‘প্রায়শ্চিত্ত করার সুযোগ খুঁজছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবানন-যাত্রার আগের দিন মানিকগঞ্জে এমিলির সঙ্গে খেপ খেলতে গিয়ে তীব্রভাবে সমালোচিত হয়েছেন। কাল ঘরের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিছু করার তাগিদ থেকেই এমিলির পাশাপাশি জ্বলে উঠলেন মিঠুন চৌধুরীও। ম্যাচের পর যেন সব লজ্জা-অপমান থেকে মুক্তি পেলেন বাংলাদেশ দলের তরুণ স্ট্রাইকার খেপ খেলার জন্য আপনাদের শাস্তি হতে পারে শোনা যাচ্ছিল। আজ (কাল) লেবাননের বিপক্ষে গোল করে তো মাত করে দিলেন...মিঠুন চৌধুরী: ধন্যবাদ। কিছু একটা করার জেদ ছিল মনে। সেই অনুযায়ী পারফর্ম করতে পেরেছি। আমার ও এমিলি ভাইয়ের জন্য ম্যাচটি ছিল বিশেষ কিছু। সেটা তো জানাই। মানিকগঞ্জে খেপ খেলার কথা তাহলে ভুলতে পারেননি?মিঠুন: ওটা ভোলার মতো ব্যাপার নয়। ওভাবে মানিকগঞ্জ খেলতে যাওয়া ঠিক হয়নি। আমরা ভুল করেছিলাম। সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ খুঁজছিলাম। খুব ভারমুক্ত লাগছে। দেখেই বোঝা যাচ্ছে, আপনি খুব উচ্ছ্বসিত। তার পরও অনুভূতিটা যদি একটু বলেন...মিঠুন: অনুভূতি বলে বোঝাতে পারব না। আমরা একটা কলঙ্ক থেকে মুক্তি পেলাম। আমার জীবনে আর চাওয়া-পাওয়ার কিছু নেই। মনে হচ্ছে, আমি সব পেয়ে গেছি। কী বলেন, সব পেয়ে গেছেন! মিঠুন: সে রকমই তো মনে হচ্ছে। এই কদিন আমরা সারা দিন আল্লাহর কাছে দোয়া করেছি, নামাজ পড়েছি। আল্লাহর রহমত ছিল, আমাদের খালি হাতে ফেরাননি। লেবানন দলটাকে কেমন দেখলেন মাঠে?মিঠুন: ওদের রক্ষণ অত শক্তিশালী ছিল না। আমরা ধরে নিয়েছিলাম, চেষ্টা করলে ওই ডিফেন্স ভাঙতে পারব। ভেবেছি আমি, যদি সুযোগ পাই, স্কোর করব, নইলে করাব। ৯০ মিনিট মাঠে থাকলে কিছু একটা করবই, এমন আশা ছিল।  লেবাননের মাঠে ৪ গোল খাওয়ার পর এখানে আপনারা দিলেন ২ গোল। এখন আফসোস হচ্ছে না, যদি ওখানে আরও কম গোল হতো?মিঠুন: আর বলবেন না! ভীষণ দুঃখ লাগছে। আমরা ৪-৫ দিন ছিলাম লেবাননে। সেখানে অনেক সমস্যা হয়েছে। খাওয়া-দাওয়া ঠিকভাবে করা যায়নি। এক বোতল পানি পর্যন্ত ঠিকভাবে পাইনি। এসব কারণেই ওখানে রেজাল্ট ভালো হয়নি। মাঠে নামার আগে আপনাদের পরিকল্পনা কী ছিল?মিঠুন: সব প্লেয়ার চেয়েছে, দেশের মাটিতে ভালো খেলতেই হবে। আমি আর এমিলি ভাই একটু বেশিই চেয়েছিলাম। নিজেদের সেরাটা দিতে হবে, এই পণ করেই আমরা মাঠে নামি। শুনেছি, আপনার পরিবারও নাকি খুব ভেঙে পড়েছিল?মিঠুন: হ্যাঁ, আমার পরিবার, বন্ধুবান্ধব—সবাই একটু চিন্তায় ছিল। খেপ খেলার পর এখন আমার কী হবে—এ অবস্থায় সবাই আমার জন্য দোয়া করেছে। আমি আমার পরিবারের সঙ্গে যে কথা বলব, সেই মুখ ছিল না। আমার পরিবার আমাকে অনেক কথা বলতে চেয়েছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। কথা বলার মতো মুখ ছিল না আমার।  ম্যাচে কখন বুঝতে পারলেন যে, জেতা সম্ভব?মিঠুন: ১০ মিনিট দেখার পর বুঝেছি, যে জেদ নিয়ে নেমেছি তাতে সফল হতে পারব। গোলটাও তো দারুণ করেছেন...মিঠুন: কোচ বলেছিলেন বক্সের আশপাশে বল পেলে জোরে মারার দরকার নেই। জাস্ট প্লেস করো। মাথা ঠান্ডা রাখো। আমি সেভাবেই মাথা ঠান্ডা রেখে গোলটা করেছি।