‘প্রয়োজনে এক বেলা বাজার করব না’
জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘বিশ্বব্যাংক টাকা দেয় নাই, তাতে কী হয়েছে? আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করব। দরকার হলে এক বেলা বাজার করব না।’আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সাজেদা চৌধুরী এসব কথা বলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তব্যের একপর্যায়ে সাজেদা চৌধুরী বলেন, ‘আমরা কারও তোয়াক্কা করি না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমেরিকা তখনো আমাদের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব। আমরা তোমাদের তোয়াক্কা করব না।’তাঁর বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সাজেদা চৌধুরী বলেন, ‘আমাদের একজন ম্যাডাম আছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। এখন তিনি তত্ত্বাবধায়ক সরকার চান। জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় না। তাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন হবে। আমরা ক্ষমতা থেকে সরে যাব। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে।’নয় বছর পর আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ছাত্রলীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সর্বশেষ ২০০৩ সংগঠনের প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করা হয়। এরপর প্রাথমিক সদস্যপদ দেওয়ার গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা মানেননি কেউ। ফলে বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদেরও মধ্যেও অনেকেরই সদস্যপদ নেই।সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য এনামুল হক শামীম, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।