তৌহিদ জানালেন, প্রাইভেট কারে শুধু যে আরাম তা-ই নয়, চালককে দু-পাঁচ টাকা বেশি ধরিয়ে দিলে মাঝেমধ্যে বাসার সামনেও নামিয়ে দেয়।নিউমার্কেট এলাকায় দেখা গেল, এক যাত্রী রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বারবার বলছিলেন, ‘নিয়া চলেন ভাই, নিয়া চলেন। টাকা বাড়ায়া দিমুনে, নিয়া চলেন।’ চালক প্রথমে একটু আমতা আমতা করলেন, তারপর ঠিকই রাজি হয়ে গেলেন। তবে এ রকমটা কমই ঘটে। বরং উল্টোটাই ঘটে বেশি। যেমন মালিবাগ রেলগেট ধরে একজন হাঁটছিলেন, হঠাৎ তাঁর পাশ ঘেঁষে দাঁড়িয়ে গেল বিশাল এক মাইক্রোবাস। চালক জানালার কাচ নামিয়ে বললেন, ‘উত্তরার দিকে যাইতেছি, যাইবেন? তিরিশ ট্যাকা দ্যাওন লাগব কিন্তু।’ বাংলামোটর মোড়ে তো আরও খোলামেলা দশা, এক চালক রাস্তার পাশে গাড়ি রেখে জানালা দিয়ে গলা বের করে ‘মৌচাক মার্কেট ১০ ট্যাকা, মৌচাক মার্কেট ১০ ট্যাকা...’ বলে চেঁচাচ্ছিলেন। লোকজন ভাড়া নিয়ে আবার তাঁর সঙ্গে দরদামও করছিল।অনেক চালক আবার এই ঝামেলা এড়াতে যাত্রীদের সঙ্গে নিয়মিত বন্দোবস্ত করে নেন। শ্যামলীর বাসিন্দা তানভীর হোসেন এ রকমই এক বন্দোবস্তে একটি মাইক্রোবাসে প্রতিদিন কারওয়ান বাজারে অফিসে আসেন। তিনি জানান, তাঁরা মোট ছয়জন একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়ান। মাইক্রোবাসের চালক স্কুলে গাড়ির মালিকের বাচ্চাকে নামিয়ে দিয়ে ফেরার পথে তাঁদের তুলে নেন। এ জন্য মাথাপিছু দিতে হয় ২৫ টাকা।এভাবে রাস্তা থেকে যাকে-তাকে গাড়িতে তোলা বিপজ্জনক। গাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে, ভেতরের আসন-সাজসজ্জা নষ্ট হতে পারে, এমনকি গোটা গাড়িটাই ছিনতাই হতে পারে। তা সত্ত্বেও অনেক চালকই নিয়মিত এভাবে যাত্রী তোলেন। মালিক টের পেলে চাকরি যায়, টের না পেলে ফাঁকতালে চালকের বেশ ভালোই আয়-রোজগার হয়।