একসময় ছিলেন দেশের সেরা ব্যাটসম্যান। প্রথমে ফর্মহীনতা, তারপর আইসিএল তাঁর ক্যারিয়ারটাকে ফেলে দিয়েছিল ঝড়ের মুখে। আড়াই বছর পর অবশেষে আরেকটা দাপুটে ফিফটি করলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ইনিংস নিয়ে, ভবিষ্যৎ-বর্তমান নিয়ে কথা বলেছেন শাহরিয়ার নাফীস দীর্ঘদিন পর আরেকটা ওয়ানডে ফিফটি। কেমন লাগছে?শাহরিয়ার নাফীস: আলহামদুলিল্লাহ। আড়াই বছর পর আবার ফিফটি পেলাম। অসাধারণ লাগছে। একসময় তো কল্পনাই করতে পারতাম না, আবার একদিন বাংলাদেশ দলে খেলব। সেই খেললাম, রান করলাম। আল্লাহর অসীম করুণা ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। ফিফটির পর ব্যাটটা পুরোপুরি তুললেন না যে?নাফীস: আসলে চেয়েছিলাম সেঞ্চুরিটা করে ব্যাট উঁচু করে ধরতে। এই ইনিংস দিয়ে কি কিছু প্রমাণ করা হলো?নাফীস: কী, নাফিস বড় দলের বিপক্ষেও রান করতে পারে? ভাই, এসব প্রমাণ করার ইচ্ছা মনে রেখে লাভ নেই। আমি রান করতে পারলে এসব কথা হবে না। আমি যত রান করব, তত আমাকে নিয়ে সমালোচনা কম হবে। ফলে আলাদাভাবে কিছু প্রমাণের কথা না ভেবে রান করে যাওয়াই ভালো। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই ভালো ব্যাটিং করলেন। বিশেষ কোনো রহস্য আছে?নাফীস: পরিশ্রম। আমাদের পুরো দলটাই কিছুদিন ধরে খুব পরিশ্রম করছে। আপনি নিজে তো আলাদাভাবে অনেক সময় ধরে ব্যাটিং অনুশীলন করেছেন...নাফীস: আমি একটু বেশি চেষ্টা করছিলাম। আমি এই সিরিজে সুযোগ পাব, এটাই তো অপ্রত্যাশিত ছিল। কিন্তু যখন সুযোগ পেলাম, তখন ভেবেছি, জীবনে আর কোনো দিন হয়তো সুযোগ নাও আসতে পারে। এবার প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড কাজে লাগাতে হবে। তার মানে এটাকে জীবনের চূড়ান্ত পরীক্ষা বলে ধরে নিয়েছিলেন?নাফীস: নিজের কাছে। চেয়েছি, এই সুযোগে প্রতিটি মিনিট ভালো খেলতে। জীবনে আর কখনো যদি সুযোগ না পাই, তাও যেন এই সময়টা নিয়ে আফসোস করতে না হয়। এই যে হঠাৎ সুযোগ পেলেন। সবাই বলে, তামিমের বদলে দলে এসেছেন, একটু খারাপ লাগে না?নাফীস: খারাপ লাগার তো কিছু নেই। এটাই বাস্তবতা। তামিম সুস্থ থাকলে আমি সুযোগ পেতাম না। ও ইনজুরিতে না পড়লে আমি তো খেলতেই পারতাম না। তবে আমি সব সময় যেটা বলেছি, আমি তামিম হতে পারব না। তামিম তার সেরা খেলা খেলছে। আমি আমার সেরাটা খেলতে পারি। এখন কি মনে হয়, জীবনে কিছু ভুল করেছেন?নাফীস: দেখুন, ভুল করেছি কি না জানি না। তবে কোনো কিছু নিয়ে আফসোস নেই। জীবনে সব সিদ্ধান্তই ভেবেচিন্তে নিয়েছি। আফসোস কেন করব? এই যে দুটি বছর নষ্ট হলো...নাফীস: নষ্ট হয়েছে বলব না। অন্তত দুই দিক থেকে সময়টা কাজে লেগেছে। স্ত্রী-সন্তানকে খুব প্রয়োজনীয় কিছু সময় দিতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা এই সময়ে আমি জীবন নিয়ে ভাবতে পেরেছি। কী করলাম, কেন করলাম; একটু থেমে জীবনটাকে পুনর্মূল্যায়ন করতে পেরেছি। এখন তো একটু পায়ের নিচে মাটি টের পাওয়ার কথা। এখন কী আশা করেন?নাফীস: বলতে পারেন, আমি একটু নিয়তিবাদী হয়ে গেছি। আমি কোনো ফলের আশা করি না। জীবনে কী ফল পাব না-পাব, সে আগে থেকেই ঠিক হয়ে আছে। সে নিয়ে আমার ভাবার অর্থ হয় না। এত নিয়তিবাদী হলে অনুপ্রাণিত হবেন কী করে? স্বপ্ন দেখবেন কী করে?নাফীস: স্বপ্ন তো দেখিই। কিন্তু কোনো ফল নিয়ে চিন্তা করি না। স্বপ্ন দেখব না কেন! আমার আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে। সেটা পূরণের কোনো নিশ্চয়তা নিজেকে দিই না। শুধু কাজ করে যাই।