‘ফলপ্রসূ হবে না জেনেই সংলাপে অংশ নিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সরকার সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। তাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা হলে তা গ্রহণযোগ্য হবে না।নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বেলা দুইটায় ব্রিফিংয়ের কথা থাকলেও তা এগিয়ে বেলা একটায় করা হয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার আগে প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন—সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এ বিষয়ে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হলে সে আলোচনায় বিএনপি অংশগ্রহণ করে সহযোগিতা করতে প্রস্তুত।সংলাপের সফলতার ব্যাপারে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হবে না জেনেই আমরা সংলাপে অংশ নিয়েছি। কারণ, রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই সীমিত। তার পরও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি সংলাপে অংশ নিয়েছে।’মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ১৯৯৫ ও ৯৬ সালে বর্তমান রাষ্ট্রপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালুর আন্দোলনের কথা বিএনপির তরফ থেকে তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়। উত্তরে রাষ্ট্রপতি বলেন, তখন তিনি একটি দলের সাধারণ সম্পাদক ছিলেন। এখন নিরপেক্ষ রাষ্ট্রপতি। তাঁর ক্ষমতা একেবারেই সীমাবদ্ধ।সংলাপে বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। এ ব্যাপারে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি এখনো দৃঢ়ভাবে মনে করে, ইভিএম এখনো কারিগরিভাবে ত্রুটিমুক্ত নয়। এই মেশিনে পুনর্গণনা ও নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। কাকে ভোট দেওয়া হচ্ছে, কার অ্যাকাউন্টে এ ভোট জমা হচ্ছে—এর কোনো নিশ্চয়তা নেই। ভোটার যেখানে ভোট দিচ্ছেন, সে স্থানও গোপনীয় নয়। নির্বাচনী কর্মকর্তাদের সামনেই ভোট দিতে হয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতি বাতিলের দৃষ্টান্ত তুলে ধরেন।এ সংলাপ ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে বৈরী সম্পর্কের অবসান ঘটাবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা সরকারের ওপর নির্ভর করবে।’ তিনি জানান, সংলাপে জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বিষয়টি জানিয়েছি। নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানানো বাঞ্ছনীয় ছিল।’আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপ করেন।প্রতিনিধিদলে দলে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আর এ গণি, মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মইন খান, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক।