‘ফল পেতে সময় লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শেষে কঠিন এক পরিস্থিতিতেই ইতালি ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন। চ্যালেঞ্জিং দায়িত্বটা উপভোগই করছেন সিজারে প্রানদেল্লি  ইতালি দলের দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক মাসের অভিজ্ঞতা কেমন আপনার?সিজারে প্রানদেল্লি: এখন পর্যন্ত যা অভিজ্ঞতা, তাতে আমি রোমাঞ্চিত। নতুন চাকরির প্রথম দিন থেকেই আমি জানতাম, আমাদের জটিল একটা পুনর্গঠন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এবং যেসব ম্যাচ হয়েছে, তাতে দারুণ উদ্যমী দেখা গেছে খেলোয়াড়দের। সব মিলিয়ে ফলাফলটা ইতিবাচক। কিন্তু বলা হচ্ছে, ফলাফল পুরোপুরি ইতিবাচক নয়...প্রানদেল্লি: না, সত্যি বলতে কাজটা মোটেও সহজ নয়। এমনটা বলা যেতেই পারে, এখনো তেমন কিছু করে দেখাতে পারিনি আমরা। তবে আমরা মানসিকভাবে এখন অনেক চাঙ্গা। সমর্থক থেকে শুরু করে আমরা সবাই মানসিকভাবে ভালো কিছু করার জন্য উজ্জীবিত। আমাদের সমর্থকদের সঙ্গে অযাচিত দূরত্ব কমিয়ে ফেলাটাকেই অগ্রাধিকার দিয়েছি আমরা এবং আমার মনে হয়, বার্তাটি এরই মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপই দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে, ইতালি দলে নতুন খেলোয়াড় দরকার। আপনি কি মনে করেন, এই মুহূর্তে ভালো ফল এনে দেওয়ার মতো খেলোয়াড় আছে?প্রানদেল্লি: ইতালির ফুটবল-ইতিহাস সমৃদ্ধ। দলের দুঃসময়েও ভালো খেলোয়াড়ের অভাব কখনোই হয়নি। এখন আবারও দেখা যাচ্ছে ভাটার টান। তাই আমারও কাজ পড়েছে ও রকম নতুন কিছু প্রতিভা খুঁজে এনে তাদের জাতীয় দলের দরজা দেখিয়ে দেওয়া। ইতালির ফুটবল অঙ্গনে এখন এমনই ধারণা, জাতীয় দলের পাইপলাইনে আগের মতো প্রতিভাবান খেলোয়াড় নেই। আপনি কী মনে করেন? এটা কি সমাধানযোগ্য?প্রানদেল্লি: পুনর্গঠন শুধু জাতীয় দল থেকেই শুরু করলে হবে না। কাজ শুরু করতে হবে বাচ্চাদের নিয়ে, একেবারে গোড়া থেকে। স্কুলগুলো হতে পারে এ রকম একটা জায়গা। আমার মনে হয়, এই মুহূর্তে ঠিক কাজটাই আমরা করছি। তবে ফল পেতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। স্পেনের সাম্প্রতিক সাফল্য কি তাদের অনুসরণীয় দলে পরিণত করেছে?প্রানদেল্লি: স্পেন যা করেছে, তাতে নতুন বা বিস্ময়ের কিছু নেই। কেননা, জাতীয় যুবদল পর্যায়ে অসাধারণ ফল করে আসছিল তারা বছর কয়েক ধরেই। মূল ব্যাপার হলো, তারা তাদের নীতিতে অবিচল ছিল এবং খেলোয়াড়দের গতি ও সামর্থ্যে আস্থা রেখেছিল। তাদের বিশ্বকাপ জিততে দেখাটা আমার জন্য ছিল আনন্দের এবং আমার মনে হয়েছে, তারা আমাদের জন্য অনুসরণীয় উদাহরণ। শুধু আমাদের জন্যই বা কেন বলি, যেসব দেশ বিশ্বসেরাদের কাতারে থাকতে চায়, তাদের সবার জন্যই। ইতালি কি আবার শীর্ষে ফিরতে পারবে?প্রানদেল্লি: আমরা ব্যবধানটা কমিয়ে আনতে চাই, কিন্তু কাজটি সহজ নয়। আমাদের এখন মূল চেষ্টাটা করতে হবে মানসম্পন্ন ফুটবল খেলতে, সৃজনশীলতা মিশিয়ে খেলা। আমার মতে, এই পথেই আমাদের এগোতে হবে। আপনি যখন বলের দখল রেখে জয়ের লক্ষ্যে খেলতে থাকবেন, জয় আসতে শুরু করবে ঠিক তখন থেকেই। ইতালি কি শিরোপার জন্য তৈরি হয়ে নামতে পারবে ইউরো ২০১২-তে?প্রানদেল্লি: প্রথমে আমাদের চূড়ান্ত পর্বের টিকিট পেতে হবে। এবং তখন যদি আমরা ভেবে বসি আমাদের জন্য কাজটা সহজ হবে, ওটা হবে ভুল। ওই লক্ষ্য অর্জনের জন্য আমাদের মানটাও তুলে ধরতে হবে, দেখাতে হবে দৃঢ়তা। আমরা বাছাইপর্ব পেরোলেই চূড়ান্ত পর্ব নিয়ে ভাবার সময় পাব। তবে আমাদের কেবলই সামনে পড়া বাধাগুলোর দিকেই মনোযোগ দিতে হবে, বাকিটা বলে দেবে সময়। নতুন দায়িত্বে এসে কোন বিষয়টা আপনার ভালো লেগেছে?প্রানদেল্লি: সবচেয়ে ভালো লেগেছে মানুষের সঙ্গে কথা বলে। সমর্থকেরা আমাদের সত্যিই দারুণভাবে নিয়েছে। সত্যিই তারা দলের পেছনে আছে।ফিফাডটকম থেকে ভাষান্তর: পার্থ সরকার