‘প্রয়োজনে বাইরে থেকে শিক্ষক আনা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষকদের গণপদত্যাগের হুমকি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় কি বাইরের শিক্ষক দিয়ে চলে না? তাদের তো কোনো শিক্ষক নেই। প্রয়োজনে বাইরে থেকে শিক্ষক আনা হবে।’আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুয়েটের উপাচার্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনো গণপদত্যাগ হয় না। এটি প্রতারণা।’গতকাল সোমবার বুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় আন্দোলনরত শিক্ষকেরা গণপদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এ জন্য পদত্যাগপত্রে সই করেছেন তাঁরা। তবে সরকারকে আগামী রোববার বিকেল চারটা পর্যন্ত সময় দিয়ে তাঁরা বলেছেন, এর মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ না করলে ওই দিনই তাঁরা পদত্যাগপত্র জমা দেবেন। বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ সিদ্ধান্তের কথা জানান।এর আগে ২৪ জন ডিন ও বিভাগীয় প্রধান নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। অবশ্য এখনো পদত্যাগপত্রগুলো গৃহীত হয়নি।এদিকে গতকালের সভার সিদ্ধান্ত অনুযায়ী লাগাতার অবস্থান কর্মসূচির পরিবর্তে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বুয়েটের কাউন্সিল ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ডাকে বৈঠকে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বুয়েটের সাবেক উপাচার্য, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা। তাঁরা বলছেন, এ দুজনকে পদে রেখে সমস্যার সমাধান হবে না। তাই তাঁদের যত দ্রুত সম্ভব, সম্মানজনকভাবে সরিয়ে দেওয়া উচিত।বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, এ আলোচনার বিষয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং প্রধানমন্ত্রীকে শিগগির জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বুয়েটের ছাত্র-শিক্ষকদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান।উপাচার্য এস এম নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের অপসারণের দাবিতে গতকালও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। পাশাপাশি তাঁরা দিনভর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।অন্যদিকে প্রশাসনের পক্ষে উপাচার্যপন্থী হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ-সমর্থক শিক্ষার্থীরা বুয়েট শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে গতকাল বিকেলে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে সমাবেশ ও মানববন্ধন করেন। তাঁরা অবিলম্বে বুয়েটের শিক্ষা কার্যক্রম চালু করা এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শিক্ষক সমিতির অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানান।বুয়েটের সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার পরামর্শ দিয়েছেন। কিন্তু বুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে, উপাচার্যের সঙ্গে শিক্ষকেরা আলোচনা করবেন না। এ দাবিতে তাঁরা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমানের কাছে গত রোববার স্মারকলিপি দিয়েছেন।উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে ১৬টি অনিয়মের অভিযোগ তুলে কয়েক মাস ধরেই বুয়েটের শিক্ষক সমিতি আন্দোলন করছে। যদিও উপাচার্য ও সহ-উপাচার্য দুজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।গত ৭ এপ্রিল থেকে শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। লাগাতার ২৮ দিন কর্মবিরতির পর ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা ৫ মে থেকে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন। গত ৯ জুন সমিতির সভায় ৩০ জুনের মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যকে পদত্যাগ করতে সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে তাঁরা পদত্যাগ না করায় ৭ জুলাই থেকে প্রতীকী কর্মবিরতি চলতে থাকে। ১৪ জুলাই থেকে তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।এর মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই থেকে ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করে। এরপর শিক্ষক সমিতি পদত্যাগ শব্দটি বাদ দিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ১১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাঁরা লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে আসছেন।