বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ ছিলেন দীর্ঘদিন। গত বিশ্বকাপের মাঝামাঝি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় কোচের চাকরি নিয়ে পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। সম্প্রতি ছুটিতে দেশে আসা মোহাম্মদ সালাউদ্দিন কথা বললেন তাঁর মালয়েশিয়ার জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা আর বাংলাদেশের ক্রিকেট নিয়ে মালয়েশিয়ার জীবন কেমন কাটছে?মোহাম্মদ সালাউদ্দিন: ভালো, বেশ ভালো। আমি ক্রিকেট নিয়ে থাকতে ভালোবাসি। কাজের মধ্যেই ছিলাম, খারাপ লাগেনি। ওখানে আপনার কাজের ধরনটা কী?সালাউদ্দিন: আমি আসলে একটা প্রজেক্টের দায়িত্বে আছি। মালয়েশিয়ার সেরা ক্রিকেট-প্রতিভাগুলোকে বাছাই করে এই বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দেওয়া হয়েছে। মালয়েশিয়া জাতীয় দলের ছয়জন ক্রিকেটারও আছে এখানে। ওখানে ক্রিকেট-প্রতিভা কেমন?সালাউদ্দিন: প্রতিভা ভালোই আছে। ওখানে ক্রিকেট-সংস্কৃতিটা তেমন নেই বলে হয়তো ওরা খুব বেশি জানে না। কিন্তু শেখার ইচ্ছায় ঘাটতি নেই। মালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রচুর বিনিয়োগ করছে ক্রিকেটে। মালয়েশিয়ার ক্রিকেট তাই ভালোই এগোচ্ছে। মাঠের বাইরের সময় কেমন কাটছে?সালাউদ্দিন: বাইরে-টাইরে খুব বেশি যাওয়া হয় না। মাঠ ছাড়া বেশির ভাগ সময় নিজের রুমেই থাকি। বই পড়ি, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করি, ক্রিকেট নিয়ে স্টাডি করি। এভাবেই কেটে যাচ্ছে। বাংলাদেশকে কতটা মিস করেন?সালাউদ্দিন: অনেক। মাঝেমধ্যে অনেক কষ্ট লাগে। নিঃসঙ্গ লাগে। নিজের দেশ ছেড়ে কি আর ভালো লাগে? কিন্তু কী আর করা যাবে, এটাই পেশা। মাঠের সময়টুকু আবার খুব ভালো কাটে। জাতীয় দলকে মিস করেন না? টিভিতে খেলা দেখেন বাংলাদেশের?সালাউদ্দিন: করি না আবার! এত দিন ছিলাম দলের সঙ্গে...। ছেলেদের সঙ্গে নিয়মিত কথা হয়। যেখানেই থাকি না কেন, বাংলাদেশের খেলা হলে আমি একটা বলও মিস করতে চাই না। কে কেমন করছে, সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। ওখানে ক্রিকেট চ্যানেলগুলো নিতে অনেক খরচ, আমি এখনো পাইনি। তবে শিগগিরই পেয়ে যাব। এখন খেলা দেখি ইন্টারনেটে। বোর্ডের প্রধান বলেছেন, ভবিষ্যতে সব বিদেশি কোচের সঙ্গে একজন করে স্থানীয় কোচ দেওয়া হবে। সে ক্ষেত্রে সবার আগে তো আপনার নামটাই আসার কথা...সালাউদ্দিন: দেশে কাজ করতে পারলে এর চেয়ে ভালো আর কী হতে পারে! কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে উপায় নেই। ওদের সঙ্গে আমার দুই বছরের চুক্তি। অনেক আশা করে ওরা আমাকে নিয়োগ দিয়েছে, ওদের বিশ্বাসের মর্যাদা রাখার ব্যাপারও আছে। তা ছাড়া আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নতুন একটা দেশকে উঠে আসতে সাহায্য করতে পারার সুযোগ সবাই পায় না। তা ছাড়া আমি ভালো করলে তো আমার দেশের ভাবমূর্তিও ভালো হবে। জেমি সিডন্সের সঙ্গে অনেক দিন কাজ করেছেন, সেই অভিজ্ঞতা কেমন ছিল? কোচ হিসেবে তাঁকে মূল্যায়নই বা কীভাবে করবেন?সালাউদ্দিন: জেমির সঙ্গে ছিলাম, ছিলাম ডেভের (হোয়াটমোর) সঙ্গেও। দুজনের কাছ থেকেই অনেক শিখেছি। অনেকে আমাকে ফিল্ডিং কোচ বলে। ফিল্ডিংয়ের অনেক কিছুই আমি কিন্তু জেমির কাছ থেকে শিখেছি। অনেকেই হয়তো জানে না, ফিল্ডিং কোচ হিসেবে জেমি ছিল অসাধারণ। ওর সহকারী থাকার সময় আমি অনেক স্বাধীনতা পেয়েছি। কোনো কিছু যুক্তি দিয়ে বোঝাতে পারলে ওর পূর্ণ সমর্থন পাওয়া যেত। আর ব্যাটিং কোচ হিসেবে আমি জেমিকে বলব বিশ্বসেরাদের একজন। মানুষ হিসেবেও অসাধারণ। এই দলটাকে আপনি খুব ভালোভাবে জানেন। আপনার মতে পরবর্তী কোচ কেমন হওয়া উচিত?সালাউদ্দিন: আমি মনে করি, এখনো আমাদের প্রয়োজন একজন টেকনিক্যাল কোচ। অনেকে বলতে পারেন জাতীয় দলে কোচের মূল কাজ ম্যান-ম্যানেজমেন্ট বা মানসিকতা নিয়ে কাজ করা। কিন্তু বাস্তবতা হলো, আমরা এখনো ওই জায়গায় যাইনি। অন্যান্য দেশে ক্রিকেটাররা মোটামুটি তৈরি হয়ে জাতীয় দলে আসে। আমাদের এখানে বেশির ভাগ ক্ষেত্রে এসে তৈরি হয়। নিজের অভিজ্ঞতা থেকে বলি, বোলিং গ্রিপ বা ক্যাচিং পজিশনের মতো বেসিক ব্যাপারও আমাকে শেখাতে হয়েছে, অন্যান্য দেশে অনেক ছোট থাকতেই যা শেখানো হয়। কিন্তু আমাদের তো তৃণমূল পর্যায়ে এমন কাঠামো নেই। এই মুহূর্তে টেকনিক্যাল কোচই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত।